লাইভ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। ভোটার তালিকা সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন', সংক্ষেপে 'এসআইআর'- নিয়ে বিতর্কের পর এই রাজ্যের প্রথম ভোট এটি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. আজ যেসব আসনে ভোট, সবশেষে নির্বাচনে সেখানে ফল কেমন ছিল?

    দার্জিলিংয়ের একটি ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন পড়েছে সকাল থেকে

    ছবির উৎস, ECI/FB

    ছবির ক্যাপশান, দার্জিলিংয়ের একটি ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন পড়েছে সকাল থেকে

    পশ্চিমবঙ্গের প্রথম দফায় যেসব আসনে আজ ভোট গ্রহণ হচ্ছে, সেগুলো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গের ৫৪টি আসনই এই তালিকায় রয়েছে।

    ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান দেখা দিয়েছিল এই অঞ্চলের আসনগুলো থেকেই।

    যে ১৫২টি আসনে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে, সেখানে ২০২১-র বিধানসভা ভোটে তৃণমূল ভালো ফল করলেও বিজেপির ফল ছিল চোখে পড়ার মতো। ২০২১ সালে এই ১৫২টি আসনের মধ্যে বিজেপি ৫৯টি আসন জিতেছিল এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৯৩টি আসন।

    বিজেপির জন্য উত্তরবঙ্গে নিজেদের আধিপত্য ধরে রাখা অত্যন্ত জরুরি বলেই মনে করা হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূলের জন্যও এই আসনগুলো সমান গুরুত্বপূর্ণ।

  2. আলোচিত প্রার্থী কারা?

    মুর্শিদাবাদ জেলার একটি ভোটকেন্দ্রে ভোটারের আঙুলে কালির দাগ দেওয়া হচ্ছে

    ছবির উৎস, Subham dutta

    ছবির ক্যাপশান, মুর্শিদাবাদ জেলার একটি ভোটকেন্দ্রে ভোটারের আঙুলে কালির দাগ দেওয়া হচ্ছে

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে যে আসনটির দিকে বিশেষ নজর থাকবে, তা হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। সেখানে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। এই আসনেই মি. অধিকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে গত বারের নির্বাচনে পরাজিত করেছিলেন।

    মিজ. ব্যানার্জী অবশ্য নন্দীগ্রামে লড়ছেন না এবার। তিনি কলকাতার ভবানীপুর কেন্দ্র, যেটি তার বাড়ির এলাকা, সেখান থেকেই নির্বাচনে লড়ছেন। আবার সেই কেন্দ্রেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী।

    মুর্শিদাবাদ জেলার বহরমপুর আসন থেকে ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী। তিনি কয়েক দশক পরে বিধানসভা নির্বাচনে লড়ছেন। এর আগে দীর্ঘদিনের সংসদ সদস্য মি. চৌধুরী লোকসভায় কংগ্রেসের দলনেতাও থেকেছেন।

    ওই জেলারই রেজিনগর ও সুতি আসন দুটি থেকে ভোটে লড়ছেন হুমায়ুন কবীর। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছেন এবং তার জেলাতে ‘বাবরি মসজিদ’ এর আদলে একটি মসজিদ গড়ার পরিকল্পনা করেছেন, যা তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

    এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই জেলা থেকেই প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও মন্ত্রী মানস ভুঁইঞা।

    আবার উত্তরবঙ্গের কুচবিহার জেলার মাথাভাঙ্গায় ভোটে লড়ছেন প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক আর ওই জেলারই দিনহাটা থেকে ভোটে দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

    উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের মেয়র ও রাজ্যের প্রাক্তণ মন্ত্রী গৌতম দেবের এলাকাতেও আজকেই ভোটগ্রহণ চলছে।

  3. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ শুরু

    ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই লাইনে দাঁড়িয়ে আছেন অনেক ভোটার, কুচবিহার জেলার একটি ভোটকেন্দ্রের ছবি

    ছবির উৎস, CEO West Bengal / x

    ছবির ক্যাপশান, ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই লাইনে দাঁড়িয়ে আছেন অনেক ভোটার, কুচবিহার জেলার একটি ভোটকেন্দ্রের ছবি

    ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকে। ভোটার তালিকা সংশোধন বা 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন', সংক্ষেপে 'এসআইআর'- নিয়ে বিতর্কের পর এই রাজ্যের প্রথম ভোট এটি।

    প্রথম পর্যায়ে, বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে।

    দ্বিতীয় পর্যায়ে, ২৯শে এপ্রিল, সাতটি জেলার ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে।

    বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে সকাল থেকেই অনেক মানুষ ভোট দেওয়ার জন্য কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন।

    পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, কুচবিহার, আলিপুর এবং কালিম্পঙে বৃহস্পতিবার ভোট গ্রহণ চলছে।

    এই দফায় এক হাজার ৪৭৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী।

    সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে মোট দুই হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি নিরাপত্তারক্ষী পাঠানো হয়েছে মুর্শিদাবাদের দুই পুলিশ জেলায়।

    প্রতিটি বুথ থেকে সরাসরি ওয়েব কাস্টিং-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ভারতীয় সময় সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, তবে তার আগে ভোর থেকেই ‘মক পোল’ করা হয় ভোটকেন্দ্রগুলোতে।

    এই ‘মক পোল’ হলো প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র সঠিক ভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করিয়ে দেখান ভোটকর্মীরা। এরপরে ভোটযন্ত্র সিল করে দেওয়া হয়। ভোট শুরুর নির্দিষ্ট সময়ে নতুন করে ভোট যন্ত্র চালু করা হয়।

    ভোটগ্রহণ শুরুর আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র পরীক্ষা করিয়ে দেখানো হচ্ছে

    ছবির উৎস, CEO West Bengal / x

    ছবির ক্যাপশান, ভোটগ্রহণ শুরুর আগে প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ভোটযন্ত্র পরীক্ষা করিয়ে দেখানো হচ্ছে
  4. বিবিসি বাংলা লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে