লাইভ, যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা বলছে ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান “যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি” নিচ্ছে এবং “হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না”। এদিকে, মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য আজ পাকিস্তান যাবেন। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল বজায় রাখা উচিত- চীনের প্রেসিডেন্ট
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে “স্বাভাবিক নৌ চলাচল” বজায় রাখা উচিত।
সোমবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধের কারণে শুরুতে সফরটি বিলম্বিত হলেও, আগামী মে মাসে চীনে ট্রাম্প ও শি—এই দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আটক জাহাজটি দ্রুত ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আহ্বান
ইরানের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘তুসকা’ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জব্দ করার ঘটনাকে
“কঠোর ভাষায়” নিন্দা জানিয়েছে ইরান।
আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ পদক্ষেপকে “অবৈধ” ও “সন্ত্রাসমূলক” পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, জাহাজটির নাবিকদের পাশাপাশি তাদের পরিবারগুলোকেও আটক রাখা হয়েছে। তেহরান এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও সাম্প্রতিক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে জাহাজটি ও এর নাবিকদের
“তাৎক্ষণিক মুক্তি” দাবি করেছে।
ওমান সাগরে ইরানি জাহাজটি জব্দ করার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এর আগে জানায়, নাবিকেরা “ছয় ঘণ্টা ধরে একাধিক সতর্কবার্তা উপেক্ষা” করেছিলেন।
তারা আরও জানায়, ডেস্ট্রয়ার স্প্রুয়েন্স জাহাজটিকে “ইঞ্জিন কক্ষ খালি করার নির্দেশ” দেয় এবং পরে একাধিক কামানের গোলা ছুড়ে ‘তুসকা’
জাহাজটির ইঞ্জিন কক্ষ অচল করে দেয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের “অত্যন্ত বিপজ্জনক পরিণতি” হতে পারে বলে সতর্ক করেছে এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে।
এর আগেও জাহাজটি জব্দের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ইরানের শীর্ষ কর্মকর্তারা এ ধরনের বক্তব্য দিয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ তুলে নেবে না।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছবির উৎস, Getty Images
আজ মঙ্গলবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, ভোর ৬টা ৩৭ মিনিটে দেশে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ এবং এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর রাজ্যের ওয়াংজিংয়ে, যা মিয়ানমারের সীমান্তের কাছাকাছি।
ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৬ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ হবে ‘দীর্ঘ ও কঠিন’ প্রক্রিয়া- ট্রাম্প
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প
কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার প্রসঙ্গ তুলে ধরেন।
তিনি লিখেছেন, “অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের নিউক্লিয়ার ডাস্ট স্থাপনাগুলোর ওপর সম্পূর্ণ ও সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। ফলে সেখান থেকে তা খনন করে বের করা হবে দীর্ঘ ও কঠিন একটি প্রক্রিয়া।”
‘অপারেশন মিডনাইট হ্যামার’ হলো গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের চালানো একটি অভিযানের নাম। এতে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালায়।
এরপর তিনি আরও লেখেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে—সব সময় খাটো করা ও তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস!!!”
আজ পাকিস্তান যাচ্ছেন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন গণমাধ্যমের খবর
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, দেশটির ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্র ছাড়বেন এবং পাকিস্তান যাবেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস তিনটি সূত্রের বরাতে জানিয়েছে, মঙ্গলবার সকালের মধ্যেই ভ্যান্স রওনা হবেন।
সিএনএনকে একাধিক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা আগামীকাল বুধবার ইসলামাবাদে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সোমবার বিবিসিকে একটি সূত্র জানায়,
ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ‘শিগগিরই’ পাকিস্তান সফরে যাবে।
আলোচনায় ইরান অংশ নেবে কি না—এ বিষয়ে এখনো তেহরানের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
যুদ্ধক্ষেত্রের জন্য ‘নতুন কার্ড’ প্রস্তুত করার কথা বলছে ইরান
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘোষিত একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে যাচ্ছে। তবে এখনো নতুন করে শান্তি আলোচনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরইমধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, গত দুই সপ্তাহ ধরে ইরান “যুদ্ধক্ষেত্রে নতুন তাস দেখানোর প্রস্তুতি” নিচ্ছে এবং “হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না”।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি করতে তিনি চাপের মুখে নেই।
একই সঙ্গে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য মঙ্গলবার পাকিস্তান সফর করবেন।
ট্রাম্প আরও বলেছেন, বুধবার মেয়াদ শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে—এমন সম্ভাবনা ‘খুবই কম’।
উপসাগরীয় অঞ্চলে, রোববার ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত রেখেছে। এ ছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে একে অপরকে দোষারোপ করছে দু’পক্ষই।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা।
গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। জাহাজটি সরে যাওয়ার জন্য প্রায় ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত মেনে ইরান ‘কখনোই’ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়তে রাজি হবে না বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি।
ইসরায়েলের সাথে আসন্ন আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা অথবা “অন্য যেকোনো আলোচনা” থেকে সম্পূর্ণ আলাদা বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সোমবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নাটালি বেকার এবং ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদামের সাথে পৃথক বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই দ্বিতীয় দফার আলোচনার সাফল্য কামনা করেছে ইসলামাবাদ।
ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করতে আবার পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দলটি ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সংস্কার প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের ১৩ তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল 'বগুড়া সিটি করপোরেশন'। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জনকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। শত শত আবেদন যাচাই-বাছাইয়ের পর অবশেষে ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে সরকারি দল বিএনপি।
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, “যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। হুমকির মুখে দৃঢ় থাকার পাশাপাশি উত্তেজনা কমাতে প্রতিটি যুক্তিসঙ্গত ও কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত।”
জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পের পর এর প্রভাবে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া অফিস।
দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সৈন্য হাতুড়ি দিয়ে যিশু খ্রিষ্টের মূর্তিতে আঘাত করার যে ঘটনা ঘটিয়েছেন, সেটির নিন্দা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি নথিপত্র রয়েছে, তাদেরকে দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডনার এক বিশ্লেষণে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যদি আদৌ তারা আলোচনায় বসে।
ইসলামাবাদে পুনরায় শান্তি আলোচনার শুরুর আগে মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন।
আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল।
বিবিসি বাংলার লাইভ
বিবিসি
বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর
পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।