পত্রিকা: 'তিন মাসে ব্যাংক থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার'

ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
পড়ার সময়: ৭ মিনিট

এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংক খাত থেকে প্রায় দেড় লাখ কোটি টাকা ঋণ নিতে চায় সরকার। ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে এ ঋণ নেওয়া হবে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত বিল-বন্ডের অকশন ক্যালেন্ডার বা নিলামসূচি ঘোষণা করা হয়।

অর্থ সংকট তীব্র হলে ঘোষিত নিলামসূচির বাইরেও ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে সরকার।

এদিকে, দেশের ব্যাংক খাতের পক্ষে আগামী তিন মাসে সরকারকে দেড় লাখ কোটি টাকার ঋণের জোগান দেওয়া কঠিন হতে পারে বলে মনে করছেন ব্যাংক নির্বাহীরা।

তারা বলছেন, ব্যাংকে আমানতের যে প্রবৃদ্ধি হচ্ছে তার বেশিরভাগই সরকার ঋণ হিসেবে নিয়ে যাচ্ছে। বেসরকারি খাত কয়েক বছর ধরেই ঋণবঞ্চিত।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক খাত থেকে মোট ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণের লক্ষ্য নির্ধারণ করেছিল সরকার।

এই অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যাংক ও আর্থিক খাত থেকে এরই মধ্যে ৬২ হাজার ২৪৬ কোটি টাকার ঋণ নিয়ে ফেলেছে সরকার।

মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা গভর্নরের— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এই যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবিলায় করণীয় জানতে গতকাল বুধবার ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে বৈঠককালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

এ সময় গভর্নর বলেন, বর্তমানে রিজার্ভ ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। আবার কর্মসংস্থানের সংকট রয়েছে। জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হলে উৎপাদন সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে।

সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি করেছে। সব মিলিয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা সৃষ্টি হয়েছে— যোগ করেন তিনি।

ঢাকার অনুরোধে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া— সমকালের প্রথম পাতার শিরোনাম এটি। রাশিয়া থেকে জ্বালানি আমদানির বিষয়ে সাড়া পাওয়ার কথা বলা হয়েছে এতে।

খবরটিতে বলা হয়েছে, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে এ আশ্বাস দেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

গতকাল বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত

করেছে।

জরুরি চাহিদা মেটাতে তৃতীয় কোনো দেশ থেকে রাশিয়ার অপরিশোধিত তেলের বিনিময়ে পরিশোধিত তেল কেনার বিষয়েও দুজন আলোচনা করেন।

দৈনিকটির অনলাইনে এক দিন স্কুল, দোকানপাট রাত ৮টায় বন্ধের চিন্তা শিরোনামের আরেকটি সংবাদে বলা হয়েছে— বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে এক দিন ক্লাস হবে অনলাইনে এবং দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে।

প্রথম আলোর প্রধান শিরোনাম— ৬ গ্রুপের টাকা খুঁজতে ৩৬ চুক্তি।

এই খবরে বলা হয়েছে, দেশের বড় ছয়টি শিল্পগোষ্ঠীর 'পাচার করা' অর্থ ও বিদেশে তাদের সম্পদ খুঁজতে তৎপরতা শুরু হয়েছে।

এই ছয়টি শিল্পগোষ্ঠী হচ্ছে এস আলম, বেক্সিমকো, আরামিট, সিকদার, ওরিয়ন ও নাসা গ্রুপ।

ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা খেলাপি হয়ে পড়েছে, তাদের মধ্যে এই ছয় শিল্পগোষ্ঠীর কাছ থেকে টাকা আদায়ে ইতোমধ্যে বহুজাতিক একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে ৩৬টি অপ্রকাশযোগ্য চুক্তি বা নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে দেশের ১০টি ব্যাংক। মোট চুক্তি হবে ৫৯টি। বাকিগুলো প্রক্রিয়াধীন।

এনডিএর মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামী ৩০ জুনের মধ্যে অর্থ উদ্ধারে বাণিজ্যিক চুক্তি করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

কাজটির সমন্বয় করছে বাংলাদেশ ব্যাংক।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এই প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম নিয়ে প্রশ্ন করা হলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে এর নেপথ্যে কারা জড়িত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের।

গোয়েন্দা পুলিশ তার দেওয়া তথ্য যাচাইবাছাই করছে।

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ মামুন খালেদ গোয়েন্দাদের জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন ডিজিএফআই প্রধান ও র‌্যাবের মহাপরিচালককে গুমের মিশন বাস্তবায়ন করার নির্দেশনা দেন। গুমের পুরো প্রক্রিয়া রেকি ও বাস্তবায়ন করে র‌্যাব-১। আর র‌্যাবকে সহযোগিতা করে ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা।

সব প্রস্তুতি শেষ হওয়ার পর ২০১২ সালের ১৭ই এপ্রিল ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়িচালককে বনানী থেকে গুম করে নেওয়া হয় র‌্যাব-১ সদর দপ্তরে। সেখানে ইলিয়াসকে রেখে জিজ্ঞাসাবাদ করে মারধর করা হয়।

গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, তুলে নেওয়ার পর ১৭ থেকে ২০শে এপ্রিলের কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ফেলে দেওয়া হতে পারে।

আলোচিত এই গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর এর সঙ্গে জড়িত র‌্যাব ও ডিজিএফআইয়ের সকল সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে।

তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেউ কেউ আবার দেশত্যাগ করেছেন। কেউ আগেই গা-ঢাকা দিয়েছেন।

নিউ এইজের প্রধান শিরোনাম— Opposition stages walkout, warns of street protests; অর্থাৎ, বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের হুঁশিয়ারি।

এই খবরে বলা হয়েছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গতকাল বুধবার বিকেলে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এর বিষয়ে যথাযথ প্রতিকার না পাওয়ার প্রতিবাদে তাদের এই ওয়াকআউট।

ওয়াকআউটের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। যা দেশের রাজনীতিতে আন্দোলনের নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দেয়।

জনগণের রায়কে অসম্মান করা হয়েছে বলে এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমানের মতে, জনগণের কাছে যাওয়া এবং আন্দোলন শুরু করা ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।

এজন্য জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট কর্মসূচি চূড়ান্ত করতে শিগগিরই বৈঠকে বসবে।

দ্য ডেইলি স্টারের দ্বিতীয় প্রধান শিরোনাম— Eastern Refinery nears temporary shutdown; অর্থাৎ সাময়িক বন্ধের দ্বারপ্রান্তে ইস্টার্ন রিফাইনারি।

এই খবরে বলা হয়েছে, অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইস্টার্ন রিফাইনারির একাধিক কর্মকর্তার তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ পর্যন্ত সেখানে অপরিশোধিত তেল ছিল ৩০ হাজার ৫০০ টনের মতো। যা পরিশোধন করতে মূলত ছয় দিন লাগতে পারে।

তবে তেলের মজুত কমে আসায় পরিশোধনের পরিমাণ কমিয়ে দিনে তিন হাজার ৭০০ টনে আনা হয়েছে।

গেলো মার্চ মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট দুই লাখ টন অপরিশোধিত তেলের দুইটি চালান আসার কথা ছিল। কিন্তু ইরান যুদ্ধের কারণে সেগুলো বাংলাদেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। আর তাতে এই সংকট দেখা দিয়েছে।

এছাড়া, আরও একটি জাহাজ বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে।

নয়া দিগন্তের প্রথম পাতার শিরোনাম— এ বছর তাপমাত্রা আগের রেকর্ড ভাঙতে পারে

এতে বলা হয়েছে, বিগত বছরের মতো এবারো রেকর্ড তাপমাত্রা হতে পারে। সৃষ্টি করতে পারে নতুন রেকর্ড।

বেসরকারি গবেষণা বলছে, সামনের চার বছরের মধ্যে ৪৫ ডিগ্রি এবং ২৫ বছরে গরমের মাত্রা ৪৬ ডিগ্রি ছাড়াবে। আর ৩৪ সালের দিকে আরেকটি চরম তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

১৯৯৫ সালের পহেলা মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর বিগত কয়েক বছর ধরে বিরাজ করছে অসহনীয় তাপমাত্রা। যার ধারাবাহিকতায় বিগত বছরে তাপমাত্রা ৪১ ডিগ্রি অতিক্রম করেছে।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার বলেছেন, যে কয়েকটি কারণে তাপমাত্রা বাড়ছে তার অন্যতম হলো সবুজায়ন ধ্বংস, নদী, পুকুর খাল বিল ও জলাশয় কমে আসা ছাড়াও বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় কারণ।

ইত্তেফাকের দ্বিতীয় প্রধান শিরোনাম— হামের টিকা রবিবার থেকে, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

এই সংবাদে বলা হয়েছে, আগামী রোববার থেকে হামের জরুরি টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।

দেশের যেসব উপজেলায় শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে, শুরুতে ওইসব উপজেলা থেকে এই টিকা কার্যক্রম শুরু হবে।

এজন্য সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আগে ৯ মাস থেকে ১৫ মাস বয়সীরা এই টিকা পেলেও এই বিশেষ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত শিশু-কিশোরেরা এই টিকা নিতে পারবে।

দেশ রূপান্তরের প্রথম পাতার খবর— হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই

এই খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে পার হওয়ার জন্য অনুমতি দেবে ইরান। জাহাজগুলোকে সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে অনুমতি দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ।

আর এই জলপথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই।

গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।

তিনি এ সময় জানান, বাংলাদেশ সরকার ছয়টি জাহাজের ব্যাপারে ইরান সরকারকে জানায় এবং হরমুজ প্রণালি পার হতে দেওয়ার জন্য অনুরোধ করে। জাহাজগুলো সম্পর্কে ইরান সরকারের কাছে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আগে না দেওয়ায় শনাক্ত করা যায়নি। গত সপ্তাহে সেগুলোর তথ্য পেয়েছে তেহরান।

জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশে জ্বালানি-সংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি ইরান লক্ষ্য করছে। ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানি-সংকটে না পড়ে, ইরান সে দিকে নজর রাখছে। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল ইরান অব্যাহত রাখবে।