স্যুপের বাটিতে মরা ইঁদুর: রেস্টুরেন্টের ক্ষতি ১৯ কোটি ডলার
ছবির উৎস, WEIBO
চীনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এক মহিলা। তখন তিনি অন্তসত্বা। মহিলা স্যুপের বাটিতে পেলেন এক মরা ইঁদুর। এরপর এই রেস্টুরেন্ট চেনের শেয়ারের দাম এতটাই পড়ে গেল যে কোম্পানির মূল্য কমে গেল প্রায় উনিশ কোটি ডলার।
স্যুপের বাটি থেকে মহিলা চপস্টিক দিয়ে মরা ইঁদুর তুলছেন। এই ছবিটি অনলাইনে দ্রুত ছড়িয়ে গেল।
'শিয়াবু শিয়াবু' নামের যে রেস্টুরেন্টে এই ঘটনা, সেটির শাখাটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। রেস্টুরেন্টের ঐ শাখাটি নাকি কাস্টমারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার ইউয়ান (৭২০ ডলার) দিতে চেয়েছিল।
কিন্তু স্থানীয় একটি সংবাদ সংস্থা ঐ মহিলার স্বামীর সঙ্গে কথা বলে জানাচ্ছে, তিনি এই ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেন। কারণ তিনি অন্তসত্ত্বা স্ত্রীর একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করাতে চেয়েছিলেন তার আগে। কারণ মরা ইঁদুর দেখার আগেই কিছু খাবার খেয়ে ফেলেছিলেন তিনি।
মহিলার স্বামী মিস্টার মা অভিযোগ করছেন, রেস্টুরেন্টের একজন কর্মী এমন প্রস্তাবও দিয়েছিলেন যদি পেটের বাচ্চা নিয়ে তারা খুব বেশি উদ্বিগ্ন হন, তাহলে গর্ভপাত করে ফেলতে পারেন। সেই বাবদ রেস্টুরেন্ট তাদের বিশ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেবে।
ছবির উৎস, WEIBO
এই ঘটনার খবর এবং ছবি চীনের সোশ্যাল মিডিয়া সাইট 'ওয়েইবো' তে ছড়িয়ে পড়ে। সেখানে লোকজন এর বিরুদ্ধে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
'আমার মনে হচ্ছে যে বমি হয়ে যাবে। আমি আর জীবনে কখনো হটপটে খেতে যাব না', লিখেছেন একজন।
অন্যান্য খবর:
ছবির উৎস, Getty Images
গত ১১ই সেপ্টেম্বর কোম্পানির শেয়ার গত এক বছরের মধ্যে সবচেয়ে নীচে নেমে যায়। তবে বুধবার থেকে শেয়ারের দাম কিছুটা বাড়তে শুরু করেছে।
আরেক জনের মন্তব্য, "শিয়াবু শিয়াবু ছিল আমার প্রিয় রেস্টুরেন্টগুলোর একটি। আমার ধারণা ছিল তারা বেশ পরিচ্ছন্ন। আমি এটা বিশ্বাসই করতে পারছি না।"
অপর একজন প্রশ্ন করেছেন, "যদি এই মহিলার পেটের সন্তানের কিছু হয়, ওরা কিভাবে তার ক্ষতিপূরণ দেবে? একটা জীবনের দাম কি মাত্র বিশ হাজার ইউয়ান?"
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট