মোহাম্মদ শাহজাদ: বিপিএলের মাঠে ধূমপান করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার
ছবির উৎস, Getty Images
বাংলাদেশের প্রিমিয়ার লীগের একটি ম্যাচে ক্রিকেট মাঠে ধূমপান করে শাস্তির মুখে পড়েছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদ। মিরপুরের ক্রিকেট মাঠে দাঁড়িয়ে শুক্রবার ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করায় তাকে সতর্ক করে দিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিনিস্টার ঢাকার ক্রিকেটার শাহজাদকে বিসিবির লেভেল ওয়ান কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।
সেই সঙ্গে শাহজাদের শৃঙ্খলার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
বঙ্গবন্ধু বাংলাদেশে প্রিমিয়ার লীগ টি টুয়েন্টি ২০২২ এর শুক্রবার দ্বিতীয় ম্যাচে ম্যাচে মিনিস্টার ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়াসের মুখোমুখি হওয়ার কথা ছিল।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট মাঠে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হয়। শেষ পর্যন্ত খেলাটি বাতিল হয়। কিন্তু মাঝে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলে যখন কর্মীরা মাঠ পরিচর্যার কাজ শুরু করেন, সেই সময় আরও ঢাকা ও কুমিল্লার কয়েকজন ক্রিকেটারের সঙ্গে মাঠে প্রবেশ করে শাহজাদ।
তখন সাজঘরের সামনে দাঁড়িয়ে অন্য দুই আফগান ক্রিকেটারের সাথে গল্পরত মোহাম্মদ শাহজাদকে ভেপ বা ই-সিগারেট থেকে ধূমপান করতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকার প্রধান কোচ মিজানুর রহমান বাবুল এবং বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে তার কাছে এগিয়ে এসে ধূমপান করতে নিষেধ করেন। "সেই সময় তার চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেলেও ই-সিগারেট ব্যবহার বন্ধ করেন", বলা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারে প্রকাশিত খবরে।
খেলা চলাকালীন মাঠে ধূমপান করা ক্রিকেটের আইনের পরিপন্থী।
ধূমপান ছাড়তে বা ধূমপানের বিকল্প হিসাবে অনেক ভেপ বা ই-সিগারেট ব্যবহার করেন। যদিও এটির ব্যবহার নিয়েও বিতর্ক রয়েছে।
বিসিবি জানিয়েছে, মোহাম্মদ শাহজাদ তার এই শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ নিয়ে পরবর্তী আর কোন শুনানির দরকার হবে না।
ছবির উৎস, Getty Images
লেভেল ওয়ান অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা। তবে এ ধরনের অপরাধে একজন ক্রিকেটারের সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফি'র অর্ধেক জরিমানা এবং রেকর্ডে এক বা দুই পয়েন্ট ডিমেরিট যোগ করা।
মাদকের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন একবার
আফগানিস্তানের এই ক্রিকেটারের পুরো নাম মোহাম্মদ শাহজাদ মোহাম্মাদি। তিনি শেহজাদ মোহাম্মদি নামেও পরিচিত।
৩৫ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান ও উইকেটকিপার পরিচিত হয়ে উঠেন ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ বাছাইপর্বের খেলায়। প্রাথমিকভাবে চার বছরের জন্য আফগানিস্তানের ওয়ানডে স্ট্যাটাস পেতে সুপার এইটের খেলায় তাদের অন্তত একটি জয় দরকার ছিল। নামিবিয়ার বিপক্ষে ৭৩ রান তুলে জয়ে বড় ভূমিকা রাখেন শাহজাদ।
ওয়ানডের বাইরে টি টোয়েন্টিও দক্ষতা প্রমাণ করেছেন শাহজাদ। ওয়ানডেতে তার সর্বোচ্চ রান ১৩১ এবং টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান ১১৮। আফগানিস্তানের হয়ে তিনি ৮৪টি ওয়ানডে আর ৭০টি টি টোয়েন্টি খেলেছেন।
২০১৭ সালের জানুয়ারি মাসে একদিনে দুইটি টি টোয়েন্টি ম্যাচে দুইটি অর্ধ শতক করেন শাহজাদ। ওমান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয় পেতে তার অর্ধ শতক ভূমিকা রাখে।
তবে পরবর্তীতে জানা যায়, আগের দিন একটি ড্রাগ টেস্টে ধরা পড়ে যে, তিনি নিষিদ্ধ উপাদান ক্লিনবুটেরল পাওয়া গেছে। তবে মোহাম্মদ শাহজাদ দাবী করেছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবে কোন মাদক নেননি, ওজন কমাতে তিনি যে ওষুধ ব্যবহার করেন, তার মধ্যে এই উপাদান থাকতে পারে।
সেই বছরের এপ্রিল মাসে তাকে সাময়িক নিষিদ্ধ করা হয়। ২০১৮ সালের জানুয়ারি থেকে তিনি আবার ক্রিকেটে নিয়মিত হওয়ার সুযোগ পান।
বিপিএলে তিনি এর আগে মিনিস্টার গ্রুপ ঢাকার বাইরে চিটাগাং ভাইকিংস, রংপুর রেঞ্জার্স, শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট