লাইভ, হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা, বলছে ইরান
সফল উড্ডয়নের পর আর্টেমিস–২ দলের মহাকাশচারীরা এখন পৃথিবীর কক্ষপথে ঘুরছেন এবং তাদের মহাকাশযানে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘নগণ্য’অভিহিত করে ‘আরও ব্যাপক’ জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
ইরানের কারাজ শহরে ব্যাপক হামলা
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে।
একাধিক সূত্র ইরান থেকে বিবিসিকে খবরটি জানিয়েছে।
তেহরানে অবস্থানরত একটি সূত্র জানায়, তার বাসার ওপর দিয়ে ফাইটার জেট উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে।
ইরানের স্থানীয় গণমাধ্যমও কারাজে হামলার খবর প্রকাশ করেছে।
শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে জামায়াত জোট
ছবির উৎস, BNP Media Cell
সংবিধান সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে
১১ দলীয় জোট সংসদের বাইরে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে
বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে এই জোট।
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ দলীয় জোটের লিঁয়াজো কমিটির বৈঠক
অনুষ্ঠীত হয়। সেই বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী হামিদুর রহমান আযাদ
সাংবাদিকদের তাদের বিক্ষোভ কর্মসূচির তথ্য জানান।
বৈঠকে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদের সঙ্গে উপস্থিত
ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ
আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির
(জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার
পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান)।
প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত ৪৮টি
সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন হয় গণভোট। সেই ভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়।
রোববার সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির
শফিকুর রহমান কার্যপ্রণালী-বিধির ৬২ বিধি অনুসারে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি
প্রস্তাব উত্থাপনের নোটিস দেন।
এই প্রস্তাব নিয়ে
মঙ্গলবার সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরদিন জামায়াতের নেতৃত্ব বিরোধীদলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
এখন এই জোট বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করল।
ইরানে বড়-সড় হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, আসন্ন কয়েক সপ্তাহে ইরানে বড়-সড় হামলা চালানো হবে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, "সামরিক উপায়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এবং এই সংঘাতকে আরও বড় করে তোলা কোনো পক্ষের জন্যই ভালো নয়।"
এসময় তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখমাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পেছনে "ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক অভিযানের ভূমিকা রয়েছে।"
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান, শপিংমল বন্ধের সিদ্ধান্ত
ছবির উৎস, NurPhoto
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে ঢাকা সহ সারাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মাঝে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সরকারকে সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল সন্ধ্যা ৮ ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।”
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান ও কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।
হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে 'সম্পর্কহীন' জাহাজের জন্য খোলা, বলছে ইরান
ছবির উৎস, Anadolu via Getty Images
ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি- যেটি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, সেসব জাহাজের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে, যেগুলো “আগ্রাসীদের নয় এবং তাদের সঙ্গে সম্পর্কিতও নয়”।
টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, “আমাদের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর” জাহাজগুলোকে প্রণালি দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে।
ছড়িয়ে পড়া সংঘাতের প্রসঙ্গে ইসমাইল বাঘাই বলেন, ইরান “যুদ্ধ, আলোচনার পর্ব, যুদ্ধবিরতি—এমন এক দুষ্টচক্র” সহ্য করবে না।
জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
“তারা বললো চলুন থামি, আমরা থামলাম; আর নয় মাস পর তারা আবার শুরু করল,” বলেন বাঘাই।
ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল “তুচ্ছ” লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, সামনে আসছে “বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী” আঘাত।
আইআরজিসি-সংশ্লিষ্ট তাসনিম সংবাদমাধ্যম এবং আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, এই দুই দেশ তেহরানের সামরিক সক্ষমতা ও সরঞ্জাম সম্পর্কে “অসম্পূর্ণ” তথ্য রাখে।
মুখপাত্র আরও বলেন, ইরানের সামরিক উৎপাদন “এমন জায়গায় হয়, যার ব্যাপারে আপনাদের কোনো ধারণাই নেই” এবং তিনি ট্রাম্পের সেই দাবি প্রত্যাখ্যান করেন যে ইরানের অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে “আপনাদের শুরু করা আগ্রাসনের মূল্য দিতে হবে।”
