জামাল খাসোগজি: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন-সালমানের 'শাস্তি' চান নিহত সাংবাদিকের বাগদত্তা
ছবির উৎস, Getty Images
সাংবাদিক জামাল খাসোগজিকে হত্যার দায়ে সৌদি যুবরাজকে 'অবিলম্বে শাস্তি দেয়ার' দাবি জানিয়েছেন মিস্টার খাসোগজির প্রেমিকা ও বাগদত্তা হাতিস চেংগিস।
"এটা শুধু ন্যায়বিচারই নিশ্চিত করবে না...একই ঘটনার পুনরাবৃত্তিও রোধ করবে," এক বিবৃতিতে বলেন তিনি।
জামাল খাসোগজি হত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর হাতিস চেংগিসের পক্ষ থেকে এমন বিবৃতি এলো।
সৌদি আরব ইতোমধ্যেই ওই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।
যুবরাজ মোহাম্মদ বিন-সালমান ওই হত্যাকাণ্ডে তার কোন ধরণের ভূমিকা থাকার কথা প্রত্যাখ্যান করেছেন।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
ছবির উৎস, Getty Images
২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন সাংবাদিক জামাল খাসোগজি।
তার মৃতদেহও খুঁজে পাওয়া যায়নি।
৫৯ বছর বয়সী মিস্টার খাসোগজি একসময় সৌদি সরকারের একজন উপদেষ্টা ছিলেন কিন্তু পরে রাজ পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হলে ২০১৭ সালে তিনি যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসনে যান।
সেখান থেকে তিনি প্রতিমাসে ওয়াশিংটন পোস্টে কলাম লিখতেন, যাতে মূলত সৌদি যুবরাজের বিভিন্ন নীতির সমালোচনা করা হতো।
তবে প্রথম কলামেই তিনি আশংকা প্রকাশ করেছিলেন যে তাকে ভিন্নমত দমনের অংশ হিসেবে গ্রেফতার করা হতে পারে।
হাতিস চেংগিস যা বলেছেন
সোমবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, "একজন নির্দোষ ব্যক্তিকে নিষ্ঠুর হত্যার যিনি নির্দেশ দিয়েছেন সেই যুবরাজকে কোন ধরণের বিলম্ব ছাড়াই শাস্তি দেয়া উচিৎ"।
"যুবরাজকে শাস্তি না দেয়া হলে ..তা আমাদের সবাইকেই বিপদাপন্ন করে তুলবে এবং এটা হবে মানবতার ওপর একটি দাগের মতো"।
মিস চেংগিস একজন তুর্কি শিক্ষাবিদ ও গবেষক।
তিনি বিশ্ব নেতৃবৃন্দকে যুবরাজ থেকে দূরত্বে থাকা এবং সৌদি আরবের ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তি দেয়ার আহবান জানান।
ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি যুবরাজ মোহাম্মেদকে শাস্তি না দেয়ার সিদ্ধান্তের কারণে তার দলের মধ্য থেকেই সমালোচিত হচ্ছেন।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট