পত্রিকা: 'উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার'

পড়ার সময়: ৮ মিনিট

খবরে বলা হচ্ছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ডিপোতে তেল রাখার জায়গা নেই। তেলবোঝাই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও খালাস করা যাচ্ছে না। তেলভর্তি জাহাজ ভাসছে সাগরে।

অন্যদিকে বেসরকারি তেল শোধনাগারগুলোও জানাচ্ছে, তাদের ডিপোতেও তেল রাখার জায়গা নেই। তেল নেওয়ার জন্য তারা বিপিসির কাছে ধরনা দিচ্ছে।

এই যখন অবস্থা , তখনো দেশজুড়ে পেট্রলপাম্পগুলোর সামনে দিনরাত যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেলের জন্য হাহাকার চলছে দেশজুড়ে।

দেশের বেসরকারি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম সুপার পেট্রোকেমিক্যাল। অপরিশোধিত তেল আমদানি করে পরিশোধনের পর অকটেন ও পেট্রলের চাহিদার বড় অংশ পূরণ করে তারা।

বিপিসি ও জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মার্চে দেশে জ্বালানি সংকট শুরু হলে সরকার সুপার পেট্রোকেমিক্যালে কাছ থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ পায়নি। মার্চে কম দিয়ে এখন এপ্রিলে দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির পর প্রতিষ্ঠানটি বাড়তি তেল দিতে চাইছে।

সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যাদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বা যারা শর্ত পূরণ করেছে তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে।

তবে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। তিনি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে তা পুনরায় যাচাই-বাছাই করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

সাক্ষাৎকালে সৌদি আরবে থাকা ৬৯ হাজার মিয়ানমার নাগরিকের (রোহিঙ্গা) বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর। তিনি এ প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

'নতুন-পুরোনোদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন' প্রথম আলোর শিরোনাম।

খবরে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।

প্রার্থী মনোনয়নে অতীত অভিজ্ঞতা, পারিবারিক রাজনৈতিক সংযোগ এবং তরুণ নেতৃত্ব-এই তিন ধারার সমন্বয় ঘটানোর চেষ্টা করেছে দলটি।

সাবেক সংসদ সদস্যের পাশাপাশি দলীয় নেতাদের স্ত্রী-কন্যা, ছাত্রদল থেকে উঠে আসা তরুণ নেত্রী, সংখ্যালঘুসহ বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের প্রতিনিধিরা তালিকায় স্থান পেয়েছেন।

মনোনয়ন পাওয়া ৩৬ জনের মধ্যে ১০ জন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতাদের স্ত্রী ও কন্যা ৭ জন, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ৩ জন, ছাত্রদল থেকে উঠে আসা ৬ নেত্রী এবং গত নির্বাচনে পরাজিত ৩ প্রার্থী রয়েছেন। এ ছাড়া বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত নেত্রীও মনোনয়ন পেয়েছেন।

তবে আফরোজা আব্বাস, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ দলের কয়েকজন নেত্রী ও সংগীতশিল্পী আলোচনায় থাকলেও তাদের কেউ মনোনয়ন পাননি। ফলে এই প্রার্থী তালিকা নিয়ে দলের ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

খবরে বলা হচ্ছে, স্বাস্থ্য বিভাগের একটি প্রকল্পের আওতায় কেনা হয়েছিল ৮৭৯টি গাড়ি। সেই প্রকল্প শেষ হয়েছে প্রায় দুই বছর হলো।

সেই থেকে গাড়িগুলো বসে আছে। কোনোটা এখন গ্যারেজবন্দি, কোনোটা খোলা জায়গায় পড়ে আছে। অযত্ন-অবহেলায় নষ্ট হতে থাকা সরকারি এসব গাড়ি সচল করার কার্যকর উদ্যোগ নেই।

এই গাড়িগুলো স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এগুলো ফেলে রাখায় শিশুদের টিকাদান কর্মসূচি (ইপিআই), যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মতো জনগুরুত্বপূর্ণ কার্যক্রমে মাঠ পর্যায়ের তদারকিতে ধাক্কা লেগেছে। রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি ব্যাহত হওয়ায় বাড়ছে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সাল থেকে অপারেশন প্ল্যানের (ওপি) মাধ্যমে মাঠপর্যায়ে ৩৮টি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালিত হয়ে আসছিল।

এসব তদারকির জন্য ওপির অর্থেই ধাপে ধাপে ৮৭৯টি গাড়ি কেনা হয়। তবে ২০২৪ সালের জুনে আওয়ামী লীগ সরকার এসব কর্মসূচি গুটিয়ে নেয়।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

খবরে বলা হচ্ছে, মানচিত্রের সীমারেখা অপরিবর্তিত থাকলেও বদলে গেছে দক্ষিণ এশিয়ার ভূ-অর্থনৈতিক বাস্তবতা। দীর্ঘ কয়েক দশকের প্রথা ভেঙে পাকিস্তান ও আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ) অঞ্চলের সঙ্গে যুক্ত করেছে বিশ্বব্যাংক।

বৈশ্বিক এ ঋণদাতার নতুন এ কাঠামোগত বিন্যাসে জন্ম নিয়েছে 'বৃহৎ মধ্যপ্রাচ্য' বা 'এমইএনএএপি' নামের নতুন এক অর্থনৈতিক বলয়।

এ পুনর্বিন্যাসের বিষয়টি বিশ্বব্যাংক চলতি মাসেই ঘোষণা দিয়েছে। যদিও ২০২৫ সালের জুলাই থেকে এ আঞ্চলিক পুনর্বিন্যাস কার্যকর হয়েছে।

এর ফলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, যেখানে পাকিস্তানের অংশগ্রহণ তুলনামূলক কমে গিয়ে মধ্যপ্রাচ্য বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সংযোগ আরো জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান এ অঞ্চল থেকে ভূ-অর্থনৈতিকভাবে সরে যাওয়ায় আঞ্চলিক ভারসাম্য ভারতের দিকে আরো ঝুঁকতে পারে।

খবরে বলা হচ্ছে, সদ্যবিলুপ্ত গুম কমিশনের অতি গোপনীয় নথিপত্র এবং বেশকিছু স্পর্শকাতর তথ্যপ্রমাণ একধরনের সংরক্ষণ ঝুঁকির মধ্যে রয়েছে।

আইনগতভাবে কোন দপ্তরে এসব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ করা হবে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনাও নেই। এ কারণে এসব আলামত অনেকটা অভিভাবকহীনভাবে মানবাধিকার কমিশনে পড়ে আছে।

সংশ্লিষ্টরা বলছেন, যদি কোনো কারণে এসব তথ্যপ্রমাণ আংশিক বা সম্পূর্ণভাবে খোয়া যায়, তাহলে গুম সংক্রান্ত মামলার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে সত্যিকারার্থে যারা গুমের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রাপ্ত অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডকুমেন্ট নতুন করে সংগ্রহ করা কঠিন হবে।

গুম কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন-এমন দায়িত্বশীল সূত্র পরিচয় গোপন রাখার শর্তে যুগান্তরকে বলে, 'গুম সংক্রান্ত মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারকাজ ত্বরান্বিত করতে তাদের দীর্ঘ অনুসন্ধান ও জেরায় প্রাপ্ত অনেক চাঞ্চল্যকর তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। কিন্তু তারা যখন এ বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন অনেকটা হঠাৎ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে যায়। এর ফলে তাদের ফুল কমিশনও স্বয়ংক্রিয়ভাবে কার্যকারিতা হারিয়ে ফেলে।'

'এসএসসি পরীক্ষা শুরু' মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ও ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

৩০ হাজার ৬৬৬টিপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। সেই সঙ্গে ৪ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন নিবন্ধিত শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না।

খাতা মূল্যায়নে থাকছে না মানবিক নম্বর। প্রশ্নফাঁস-অনিয়ম রোধে থাকছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই সঙ্গে পরবর্তী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরে নেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

সোমবার সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের শিরোনাম 'Chokehold on the poor tightens' অর্থাৎ 'গরীবের নাভিশ্বাস আরও বাড়ছে'।

খবরে বলা হচ্ছে, পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা শাহনাজ আক্তার। গত শুক্রবার দুপুরে সবজির দোকানে বেগুনের দাম নিয়ে দর কষাকষি করছিলেন। প্রচণ্ড গরমে তার কপাল বেয়ে ঘাম বের হচ্ছিল।

ছয়জনের পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনার জন্য ৪০০ টাকাই যথেষ্ট ছিল। সেটা কয়েক সপ্তাহ আগের কথা। এখন তিনি রান্নার তেল ছাড়াই বাড়ি ফেরেন।

তার স্বামী একটি অটোরিকশা চালান। কয়েক সপ্তাহ আগেও পরিবারটি কোনো দেনা ছাড়াই বাজার খরচ চালাতে পারত। এখন তারা স্থানীয় দোকান থেকে বাকিতে কেনে, অথবা প্রয়োজনের চেয়ে ইচ্ছাকৃতভাবে কম কেনে।

শাহনাজ গৃহকর্মী হিসেবে কাজ খুঁজছেন, কিন্তু এখনো কিছু পাননি। তিনি বলেন, যদি তিনি কাজ না পান, তাহলে তার ছেলেমেয়ে ও শাশুড়িকে নিয়ে গ্রামে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

শুধু শাহনাজই নন, দেশের নিম্ন আয়ের পরিবারগুলো গত তিন বছরের বেশিরভাগ সময় ধরে একের পর এক মূল্যবৃদ্ধির ধাক্কা সামলেছে। অথচ সেই হারে বেশিরভাগ ক্ষেত্রেই মজুরি বাড়েনি। বরং মানুষের আয় ও জীবনধারণের খরচের মধ্যে ব্যবধান বেড়েই চলেছে।

নিউ এইজের শিরোনাম 'Hospitals spread measles amid isolation lapses' অর্থাৎ ‌'আইসোলেশন নিয়ে অবহেলার কারণে হাসপাতালগুলোতে হাম ছড়াচ্ছে'।

খবরে বলা হচ্ছে, বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন বেশ কিছু শিশু হামে সংক্রমিত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রে থাকা অবস্থায় তারা হামে সংক্রমিত হচ্ছে বলে জানা গেছে। এর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ এবং আইসোলেশন নিয়ে উদ্বেগ বাড়ছে।

অভিভাবকদের অভিযোগ, হাসপাতালগুলো হামের রোগীদের সঠিকভাবে আলাদা করতে ব্যর্থ হয়েছে। ফলে ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, কিডনির জটিলতা এবং অন্যান্য অসংক্রামক রোগ নিয়ে ভর্তি হওয়া শিশুরা এই অত্যন্ত সংক্রামক ভাইরাসের সংস্পর্শে এসেছে।

রাজধানীর মহাখালীর সংক্রামক রোগ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কথা হয় আয়েশা খাতুনের সঙ্গে। তিনি কুষ্টিয়ার একটি বেসরকারি ক্লিনিকে তার ১০ মাস বয়সী মেয়েকে ভর্তি করানোর জন্য আক্ষেপ করছিলেন।

তিনি জানান, ডায়রিয়া ও জ্বর নিয়ে তার মেয়েকে ২২ মার্চ কুষ্টিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ছয় দিন চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু দুই দিনের মধ্যেই তার আবার প্রচণ্ড জ্বর আসে। পরে তার হাম ধরা পড়ে।

ওই নারী বলেন, 'আমরা যখন ক্লিনিকে ছিলাম, তখন একই ওয়ার্ডে হামের উপসর্গযুক্ত অন্তত চারজন রোগীকে রাখা হয়েছিল। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

তার বিশ্বাস, ওই ক্লিনিকেই তার মেয়ের এই সংক্রমণ হয়েছিল।

খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে আচ্ছন্ন। ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক আলটিমেটাম এবং সমুদ্রে ইরানি জাহাজ জব্দের ঘটনায় পরিস্থিতি এখন খাদের কিনারায়। আগামী কয়েক ঘণ্টা নির্ধারণ করবে বিশ্ব কি আরো একটি ভয়াবহ যুদ্ধের সাক্ষী হবে, নাকি কোনো নাটকীয় চুক্তিতে পৌঁছাবে।

আগামী বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তান ও মিসরের মধ্যস্থতার প্রচেষ্টা এখন খাদের কিনারায়। যদি আজ রাতের মধ্যে কোনো নাটকীয় সমঝোতা না হয়, তবে ট্রাম্পের দেওয়া সময়সীমা পার হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্য এক সর্বাত্মক ও বিধ্বংসী মহাযুদ্ধের কবলে পড়বে। বিশ্বনেতারা এখন নিঃশ্বাস বন্ধ করে ইসলামাবাদের দিকে তাকিয়ে আছেন।

আলোচনাকে কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদ ও পাশের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।