আর্টেমিস-২ এর চার নভোচারী কারা
ছবির উৎস, NASA / EPA / Shutterstock
ছবির ক্যাপশান, উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে: ভিক্টর গ্লোভার, জেরেমি হ্যানসেন, রিড ওয়াইজম্যান এবং ক্রিস্টিনা কচ
আর্টেমিস-২ মিশনের কমান্ডার হলেন রিড ওয়াইজম্যান, যিনি একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। ২০০৯ সালে তিনি নাসার নভোচারী হন এবং ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১৬৫ দিন কাটান।
মহাকাশযানের পাইলট ভিক্টর গ্লোভার ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছিলেন এবং স্পেসএক্স ক্রু ওয়ান মিশনের পাইলটও ছিলেন। চাঁদের মিশনে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হলেন তিনি এবং তার তিনটি মাস্টার্স ডিগ্রি রয়েছে।
মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ ২০১৩ সালে নভোচারী হন। এরপর তিনি একটানা ৩২৮ দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশযাত্রার রেকর্ড গড়েছেন। এবারের মিশনের বদৌলতে চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারীও হতে যাচ্ছেন তিনি।
এই মিশনের স্পেশালিস্ট হিসেবে আছেন জেরেমি হ্যানসেন। তিনি-ই সর্বপ্রথম কানাডীয়, যিনি চাঁদে যাচ্ছেন। এর আগে নাসার অ্যাকোয়ানট হিসেবে কাজ করার সময় তিনি সাত দিন পানির নিচে অবস্থান করেছিলেন।
নাসা ৫০ বছর পর চাঁদের উদ্দেশে নভোচারী পাঠিয়েছে যে কারণে
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, আর্টেমিস ২ মিশনের মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে
যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের মাধ্যমে ১৯৬৯ সালের জুলাই মাসে প্রথমবার মানুষের চাঁদে অবতরণের পর ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। দীর্ঘ পাঁচ দশক পর ফের মানুষকে চাঁদে পাঠিয়েছে নাসা।
আজ দোসরা এপ্রিল অবশেষে নাসা’র আর্টেমিস-২ মিশনের মধ্য দিয়ে চাঁদের উদ্দেশে রওনা দিলেন চার নভোচারী। এতে তিনজন মার্কিন ও একজন কানাডীয় নভোচারী রয়েছেন।
তবে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা এবার সরাসরি চাঁদে অবতরণ করবেন না। বরং, আগামী ১০ দিনের এই অভিযানে তারা ভবিষ্যতে মানুষের চাঁদে অবতরণের পথ প্রস্তুত করবেন।
চাঁদের যে অংশ পৃথিবী থেকে দেখা যায় না, সেই অংশ থেকে ৬৪০০ মাইল দূর দিয়ে উড়বেন তারা। সেখানে তারা তিন ঘণ্টা অবস্থান করবেন এবং বিভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ ও ছবি ধারণ করবেন।
এছাড়া, তারা ফিরে আসার পর তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপরও নজর রাখা হবে, মানুষের শরীর ও মনের ওপর মহাকাশ ভ্রমণের প্রভাব কতটা, তা বোঝা যায় এবং ভবিষ্যতের মিশনগুলো আরও নিরাপদ করা যায়।
এই চার নভোচারী নিরাপদে ফিরে আসতে পারলে নাসার লক্ষ্য হলো ২০২৮ সালের মাঝে পরবর্তী মিশনের আয়োজন করা এবং মানুষকে ফের চাঁদের বুকে নামানো।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর
রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অনুরোধ করেছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
"এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের (ইরানের) যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে ব্যাপারে আমাদের (ইরানের) কিছু কষ্টের জায়গা আছে" বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশি নিহত হন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “নতুন শাসনব্যবস্থার প্রেসিডেন্ট” যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির এই অনুরোধের দাবিটি অসত্য এবং ভিত্তিহীন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের 'সদিচ্ছা' রয়েছে।
হরমুজ প্রণালি ইরানের “শত্রুদের জন্য” বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”
অন্যদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য একটি কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ৩৫টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার সবশেষ লিখিত বার্তায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার একটি সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি সম্পর্কে এক প্রশ্নের জবাব দেন। বলেন, “চাপ যেমনই হোক, আওয়াজ যেমনই হোক, আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী— এবং আমাকে আমাদের জাতীয় স্বার্থেই কাজ করতে হবে।”
নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান বুধবার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান ৩৫টি ড্রোন হামলা চালিয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ১৩০টির বেশি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল গত বুধবার সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার প্রভাব এপ্রিলে আরও বাড়বে। বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচল মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ায় এটি পর্যায়ক্রমে ইউরোপীয় অর্থনীতিতে বড় আঘাত হানবে।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন কমিশনের ‘ফর্ম ৬’ নথির মাধ্যমে অন্য রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তোলার একটি ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।