গৃহকর্মী আনার এক সার্ভিস নিয়ে সৌদি আরবে বিতর্ক

ছবির উৎস, Twitter

ছবির ক্যাপশান, বিমান থেকে সোজা মনিবের বাড়িতে পৌছেঁ দেয়ার সার্ভিস চালু রিয়াদ বিমানবন্দরে

বাংলাদেশ সহ বিশ্বের দরিদ্র দেশগুলো থেকে প্রতিদিন শত শত নারী গৃহকর্মী কাজ নিয়ে সৌদি আরবে আসছেন।

এদের বড় অংশই এসে নামেন রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।

রিয়াদ এয়ারপোর্ট কোম্পানি, যারা এই বিমানবন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে, তারা সম্প্রতি একটি সেবা চালু করেছে -- বিমান থেকে গৃহকর্মীদের যার যার মনিবের বাড়িতে পৌঁছে দেবে, তাদের নিতে মনিবদের বিমানবন্দরে আসতে হবে না।

কোম্পানি তাদের টুইটার পাতায় ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে বিমানের দরজা থেকে একজন নারী গৃহকর্মী সোজা ঢুকে যাচ্ছেন গৃহকর্তার বাড়িতে। ঐ বিজ্ঞাপনে তারা লিখেছে, "আমরা আপনার গৃহকর্মীকে বিমান থেকে নিয়ে সোজা আপনার বাড়ি পৌঁছে দেব।"

নতুন এই সেবার তারা নাম দিয়েছে তাওয়াসালাক। শব্দটির অর্থ -- সে (গৃহকর্মী) আপনার কাছে চলে আসবে।

নিয়োগদাতা গৃহকর্তাদের অবশ্যই বড় অঙ্কের ফি গুনতে হচ্ছে।

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, দুজন গৃহকর্মী সাথে নিয়ে বাজার করছেন এক সৌদি মহিলা

টুইটারে অনেক সৌদি নাগরিক এই সার্ভিসের সমালোচনা করেছেন। অনেকেই লিখছেন গৃহকর্মীদের পণ্য হিসেবে গণ্য করা হচ্ছে।

একজন লিখেছেন, "তাদেরকে কি কার্গো হিসাবে দেখা হচ্ছে?" আরেকজন লিখেছেন - গৃহকর্মীরা যাতে বিমানবন্দর থেকে পালিয়ে না যেতে তার জন্যই এই ব্যবস্থা।

সৌদি আরব প্রতি বছর বিদেশ থেকে হাজার হাজার নারী গৃহকর্মী নিয়োগ করে। এদের অধিকাংশ আসে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে।

সৌদি আরবে গৃহকর্মীদের অধিকার, থাকার পরিবেশ নিয়ে নিয়ে বিস্তর সমালোচনা রয়েছে। নিয়োগদাতাদের অনুমোদন ছাড়া তারা চাকরি বদলাতে বা কাজ ছেড়ে নিজের দেশে চলে যেতে পারেনা।

বিবিসি বাংলায় আরো পড়ুন: