আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুদ্ধ 'অর্ধেক পথ পার হয়েছে': নেতানিয়াহু, দুবাইতে কুয়েতি তেলের ট্যাংকারে হামলা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ 'অবশ্যই অর্ধেক পথ পার হয়েছে'। তবে, পরে তিনি স্পষ্ট করেছেন যে, 'অর্ধেক পথ' অভিযানের লক্ষ্যের দিক থেকে, সময়ের দিক থেকে নয়। এদিকে, দুবাইতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেলবাহী একটি ট্যাংকারে হামলা হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরান যুদ্ধ সম্পর্কে সবশেষ যে চার তথ্য জানা প্রয়োজন

    যুদ্ধ কখন শেষ হবে?

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ "নিশ্চিতভাবেই অর্ধেকের বেশি পথ অতিক্রম করেছে"।

    তবে, তিনি পরে এটাও স্পষ্ট করেছেন যে, এটি যুদ্ধে লক্ষ্য অর্জনের দিক থেকে বলা হয়েছে, সময়ের দিক থেকে নয়।

    নেতানিয়াহু আরও বলেছেন, এ যুদ্ধে ইরানের রেভল্যুশনারি গার্ডসের 'হাজার হাজার' সদস্য নিহত হয়েছেন এবং তার দেশ ও যুক্তরাষ্ট্র ইরানের 'অস্ত্র সম্ভার ধ্বংস করার দ্বারপ্রান্তে' রয়েছে, যা পুরো স্থাপনাসহ পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিচ্ছে।

    অঞ্চলজুড়ে হামলা অব্যাহত

    ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পরই তেহরানে নতুন করে আরেক দফা হামলা চালানো হয়েছে।

    উপসাগরীয় অঞ্চলজুড়েও হামলা অব্যাহত রয়েছে, যার মধ্যে দুবাইও অন্তর্ভুক্ত। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ড্রোন হামলার পর একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। তবে এতে তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

    হরমুজ প্রণালিতে টোল আরোপের ইরানি পরিকল্পনা

    ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি'র সঙ্গে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের একটি সংসদীয় কমিটি এ প্রণালিতে যাতায়াতের ওপর টোল বা শুল্ক আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এ পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোকে এ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে।

    হরমুজ প্রণালি 'যেভাবেই হোক পুনরায় উন্মুক্ত হবে': মার্কো রুবিও

    ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে, ট্রাম্প তার সহযোগীদের বলেছেন যে হরমুজ প্রণালি মূলত বন্ধ থাকলেও তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী।

    এ মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালি "যেভাবেই হোক বা অন্য কোনো উপায়ে পুনরায় উন্মুক্ত হবেই"।

  2. ইরান যুদ্ধে অঞ্চলজুড়ে প্রাণহানি ক্রমশ বাড়ছে

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে পুরো অঞ্চলজুড়ে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে।

    ইরান: যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান এইচআরএএনএ বলছে, এখন পর্যন্ত ইরানে তিন হাজার ৪৯২ জন নিহত হয়েছেন। নিহতদের মাঝে এক হাজার ৫৭৪ জনই বেসামরিক, যার মাঝে অন্ত ২৩৬ জন আবার শিশু।

    ইসরায়েল: দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবাননে নয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

    লেবানন: দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এক হাজার ২৪৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১২৪ জন শিশু।

    উপসাগরীয় অঞ্চল: এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মী বা বিদেশি শ্রমিক। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাত জন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে দুই জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

  3. সিরিয়ার প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠক

    সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটে বৈঠক করছেন।

    এর আগে আহমেদ আল শারা গতকাল বার্লিনে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে সাক্ষাৎ করেন।

  4. ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে

    আজ মঙ্গলবার ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ ইরানে।

    দেশটির অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরে পৃথিবীর সাথে বিচ্ছন্ন রয়েছে বলে দাবি করেছে ইন্টারনেট পর্যবেক্ষণ গ্রুপ নেটব্লকস।

    তবে, ইরানের কিছু সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী ও সাংবাদিকদের পূর্ণ ইন্টারনেট সুবিধা রয়েছে। যদিও সাধারণ মানুষের বেশিরভাগই ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন।

    আবার কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারলেও এ প্রক্রিয়াটি আসলেই অত্যন্ত ব্যয়বহুল।

    সেইসাথে, ইরানে স্টারলিংক ব্যবহার করা বা রাখা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এজন্য সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    ইরানি কর্তৃপক্ষ স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদেরকে শণাক্ত করার চেষ্টা করছে।

  5. বিস্ফোরণের শব্দ দুবাইতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    হামলা শুরুর সাথে সাথেই মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে সবাইকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

    একই ধরনের সতর্কবার্তা অন্যান্য উপসাগরীয় দেশেও পাঠানো হয়। সাধারণত রাতে এগুলো বেশি হয়।

    সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ হামলাই প্রতিরোধ করতে পারছে তারা।

  6. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করবে না। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ-ও বলেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।”
    • লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের পাল্টাপাল্টি হামলাও চলছে।
    • যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভি সিলস, আর্মি রেঞ্জার্সসহ শত শত বিশেষ বাহিনীর সদস্য এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে বলে জানিয়েছে বিবিসি'র মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
    • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি রউফ লেবানন ছাড়ছেন না এবং সেখানেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।
    • লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার পরের কিছু ছবি সামনে এসেছে, যেখানে শহরজুড়ে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
    • হরমুজ প্রণালি পরিচালনা ও টোল আদায়ের জন্য 'নতুন ব্যবস্থা' চালুর কথা ভাবছে ইরান।
    • ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শিল্পাঞ্চলে আঘাত হেনেছে।
    • ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ'র অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে।
    • ইরাক জানিয়েছে যে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি আন্তোনভ আন-১৩২ বিমান ধ্বংস হয়েছে।
    • সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করা হয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার দাবির কাছে নতি স্বীকারের পথে ইরান এবং দ্রুতই দেশটির সাথে একটি সমঝোতা হতে পারে।
    • বাংলাদেশের জাতীয় সংসদে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো রকম মব কালচার আর থাকবে না।
  7. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলা'র এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে