আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, নেটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, আবার যুদ্ধ শুরু হবে না - শত্রুপক্ষের কাছ থেকে এমন গ্যারান্টি পেলে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য তেহরানের 'সদিচ্ছা' রয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. নেটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

    নেটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি "গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন" মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

    প্রতিবেদন অনুযায়ী, নেটো জোটকে "কাগুজে বাঘ" বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি নেটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি "পুনর্বিবেচনার বাইরে" চলে গেছে।

    ট্রাম্প আরও বলেন, "আমি কখনোই নেটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।"

    এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, "এমনকি, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।"

  2. হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা করেছেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক নেতৃবৃন্দকে নিয়ে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার।

    ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে এই গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক রুটে বাধা সৃষ্টি হয়ে বৈশ্বিক জ্বালানির দাম বেড়েছে।

    স্টার্মার আবারও বলেছেন যে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়বে না।তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মোকাবিলার সর্বোত্তম উপায় হলো উত্তেজনা প্রশমনে চাপ দেওয়া এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে নিশ্চিত করা।

    তিনি বলেন, সম্ভাব্য সব ধরনের কূটনৈতিক পথই অনুসন্ধান করা হচ্ছে।

  3. ইসরায়েলে তৃতীয়বারের মতো হামলার দাবি হুথিদের

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, তারা ইসরায়েলের ওপর তৃতীয় দফা হামলা চালিয়েছেন।

    ইয়াহিয়া সারেয়া এক ভিডিও বিবৃতিতে বলেন, ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে “ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তুতে” ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

    বার্তা সংস্থা রয়টার্স এই বিবৃতির অনুবাদ করেছে।

    তিনি আরও জানান, ইরান ও হেজবুল্লাহর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

    এই সপ্তাহের শুরুতে ইসরায়েলের দিকে প্রজেক্টাইল নিক্ষেপের মাধ্যমে গোষ্ঠীটি প্রথমবারের মতো এ সংঘাতে যোগ দেয়।

  4. বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমোদন ইরানের

    হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

    আজ বুধবার ঢাকার ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    রাষ্ট্রদূত বলেন, "আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।"

    তিনি আরও জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে।

    জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, "এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবো।"

  5. সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষে বাংলাদেশি নিহত

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলের আল রিফা এলাকায় ইরানের ছোড়া ড্রোনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে প্রতিহত করার পর ড্রোনের ধ্বংসাবশেষ একটি খামারে পড়ে এবং সেখানে এক বাংলাদেশি নিহত হন।

    ফুজাইরাহ মিডিয়া অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে খবরটি জানায়।

    গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত এক হাজার ৯৭৭টি ড্রোন এবং ৪৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  6. যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সবশেষ অবস্থান সম্পর্কে যা জানা যাচ্ছে

    ইরান "আগামী বহু বছরেও" পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এ বিষয়ে নিশ্চিত হলেই যুক্তরাষ্ট্র "দুই থেকে তিন সপ্তাহের মধ্যে" ইরান "ছেড়ে যাবে" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেন, ইরান তাদেরকে "চুক্তির জন্য অনুরোধ করছে", কিন্তু চুক্তি হোক বা না হোক, সেটি যুক্তরাষ্ট্রের নির্ধারিত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ নয়।

    ওভাল অফিসে দেওয়া বক্তব্যে তিনি এ সব বলেন। এ বিষয়ে আজ বুধবার রাতে জাতির উদ্দেশে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।

    অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তার দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত।

    ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি আবার বলেছেন, "হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, তবে যুক্তরাষ্ট্রের জন্য নয়।"

    এসব বক্তব্য-পাল্টা বক্তব্যের মাঝে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

    ইসরায়েলের তেল আবিবের বাইরে রাতভর হামলায় আহতের খবর পাওয়া গেছে।

    এর বাইরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, যেমন - কাতারের উপকূলে একটি ট্যাংকারে হামলা করা হয়েছে এবং ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হয়েছেন।

  7. ইসরায়েলে ইরানি হামলা, আহত বেড়ে ১৪

    ইসরায়েলের তেল আবিব শহর থেকে কিছুটা দূরবর্তী স্থানে ইরান হামলা চালিয়েছে।

    সেই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়ে এবং ১৩ বছর বয়সী এক ছেলে রয়েছে।

    ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, মেয়েটি শার্পনেলের আঘাতে আহত হয়েছে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

    আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও জানিয়েছে, ইরানের আরেক দফা হামলার পর নতুন করে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  8. ‘হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, তবে আপনাদের জন্য নয়’- ট্রাম্পকে ইরানের এমপি

    ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান এব্রাহিম আজিজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, “হরমুজ প্রণালি অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়; এটি শুধু তাদের জন্য খোলা থাকবে, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে।”

    তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে যে “৪৭ বছরের আতিথেয়তা ছিল, তা চিরদিনের জন্য শেষ” এখন।

    আজিজি আরও বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত তার ইরানের ‘শাসন ব্যবস্থা পরিবর্তনের’ স্বপ্ন পূরণ করেছেন। তবে এই পরিবর্তন কেবল এই পুরো অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রে এসেছে।

    এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

  9. ইরান ও উপসাগরীয় দেশের কোথায় কোথায় গত রাতে হামলা হয়েছে?

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে রাতভর হামলার খবর পাওয়া গেছে।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, এমন অস্ত্র দিয়ে তারা ইরানের অভ্যন্তরে ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

    ইসরায়েল দাবি করেছে, রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত, এমন একটি কারখানায় তারা হামলা করেছে। যদিও ইরান বলছে যে ওই কারখানায় ওষুধ তৈরি করা হচ্ছিল।

    উপসাগরীয় অন্যান্য অঞ্চলও গত রাতে হামলার শিকার হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে।

    সৌদি আরব জানিয়েছে, তারা দুটি ড্রোন ভূপাতিত করেছে। বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে এবং কাতারের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

    তবে উপসাগরীয় দেশগুলোর নেতারা এ বিষয়ে এখন খুব বেশি মন্তব্য করছেন না।

    এখন তাদের প্রধান লক্ষ্য হলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।

    তবে তারা এটা স্পষ্ট বলেছে যে তারা এই যুদ্ধের অবসান এবং অনিশ্চয়তা থেকে মুক্তি চায়।

  10. শর্ত মানলে সংঘাত অবসানে ইরানের 'সদিচ্ছা' রয়েছে: ইরানের প্রেসিডেন্ট

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইরানের 'সদিচ্ছা' রয়েছে।

    ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের সময় এ মন্তব্য করেন মি. পেজেশকিয়ান।

    বিবিসির সিনিয়র নিউজ করেসপন্ডেন্ট জন সাডওয়ার্থ জানিয়েছেন, ওই খবর প্টিরকাশিত হওয়ার পর তা মার্কিন শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

    তবে, বাজার এ মন্তব্যে আশার আলো দেখলেও, যেহেতু পেজেশকিয়ান দীর্ঘদিন ধরে পশ্চিমে একজন মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত, কিন্তু তার প্রেসিডেন্টের পদটি কার্যত কট্টরপন্থী আলেমদের অধীনস্থ হওয়ায় - ইরানের অবস্থান নিয়ে পরিষ্কার আশাবাদ দেখছেন না অনেকে।

    জন সাডওয়ার্থ বলছেন, যুদ্ধ শেষ করার 'সদিচ্ছা'র দাবির সাথে কঠোর শর্তও জুড়ে দেওয়া হয়েছে, বিশেষ করে পেজেশকিয়ান নিশ্চয়তা দাবি করেছেন যে, ভবিষ্যতে পুনরায় কোনো সংঘাত শুরু হবে না।

    গত সপ্তাহে আমেরিকার ১৫-দফার শান্তি পরিকল্পনার জবাবে ইরান যে প্রতিক্রিয়া জানিয়েছিল, তাতেও 'আগ্রাসনবিরোধী নিশ্চয়তা'র বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

    এদিকে, প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর আইআরসিজি পাল্টা আঘাতের পরিধি বাড়িয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এর অন্তর্ভুক্ত করার নতুন হুমকি দিয়েছে।

  11. মঙ্গলবার ৩১শে মার্চের উল্লেখযোগ্য খবর

    • লেবাননে দোসরা মার্চ থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে এক জাহার ২৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
    • যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে।
    • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়ছে, আর ইরানের সামরিক শক্তি কমছে।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংকটের মাঝেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
    • ট্রুথ সোশালে পোস্টে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালি থেকে ‘নিজেদের তেল নিজেদেরই সংগ্রহ’ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
    • আরেকটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলগামী সামরিক সরঞ্জামে বোঝাই বিমানগুলোকে “ফ্রান্স তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি”।
    • ইরান সরকার জানিয়েছে, মঙ্গলবার মার্কিন ও ইসরায়েলি হামলায় তাদের অন্যতম বৃহৎ ওষুধ উৎপাদনকারী কোম্পানি লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে অ্যানেস্থেটিক ও ক্যান্সার চিকিৎসার ওষুধ উৎপাদন করা হয়।
    • ইরানি গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপের একটি লবণাক্ত পানি শোধনাগারে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে স্থাপনাটি অচল হয়ে পড়েছে।
    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নোঙর করা অবস্থায় হামলার শিকার হয়েছে একটি তেলবাহী ট্যাংকার।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।
    • সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছেন।
    • আজ মঙ্গলবার ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে। দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।
    • সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    বিবিসি বাংলার আরও খবর ও বিশ্লেষণ জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়...

  12. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলা'র এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে