লাইভ, ট্রাম্পের যুদ্ধবিরতি ‘অর্থহীন’- মন্তব্য ইরানি উপদেষ্টার, হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে গুলির খবর

ইরানের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধি করার ঘোষণা “অর্থহীন” এবং এটি “নিশ্চিতভাবেই হঠাৎ হামলার জন্য সময় নেওয়ার একটি কৌশল”। এদিকে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজের ওপর গুলির খবর জানিয়েছে ইউকেএমটিও। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২২৯ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৯ জন।

    এই সময়ের মাঝে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

    এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

  2. হরমুজে তিনটি জাহাজে হামলা, দু'টিকে জব্দ করেছে আইআরজিসি: ইরানি গণমাধ্যম

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালিতে যে তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে, তা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর - আইআরজিসি।

    আইআরজিসি'র সাথে সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সি বলছে, ইউফোরিয়া নামের একটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং সেটি এখন ইরানের উপকূলের কাছে আটকে আছে।

    ইরানি গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, এমএসসি ফ্রানচেস্কা ও এপামিনোন্দাস নামের দু’টি জাহাজকে জব্দ করা হয়েছে এবং সেগুলোকে এখন ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

  3. হরমুজ প্রণালিতে তৃতীয় জাহাজে হামলা: ভ্যানগার্ড

    ২০১৮ সালে জার্মানিতে এমএসসি ফ্রানচেস্কা জাহাজ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০১৮ সালে জার্মানিতে এমএসসি ফ্রানচেস্কা জাহাজ

    হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরও একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড।

    পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি ফ্রানচেস্কা। এটি হরমুজ প্রণালি হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে এগোচ্ছিল। হামলার সময় ইরানের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ছিল।

    ভ্যানগার্ড জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জাহাজটির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নোঙর ফেলার নির্দেশ দেয়।

    জাহাজটি জানিয়েছে, জাহাজের বাইরের কাঠামো ও ভেতরের থাকার জায়গার ক্ষতি হয়েছে।

    এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

  4. পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

    চীনের সড়কে গাড়ি

    ছবির উৎস, Getty Images

    ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে চীন।

    চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সাথে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রোলের দাম নির্ধারণ করে কমিশন।

    পেট্রোলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।

    ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল।

  5. যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়ে ইরানে ‘এখনো সিদ্ধান্ত হয়নি’: মুখপাত্র

    এসমাইল বাঘাই
    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই

    ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার আগে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে জানায়—চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার নতুন দফায় তারা অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরান এখনো সিদ্ধান্ত নেয়নি।

    বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিজ ডুসেটকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র এসমাইল বাঘাই বলেন, প্রথম দফার ইসলামাবাদ আলোচনায় ইরান “সদিচ্ছা ও গুরুত্বের অনুভূতি নিয়ে” করেছিল।

    তবে তিনি অভিযোগ করেন, আলোচনার অপর পক্ষটি “গুরুত্বহীনতা ও সদিচ্ছার অভাব” দেখিয়েছে।

    তিনি যুক্তরাষ্ট্রের “ইউ-টার্ন, যুদ্ধাপরাধের হুমকি”র কথাও উল্লেখ করেন। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক দুই দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ও সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত—যেখানে তিনি আবারও হুমকি দেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের ভাষায় “খুবই ন্যায্য ও যুক্তিসংগত একটি চুক্তির প্রস্তাব” গ্রহণ না করে, তবে তিনি “সব বিদ্যুৎকেন্দ্র ও প্রতিটি সেতু ধ্বংস” করবেন।

    হোয়াইট হাউস মঙ্গলবার রাতে নিশ্চিত করেছে, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।

  6. ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, হরমুজ প্রণালি অবিলম্বে খুলে দিতে চায়: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরান “আর্থিক ধসের” মুখে পড়েছে।

    ট্রুথ সোশালে একটি পোস্টে তিনি লিখেছেন, “ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখতে চায় না, তারা এটি খোলা রাখতে চায় যাতে তারা প্রতিদিন ৫০০ মিলিয়ন ডলার আয় করতে পারে (এবং এটি বন্ধ থাকলে তাদের এই পরিমাণ অর্থই লোকসান হবে!)”।

    ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের প্রেক্ষাপটে “মুখ রক্ষা” করতেই তেহরান এই প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছিল বলেও তিনি দাবি করেন।

    “চার দিন আগে লোকজন আমার কাছে এসে বলেছিল, ‘স্যার, ইরান অবিলম্বে প্রণালিটি খুলে দিতে চায়’। কিন্তু আমরা যদি তা করি, তাহলে ইরানের সাথে কখনোই কোনো চুক্তি হতে পারবে না, যদি না আমরা তাদের দেশের বাকি অংশ, তাদের নেতাদেরসহ উড়িয়ে দিই!”

    আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়”।

    দেশটি “টাকার জন্য হাহাকার করছে” বলেও তিনি লিখেন।

  7. হরমুজ প্রণালিতে দুটি জাহাজে গুলি চালিয়েছে আইআরজিসি: ইউকেএমটিও

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি, ফাইল ছবি

    যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজের ওপর গুলি চালানো হয়েছে।

    ব্রিটিশ রয়্যাল নেভির নেতৃত্বাধীন সংস্থাটি বলেছে, হামলার দ্বিতীয় ঘটনার সময় বহির্গামী জাহাজটি ইরানের পশ্চিম দিকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে ছিল এবং সেটি এখন পানিতে থেমে আছে।

    ইউকেএমটিও বলছে, জাহাজটির কোনো ক্ষতি হয়নি এবং জাহাজের নাবিকরাও নিরাপদ আছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে এখন উচ্চ মাত্রার তৎপরতা চলছে। ওই এলাকায় সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে জাহাজগুলোকে তা জানাতে বলা হয়েছে।

    এর আগে ইউকেএমটিও জানায়, ওমানের উত্তর পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি গানবোট হামলা চালায়, এতে জাহাজটির ব্রিজে গুরুতর ক্ষতি হয়।

    সংস্থাটির মতে, একটি আইআরজিসি "গানবোট" জাহাজটির কাছে আসে। কোনো "ভিএইচএফ চ্যালেঞ্জ" ছিল না।

    অর্থাৎ, রেডিওর মাধ্যমে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি বা যোগাযোগ করা হয়নি। এরপর গানবোটটি জাহাজটির ওপর গুলি চালায়, যার ফলে জাহাজটির ব্রিজে "গুরুতর ক্ষতি" হয়েছে।

  8. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরানের আর কোনো উপায় নেই। তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে প্রতিনিধি পাঠাতেই হবে”।
    • ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া”।
    • যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান অনেকটা স্পষ্ট করে বলেছে যে বল এখন ইরানের কোর্টে।
    • পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদের উদ্যোগের প্রতি বেইজিংয়ের “পূর্ণ সমর্থন” রয়েছে।
    • পেন্টাগন জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে "অবৈধ নেটওয়ার্ক" ভেঙে দিতে অভিযানের অংশ হিসেবে মার্কিন বাহিনী নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে।
    • ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে।
    • ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে “কঠোর ভাষায়” নিন্দা জানিয়েছে ইরান এবং এটি দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।
    • বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির তথ্যের প্রাথমিক সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল গঠিত কমিটি।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন দল ও জোট থেকে এবং স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।
    • নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে জানিয়ে সংসদে সমালোচনা করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে