ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: কিয়েভে দফায় দফায় হামলা, আট জন বেসামরিক ব্যক্তি নিহত বলে খবর
ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় সকাল আটটা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ১১টার পর পরপর অন্তত দুইটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে জানাচ্ছেন কিয়েভে বিবিসি সংবাদদাতা।
এসব হামলায় অন্তত আটজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে ইউক্রেন সরকারের একজন কর্মকর্তা দাবি করেছেন। বেশ কিছু যানবাহন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবার খবরও পাওয়া যাচ্ছে।
বিবিসির একজন সংবাদদাতা যখন টেলিভিশনে সরাসরি খবর দিচ্ছিলেন তখনও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের আঞ্চলিক প্রধান।
ওলেক্সি কুলেবা টেলিগ্রামে শহরটির বাসিন্দাদের পাঠানো বার্তায় বলেছেন, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ প্রতিরক্ষা কাজ করছে, কিন্তু আগে জারি করা 'সতর্কতা' এখনো বহাল রয়েছে।
সর্বশেষ কয়েকমাসে কিয়েভে কোন বিস্ফোরণের ঘটনা ঘটেনি।
তবে ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ কিয়েভের আশেপাশে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। কিন্তু এবারের হামলা কিয়েভের মূল কেন্দ্রের আরো বেশি কাছে বলে ধারণা করা হচ্ছে।
মাত্র দুইদিন আগে রাশিয়ার সাথে অধিকৃত ক্রাইমিয়াকে সংযুক্ত করা একমাত্র সেতুটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই ঘটনা ঘটলো।
তবে মস্কো এখনো এ হামলার ব্যাপারে মন্তব্য করেনি।
এদিকে, আজই ক্রাইমিয়ার ওই সেতুতে বিস্ফোরণের ঘটনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করার কথা রয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, 'সন্ত্রাসীদের ক্ষেপণাস্ত্র কখনো তার দেশের সাহস ধ্বংস' করতে পারবে না।
মি. রেজনিকভ টুইটারে লিখেছেন, রাশিয়ার হামলা 'তার দেশের মিত্রদের মনে কাঁপন' ধরাতে পারবে না।
বিস্ফোরণে একাধিক নিহত
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, শেভচেনকিভস্কি শহরের কেন্দ্রে আঘাত হেনেছে এই বিস্ফোরণ।
দেশটির নামী সাংবাদিক আন্দ্রি সাপলিয়েঙ্কো বলেছেন, বিস্ফোরণে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হবার খবর পাওয়া গেছে।
তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রীর একজন সহকারী ফেসবুকে দেয়া এক পো্টে লিখেছেন কিয়েভে হামলায় অন্তত ৮ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
রোস্তিস্লাভ স্মিরনভ আরো লিখেছেন, বিস্ফোরণে ছয়টি গাড়িতে আগুন ধরে যায়। আরো পনেরটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিশিয়া এবং দনিয়েপ্রোপেত্রভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন মানুষ আহত হয়েছেন।
এতে একটি বহুতল আবাসিক ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, এবং অনেকে হতাহত হয়েছেন বলে জানিয়েছেন জাপোরিশিয়ার গভর্নর ওলেক্সান্ডার স্তারুখ।
গত কয়েক সপ্তাহে শহরটির ওপর একাধিক হামলা হয়েছে, এবং জনা বারো মানুষ নিহত হয়েছেন।
ছবির উৎস, Getty Images
কিয়েভের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান বলেছে, সকালের হামলায় বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে।
কিন্তু হতাহতের সংখ্যা ঠিক কত সে সম্পর্কে স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি।
দুইদিন আগে রুশ-অধিকৃত ক্রাইমিয়া ও রাশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ একটি রেল ও সড়ক সংযোগ সেতু বিশাল এক বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের শব্দ বাড়ছে
কিয়েভ থেকে বিবিসি সংবাদদাতা পল অ্যাডামস জানিয়েছেন, কিয়েভে এখন বিস্ফোরণের আরো শব্দ পাওয়া যাচ্ছে।
শুধু কিয়েভ নয়, ইউক্রেনের বিভিন্ন জায়গা থেকেই এখন বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।
বিবিসি টেলিভিশনের লাইভে পল অ্যাডামস যখন কথা বলছেন, তখনো একটি বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা যায়।
গণমাধ্যমের ওপর দেয়া নিষেধাজ্ঞার কারণে সরাসরি ঘটনাস্থলে হাজির হতে পারেননি সাংবাদিকেরা।
তবে বিভিন্ন সূত্রে সংগ্রহ করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে গাড়ি এবং বাড়িঘরের ধ্বংসস্তূপ দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করা ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে কিয়েভের বিভিন্ন অংশে ভবনের ওপর থেকে ধোঁয়া উড়ছে।
ফেব্রুয়ারির শেষে যুদ্ধ শুরুর প্রথম দিকে রাশিয়া কিয়েভে কয়েক দফা হামলা চালালেও মাঝে বেশ কয়েক মাস রুশ বাহিনী আর হামলা চালায়নি।
কিন্তু এখনকার এই হামলা কিয়েভের আরো কেন্দ্রে এবং আরো ব্যাপক হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট