ঢাকায় ব্লগারকে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

Niloy Neel

ছবির উৎস, Facebook

ছবির ক্যাপশান, ব্লগার নিলয় নীল

বাংলাদেশে ঢাকার গোরান এলাকায় নিলয় নীল নামে একজন ব্লগারকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে শুক্রবার দুপুরে দুজন লোক বাসা ভাড়া নেবে বলে ওই বাড়িতে ঢোকে।

খিলগাঁও গোরানের একটি পাঁচতলা ফ্ল্যাটবাড়ির পঞ্চম তলায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন নিলয় যার আসল নাম নীলাদ্রি চ্যাটার্জ্জী।

তিনি নিলয় নীল নামে ফেসবুকে ও ব্লগে নিয়মিত লেখালেখি করতেন।

পুলিশ বিবিসি বাংলার কাদির কল্লোলকে জানিয়েছে অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তি বাসায় ঢুকে অস্ত্রের মুখে নিলয় নীলের স্ত্রী ও বোনকে একটি ঘরে আটক করে রাখে।

গোরানে পাঁচতলা এই ফ্ল্যাটবাড়িতে নিলয় নীলকে কুপিয়ে হত্যা করা হয়

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, গোরানে পাঁচতলা এই ফ্ল্যাটবাড়িতে নিলয় নীলকে কুপিয়ে হত্যা করা হয়

তাদের সঙ্গে আরও তিন ব্যক্তি ছিল বলে পুলিশ বলছে এবং ওই পাঁচজন ধারালো অস্ত্র দিয়ে নিলয় নীলকে কুপিয়ে হত্যা করে ঘরে ফেলে রেখে যায়।

হত্যার নৃশংসতায় শোকাহত নিহত ব্লগার নিলাদ্রী চ্যাটার্জ্জীর (নিলয় নীল) স্ত্রী (ডান দিকে)

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, হত্যার নৃশংসতায় শোকাহত নিহত ব্লগার নিলাদ্রী চ্যাটার্জ্জীর (নিলয় নীল) স্ত্রী (ডান দিকে)

নিলয় আদিবাসীদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করতেন।

দুপুরে জুমার নামাজের পরপর এই হত্যাকান্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন নিলয় গণজাগরণ মঞ্চের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

মিঃ সরকার জানান নিহত ব্লগার অনন্ত বিজয় দাসের হত্যার বিরুদ্ধে কয়েকমাস আগে আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দেওয়ার পর ফেরার সময় নিলয় নীলকে দুই ব্যক্তি অনুসরণ করে এবং তার প্রতি হত্যার হুমকি ছিল বলেও মিঃ সরকার জানান।

নিলয় নীল তার ফেসবুক পাতায় মে মাসে এই স্ট্যাটাসে লিখেছিলেন কীভাবে নিরাপত্তাহীনতার আশংকা নিয়ে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

ছবির উৎস, facebook

ছবির ক্যাপশান, নিলয় নীল তার ফেসবুক পাতায় মে মাসে এই স্ট্যাটাসে লিখেছিলেন কীভাবে নিরাপত্তাহীনতার আশংকা নিয়ে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন।

নিলয় নীল ১৫ই মে তার ফেসবুক পাতায়ও এই মর্মে একটি স্ট্যাটাস দিয়ে বিস্তারিতভাবে লিখেছিলেন কীভাবে দুই ব্যক্তি তাকে তার গন্তব্য পর্যন্ত অনুসরণ করে এবং কীভাবে থানায় এই ঘটনার জিডি করতে গেলে পুলিশ জিডি নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে যত তাড়াতাড়ি সম্ভব দেশ ত্যাগ করার পরামর্শ দেয়।

বাংলাদেশের ব্লগাররা বলছেন নিলয় মূলত ধর্মান্ধতার বিরুদ্ধে লিখতেন।

গত কয়েক মাসে এই নিয়ে বাংলাদেশে চারজন ব্লগারকে তাদের লেখালেখির জন্য হত্যা করা হল।