বোয়িং ৭৭৭এক্স: বিশ্বের সবচেয়ে বড় টুইন ইঞ্জিনের বিমান প্রথম ফ্লাইট পূর্ণ করলো

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, ২৫২ ফুট লম্বা যাত্রীবাহী জেট বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা বিলম্ব করে আকাশে উড়লো

বিশ্বের সবচেয়ে বড় টুইন-ইঞ্জিন বিমান ৭৭৭এক্স-এর পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে বোয়িং।

গত বছর প্রতিষ্ঠানটির দুটি বিমান বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহীর প্রাণহানির জেরে ৭৩৭ ম্যাক্স বিমান বাজার থেকে সরিয়ে নেয়ার পর নিজেদের সুনাম কিছুটা টেনে তোলার চেষ্টা করছে বোয়িং। এর অংশ হিসেবেই এই পরীক্ষা চালানো হলো।

সিয়াটল থেকে ফ্লাইটটি শুরু হয় এবং চার ঘণ্টা ধরে চলে। প্রবল বাতাস থাকার কারণে চলতি সপ্তাহে এর আগে এ ধরণের দুটি প্রচেষ্টা বাতিল করা হয়।

এমিরেটসের সাথে যুক্ত হওয়ার আগে বিমানটির আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার।

২৫২ ফুট লম্বা যাত্রীবাহী বিমানটি চলতি বছরেই উদ্বোধন করার কথা ছিল কিন্তু কিছু কারিগরি ত্রুটির কারণে তা পেছানো হয়।

বোয়িং এর সফল ৭৭৭ মিনি জাম্বো বিমানের আরো উন্নত ও বড় সংস্করণ হচ্ছে ৭৭৭এক্স বিমানটি।

বিমানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি ডানা ভাঁজ করতে পারবে এবং বাণিজ্যিকভাবে বিশ্বের সবচেয়ে বড় ইঞ্জিন রয়েছে এটির।

"একটি কোম্পানি হিসেবে আমরা যেসব দুর্দান্ত কাজ করতে সক্ষম এই বিমানটি সেটারই প্রমাণ," বলেন ৭৭৭এক্স এর মার্কেটিং পরিচালক ওয়েন্ডি সোয়ার্স।

বোয়িং বলছে যে তারা ৩০৯ টি বিমান বিক্রি করেছে যার প্রতিটির মূল্য ৪৪২ মিলিয়ন ডলার।

বিমানটিতে ৩৬০ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকবে।

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, আগামী বছর এমিরেটসে ফ্লাইট শুরুর আগে বিমানটির আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার।

গত বছর মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুটি ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার পর বোয়িং কিছুটা সংকটে পড়েছে-প্রথমটি হয় ২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ায় এবং পরেরটি হয় গত মার্চে ইথিওপিয়ায়।

অভিযোগ ওঠে যে কাস্টমারদের চাহিদা পূরণ করতে নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত না করেই বিমানগুলো সরবরাহ করা হয়েছে- এমন অভিযোগের পর কয়েক দফা তদন্তের মুখে পড়ে বোয়িং।

বিমানটির আবারো ফ্লাইটের জন্য অনুমোদন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানিটি।

বোয়িংয়ের সবচেয়ে বেশি বিক্রিত বিমান ৭৩৭ ম্যাক্স বাজার থেকে সরিয়ে নেয়ার পর প্রায় ৯ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়ে কোম্পানিটি।

আরো খবর: