ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে ম্যাক্রঁ-ল পেন তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস
ছবির উৎস, Getty Images
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটাভুটিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ২৭.৮৪ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী মারিন ল পেনের চেয়ে এগিয়ে আছেন বটে - কিন্তু খুবই স্বল্প ব্যবধানে।
তাদের দু'জনকে এখন দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এবং সেই পর্বে ভোটের হিসেব-নিকেশ এমনই যে - শেষ পর্যন্ত কে যে নতুন প্রেসিডেন্ট হিসেবে এলিসি প্রাসাদে ঢুকবেন তা বলা যাচ্ছে না।
সবশেষ এক জনমত জরিপে দেখা যাচ্ছে যে ইমানুয়েল ম্যাক্রঁ ৫১ শতাংশ সমর্থন পেয়ে মারিন ল পেনের (৪৯%) চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।
কিন্তু তা সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় রাউন্ডে মি. ম্যাক্রঁ যে জিতবেনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, এবং এই প্রথমবারের মত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে মারিন ল পেন হয়তো জিতে গেলেও যেতে পারেন।
কে কত ভোট পেয়েছেন সেদিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট বোঝা যায়।
মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রঁ পেয়েছেন ২৭.৮৪ শতাংশ ভোট। ডানপন্থী ন্যাশনাল র্যালির মারিন লা পেন পেয়েছেন ২৩.১৫ শতাংশ ভোট। কট্টর বামপন্থী মেলেশঁ পেয়েছেন ২১.৯৫ শতাংশ। কট্টর ডানপন্থী এরিক জিমুর পেয়েছেন ৭.০৭ শতাংশ। রিপাবলিকান ভ্যালেরি পেক্রেস পেয়েছেন ৪.৭৮ শতাংশ, গ্রিনসের ইয়ানিক জাদো ৪.৬৩ শতাংশ। অন্য প্রার্থীরা ভোট পেয়েছেন এরও কম।
ছবির উৎস, Getty Images
সহজ কথায় - যেহেতু দ্বিতীয় দফা নির্বাচনে দু'জন মাত্র প্রার্থী - তাই আগামী ২৪শে এপ্রিল যদি ম্যাক্রঁবিরোধী সব ভোট মারিন ল পেনের বাক্সে পড়ে তাহলে মি. ম্যাক্রঁ হেরে যেতে পারেন।
তবে তৃতীয় স্থান পাওয়া জঁ-লুক মেলেশঁ তার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তারা যেন দ্বিতীয় পর্বে কোনভাবেই মিজ ল পেনকে ভোট না দেন। এরকম মেরুকরণ অন্য দলের ভোটারদের মধ্যেও হতে পারে এবং এগুলোর ওপরই নির্ভর করবে দ্বিতীয় দফায় কি ফল হয়।
এখন শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটের প্রচারণা।
এর শুরুতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এখন দেশের উত্তরাঞ্চল সফরে গেছেন। প্রধান প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী রাজনীতিক মারিন ল পেনকে হারাতে ভোটারদের সমর্থন আদায়ে তার হাতে মাত্র ১২ দিন সময় রয়েছে।
যে অঞ্চলটি মি ম্যাক্রঁ সোমবার সফর করছেন সেখানে মিজ ল পেনের বড় ধরণের সমর্থন রয়েছে।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট