আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, জাতীয় সংসদ বিলুপ্ত

রাষ্ট্রপতি ও তিন বাহিনী প্রধানদের সাথে সমন্বয়কদের কয়েক ঘণ্টার বৈঠকের পর ড, মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতির আদেশে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা ও খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে। এদিকে, গণআন্দোলনের মুখে পদত্যাগের পর বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।

সার সংক্ষেপ

  • ড.ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
  • দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
  • দণ্ড মওকুফ করে খালেদা জিয়ার মুক্তি
  • কারাগার থেকে মুক্তি পেয়েছেন আন্দোলনকারীসহ বিএনপি ও জামায়াতের অনেক শীর্ষ নেতা
  • বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কিছু পদে রদবদল
  • ঢাকা বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক
  • শেখ হাসিনা দিল্লির গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রয়েছেন

সরাসরি কভারেজ

  1. বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত

    রাষ্ট্রপতির এক আদেশে বাংলাদেশের জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

    মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

    আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

    এই বছরের সাতই জানুয়ারির নির্বাচনের পর এই সংসদ গঠিত হয়েছিল।

  2. ১৩ বছর পর নিজ কার্যালয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন, কথা বলেন দলটির আমির শফিকুর রহমান।

    ১৩ বছর পর ঢাকার মগবাজারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করলো জামায়াতে ইসলামী।

    ২০১১ সালের পর এখানে আর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।

    মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, "আমাদের জোর দাবি বিলম্ব না করে অতি দ্রুত সংসদ ভেঙে দেন। অন্তর্বর্তী সরকার গঠন করুন।"

    অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেখতে চেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবকে তার দল শ্রদ্ধার চোখে দেখে বলেই জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির।

  3. আগামী দুইদিন সুপ্রীম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

    আগামী সাতই ও আটই আগস্ট, বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

    সুপ্রীম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এটি জানিয়েছেন।

  4. রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্ত

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে।

    মঙ্গলবার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রেস-উইং থেকে এই থ্যথ জানানো হয়েছে।

    পরবর্তীতে প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার দণ্ডাদেশ মওকুফ করে মুক্তি দেয়া হয়েছে।

    এর আগে সোমবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    দুর্নীতি মামলায় ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সালে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেয়া হয়। পরে কয়েক দফায় সেই মেয়াদ বাড়ানো হয়।

  5. সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি

    অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

  6. 'ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার পথে কোনো সমস্যা হওয়ার কথা নয়', বিবিসি বাংলাকে আসিফ নজরুল

    অধ্যাপক মূহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পথে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করেন অধ্যাপক আসিফ নজরুল।

    অধ্যাপক ইউনূস দেশের বাইরে আছেন জানিয়ে বিবিসি বাংলাকে অধ্যাপক নজরুল বলেন, উনি দেশে না থাকার কারণেই একটু বিলম্ব হচ্ছে।

    "তার আনুষ্ঠানিক সম্মতি দরকার," যোগ করেন তিনি।

    আগামীকাল মুহাম্মদ ইউনুসের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

    ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন মি. ইসলাম।

    “ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন,” বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম।

  7. ভারতের সাথে স্থবির যোগাযোগ এবং ব্যবসাবাণিজ্য

    সোমবার থেকে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ করে রয়েছে।

    সেই সাথে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মত বড় ভারতীয় বিমান সংস্থাগুলো বাংলাদেশে যাওয়া এবং আসা উভয় রুটে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

    সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগ করেন।

    রেল কর্মকর্তারা বলছেন, সীমান্তে নিরাপদে আসাযাওয়ার নিশ্চয়তা পাওয়ার আগে আর রেল চলাচল শুরু হবে না।

    গত কয়েক সপ্তাহ ধরে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

    এর আগে ২১শে জুলাই থেকে দৈনিক এই ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হচ্ছিল।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার দেশটির নাগরিকদের পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করেছে।

  8. সোমবারের সহিংসতায় শতাধিক নিহত

    সোমবার শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার আগে ও পরের সহিংসতায় ঢাকাসহ সারা দেশে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।

  9. শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর পরে ভারতে যা যা ঘটেছে

    পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে গিয়ে শেখ হাসিনা এখন ভারতেই আছেন। দিল্লির নিকটবর্তী হিন্ডোন বিমানঘাঁটি থেকে তাকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে আধাসামরিক বাহিনীর একটি অতিথিশালায় রাখা হয়েছে।

    যদিও সকালে একটি সংবাদ সংস্থাসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যম খবর দিয়েছিল যে শেখ হাসিনাকে বহন করে আনা বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি দিল্লির নিকটবর্তী হিন্ডোন বিমানঘাঁটি থেকে তাকে নিয়ে উড়ে গেছে। তবে কিছুক্ষণ পরে ওই সংবাদ সংস্থাই খবর দেয় যে বিমানটি উড়ে গেলেও সেটিতে শেখ হাসিনা নেই। বিমানটি বাংলাদেশের সামরিক অফিসারদের নিয়ে নিজের দেশের দিকে রওনা হয়েছে।

    সোমবার মধ্যরাতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি বা সিসিএসের বৈঠক হয়েছে দিল্লিতে। ওই বৈঠকে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ছিলেন। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়েই আলোচনা হয়েছে। তবে বৈঠকের পরে কোনো বিবৃতিও যেমন দেওয়া হয়নি, তেমনই আসেনি কোনো প্রেস বিজ্ঞপ্তিও।

    মঙ্গলবার সকালে দিল্লির সংসদ ভবনের অ্যানেক্সে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। বিভিন্ন দলের সংসদ সদস্যদের সামনে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতির বিবরণ দেন। তিনি বলেন, সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।

    পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ সব দলের সংসদ সদস্যরাই ওই বৈঠকে ছিলেন।

    পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে সংসদ সদস্যদের জানিয়েছেন যে শেখ হাসিনার সঙ্গে সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। নিজের ভবিষ্যত পরিকল্পনার জন্য ভারত তাকে আরও সময় দিতে চায় বলেও মন্তব্য করেছেন মি. জয়শঙ্কর, এমনটাই কয়েকটি সূত্র থেকে জানা যাচ্ছে।

    ওই বৈঠকে সংসদের নিম্ন কক্ষ লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, যে বাংলাদেশ নিয়ে দীর্ঘমেয়াদে এবং স্বল্পমেয়াদে ভারত কী কৌশল নিচ্ছে?

    সরকার এই প্রশ্নের উত্তরের জানিয়েছে যে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে, এবং ক্রমাগত বিশ্লেষণ চলছে।

    মি. গান্ধী এটাও জানতে চেয়েছিলেন যে বাংলাদেশের ঘটনাপ্রবাহে ‘বিদেশি শক্তির হাত’ আছে কি না। সরকার এর জবাবেও বলে যে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

    সংবাদ সংস্থা পিটিআই কংগ্রেস নেতা কার্তি চিদাম্বরমকে উদ্ধৃত করে জানিয়েছে যে জাতীয় নিরাপত্তা ও জাতীয় স্বার্থের ব্যাপারে কংগ্রেস সম্পূর্ণভাবে সরকারের পাশে আছে।

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, তা এখনও স্পষ্ট নয়। প্রথমে শোনা যাচ্ছিল যে তিনি ভারত থেকে হয়ত লন্ডনের দিকে রওনা হবেন। কিন্তু দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন যে পরবর্তী গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। তাই আপাতত ভারতেই থাকবেন শেখ হাসিনা, এমনটাই জানিয়েছেন তিনি।

    কিন্তু কতদিন তাকে ভারতে থাকতে হবে, সেটি এখনও স্পষ্ট নয়।

  10. তিনটার মধ্যেই সংসদ ভেঙে দেয়ার আল্টিমেটাম নাহিদ ইসলামের

    মঙ্গলবার বিকাল তিনটার মধ্যেই জাতীয় সংসদ ভেঙে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আরও দুই সমন্বয়ককে পাশে রেখে এক ভিডিও বার্তায় নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতি গতকাল বলেছেন যে তিনি অনতিবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত করবেন। কিন্তু আমরা এখনও দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ রয়ে গেছে।”

    আজ বিকাল ৩টার মধ্যে যদি “সংসদের বিলুপ্তি ঘোষণা” না করা হয়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন “কঠোর কর্মসূচি দিতে বাধ্য” হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    গতকাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সারাদেশের বিভিন্ন স্থান থেকে হামলা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগের খবর আসছে।

    সে বিষয়টিকে নির্দেশ করে নাহিদ বলেন, “সারা দেশে লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দায়িত্ব নিতে হবে। কেউ যেন এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সেদিকে সতর্ক থাকতে হবে।”

    তিনি জানান, “শহীদের রক্তের বিনিময়ে ছাত্র-নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে তারা 'ফ্যাসিস্ট হাসিনার পতন' ঘটিয়েছেন এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন। কিন্তু তাদের এই অর্জনকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতোমধ্যে তৎপর হয়েছে এবং বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হচ্ছে।”

    “আমরা মুক্তিকামী ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই বাংলাদেশকে ফ্যাসিবাদী সাম্রাজ্য থেকে মুক্ত করার জন্য, একটি নতুন ও জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র-জনতা সদা প্রস্তুত।”

    এছাড়া, মঙ্গলবার ভোরে এক এক ভিডিও বার্তায় দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মি. ইসলাম।

    তারা শীঘ্রই এই সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সামগ্রিক রূপরেখা প্রস্তুত উপস্থাপন করবেন।

  11. 'দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন না করলে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে', বিএনপ মহাসচিবের সংবাদ সম্মেলন

    আজ দুপুর দুইটার মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন না করলে দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মঙ্গলবার ঢাকায় এক ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তী সরকারের জন্য কারো নাম প্রস্তাব করা হয়নি। রাষ্ট্রপতির কাছ থেকে আহ্বান এলেই বিএনপি নাম পাঠাবে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষ থেকে মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

    "ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তবে সর্বদলীয় ব্যাপারটাতে গুরুত্ব দিতে হবে," যোগ করেন মি. আলমগীর।

    তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করার তাগিদও দেন তিনি।

    মহাসচিব জানান, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পক্ষ থেকে দ্রুত দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।

    ব্রিফিংয়ে মি. আলমগীর বলেন, 'যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলক হামলা, লুটপাট করছেন, তারা সেটা বন্ধ করুন। তারা কেউ আন্দোলনের লোক নন, বরং আন্দোলনের বিরোধীতাকারী।"

  12. মানবাধিকার কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে: বার সভাপতি

    সুপ্রিম কোর্ট বার সভাপতি এএম মাহবুব উদ্দিন খোকন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন আছে। এই কমিশনের সবাইকে পদত্যাগ করতে হবে।”

    তিনি আরও বলেন যে চলমান আন্দোলনে কত মানুষকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

  13. ট্রাফিক পুলিশ নেই, সড়কের শৃঙ্খরা রক্ষায় শিক্ষার্থীরা

    ঢাকার অধিকাংশ রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই। সড়কের শৃঙ্খলা রক্ষায় কোথাও কোথাও শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।

  14. হামলার পর মিরপুর মডেল থানার চিত্র

    সোমবার ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত মিরপুর মডেল থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা।

  15. সোমবার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে 'বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর'-এ ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। লুটপাট করা হয়েছে সেখানকার সব মালামাল। মঙ্গলবার সকালে সেই বাড়ির কিছু ছবি।

  16. পুলিশ নেই ঢাকার 'বেশিরভাগ' থানায়, অগ্নিসংযোগ-লুটপাট

    ঢাকার যাত্রাবাড়ী, বাড্ডা, মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় রাতভর হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। সোমবার দিনব্যাপী থানায় থানায় হামলার ঘটনা ঘটে। অনেক জায়গায় পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। অবশ্য রাতে বিভিন্ন থানা থেকে সরে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    মঙ্গলবার সকালে সরেজমিন মোহাম্মদপুর থানায় গিয়ে বিবিসি বাংলার সংবাদদাতা দেখতে পান, পুরো থানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। থানা ভবনের কয়েকটি রুম থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। থানা প্রাঙ্গণে দেখা যায় পুড়ে যাওয়া বেশ কিছু গাড়ি, আসবাবপত্র।

    থানার ভেতর থেকে ফ্যান, চেয়ার-টেবিলসহ সব ধরনের জিনিসপুত্র লুট হয়ে গেছে।

    থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা সোমবারই নিরাপত্তা সংকটের কারণে থানা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান।

    মোহাম্মদপুর থানায় একজন এসআই নাম প্রকাশ না করার শর্তে জানান, থানার ভেতরে থাকা ‘সকল অস্ত্র এবং গোলাবারুদ লুট হয়ে গেছে। তবে হাজতখানায় যেসব আসামি ছিল সোমবার সকালের মধ্যেই তাদের আদালতে পাঠিয়ে দেয়ায় কোনো আসামির ক্ষতি হয়নি।’

    নিকটস্থ আদাবর থানাতেও ব্যাপক লুটপাট হয়েছে।

    থানার সামনে রাখা যানবাহন, মোটরসাইকেল এবং থানার ভেতরের জিনিসপত্র সোমবার রাতেই লুট হয়ে গেছে বলে জানা যায়।

    এই থানাতেও কোনো পুলিশ সদস্য দেখা যায়নি।

    সোমবার বাড্ডা এবং ভাটারা থানাতেও হামলা হয়। আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় থানা ভবন। থানার বাইরে রাখা সরকারি গাড়ি এবং থানার ভেতরে সবকিছুই পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় পুলিশের তরফ থেকে গুলি ছোড়া হয় বলে জানা যাচ্ছে। পরে এই দুটি থানা থেকেও সরে গেছেন পুলিশ সদস্যরা।

    এছাড়া খিলগাঁও, কদমতলী, উত্তরা পূর্ব, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগসহ বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা সোমবার সরে যান। এসব থানায় একের পর এক হামলার মুখে নিরাপত্তার কারণে থানা ভবন ত্যাগ করার নির্দেশনা আসে বলে জানিয়েছেন ডিএমপির একটি থানায় কর্মরত কর্মকর্তা।

    বংশাল, বাড্ডাসহ কোনো কোনো থানার পুলিশ সদস্যরা সোমবার রাতে থানা ত্যাগ করে রাজারবাগ পুলিশ লাইনসে আশ্রয় নেন। এসময় কোথাও কোথাও হামলার মুখে গুলি ছুড়তে দেখেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বংশালের কয়েকজন বাসিন্দা।

    এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে, রাজারবাগের পুলিশ লাইনসে সাইরেন বাজতে দেখা গেছে।

    স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ঢাকার ৫০টি থানার অধিকাংশই পুলিশবিহীন অবস্থায় রয়েছে।

    এই বিষয়ে জানতে ডিএমপির বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

  17. বাড্ডা ও ভাটারা থানায় ভাঙচু্রের চিত্র

    সরকার পতন আন্দোলন কেন্দ্র করে গতকাল দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে দেশের বিভিন্ন থানা ঘিরে। গতকাল সোমবার ঢাকার বাড্ডা ও ভাটারা থানায়ও হামলা হয়েছে।

  18. ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা

    ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর আবাসিক হল বা হোস্টেলগুলোতে শিক্ষার্থী ওঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    ছয়ই অগাস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদেরকে হলে ওঠানো হবে।

    তবে মেয়াদোত্তীর্ণ, অথবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই, অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে, অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি, এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না।

    এই সকল শিক্ষার্থীর জিনিসপত্র যদি হলে থাকে, তাহলে হলের সকল পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মাঝে নিয়ে যেতে হবে।

    অন্যথায়, হল কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে ফেলবে এবং হল তার দায় বহন করবে না বলে উল্লেখ করা হয়েছে

    হলের সিট বণ্টনের নীতিমালায়ও পরিবর্তন আনা হয়েছে। নিয়মিত সকল শিক্ষার্থী হলের সিটের জন্য আবেদন করতে পারলেও যাদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরিবহন (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও সাভার) সুবিধা আছে, তারা আবেদন করতে পারবে না।

    নোটিশে আরও বলা হয়েছে এমফিল, পিএইচডি বা সমমানের ডিগ্রি, নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন করে ভর্তি হওয়া, প্রফেশনাল মাস্টার্স, ইভনিং মার্টার্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য হলে সিট বরাদ্দ দেওয়া হবে না। তবে স্বতন্ত্র নীতিমালার ভিত্তিতে শুধু এমফিল ও পিএইচডি গবেষণারত নারী গবেষকদের ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাসে সিট বরাদ্দ করা হবে।

  19. শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের

    বাংলাদেশে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ হওয়াটা গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার সাথে সামঞ্জস্যপূর্ণ ও মানবাধিকার দ্বারা পরিচালিত হতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। ছাত্র–জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর সোমবার এক বিবৃতিতে মি. তুর্ক বলেন, কয়েকশ লোককে হত্যা ও কয়েক হাজার মানুষকে আহত করার জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।

    "পরিবর্তনটা অবশ্যই স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালিত হতে হবে এবং সকল বাংলাদেশিদের অর্থপূর্ণ অংশগ্রহণের স্বার্থে তা যেন অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত হয়। আর কোনো সহিংসতা বা প্রতিহিংসা থাকা উচিত নয়।"

    জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার আরও বলেন, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং সকল জরুরি ব্যবস্থা আন্তর্জাতিক আইনের পরিধির মধ্যে কঠোরভাবে সীমিত রাখতে হবে।

    নির্বিচারে আটক প্রত্যেক ব্যক্তিকে মুক্তি দেয়া এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সকলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে তিনি জোর দিয়েছেন।

    "বর্তমান পরিস্থিতিতে, এবং জনগণের আস্থা নিশ্চিত করার জন্য, স্বাধীনভাবে একটি তদন্ত পরিচালিত হওয়া উচিত, এবং আমার কার্যালয় এটিকে সমর্থন করার জন্য প্রস্তুত," বলছিলেন মি. তুর্ক।

    "ন্যায়বিচার ও সংস্কারের দাবিগুলো অবশ্যই মানতে হবে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা ক্রান্তিকালীন কর্তৃপক্ষ এবং সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য একটি রোড ম্যাপ হিসেবে কাজ করতে পারে," যোগ করেন মি. তুর্ক।

  20. ক্যাম্পাস খুললেও ক্লাস শুরু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে

    মঙ্গলবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

    গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশে গত ১৭ দিন ধরে কখনও শিথিল, কখনও কঠোর অবস্থায় বহাল কারফিউ আজ ভোর ৬টার শেষ হবে।

    এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ক্যাম্পাস খুললেও সহসা ক্লাস শুরু হচ্ছে না। বা, কবে ক্লাস শুরু হবে সে বিষয়ে এখনও কোনও দিকনির্দেশনা দেওয়া হয়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসার মুন্না মঙ্গলবার সকালে বিবিসিকে বলেন, “হলগুলো কাল থেকেই খুলে দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনও একাডেমিক কার্যক্রম চলছে না। ভিসি-প্রক্টরকে তো মানছে না কেউ। আল্টিমেটলি এখন কোনও অথরিটি নাই।”

    তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার জানান, আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক আছে। সেখানে সব সিদ্ধান্ত নেওয়া হবে।

    এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

    এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর হাসিব বিবিসি বাংলাকে বলেন, “আজ হলগুলো খোলা হবে। কিন্তু ক্লাস শুরু হতে ‘সম্ভবত’ দেরি হবে। কারণ শিক্ষার্থীরা অনেকে বাড়ি গেছে। তাদের ফিরে আসতে হবে। শিক্ষকদেরও ক্লাস নেওয়ার জন্য একটা প্রস্তুতি থাকা লাগে।”

    শিক্ষা কার্যক্রম বাদে ‘বিশ্ববিদ্যালয়ের অফিস-হল, সবকিছু এখন খোলা’ বলে যোগ করেন তিনি।

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুপম মল্লিক আদিত্যও জানান, ক্যাম্পাস খুলেছে, তবে ক্লাস চালু হয়নি।

    কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল, তার মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম।

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর কাদির বিবিসি বাংলাকে বলেন, সেখানে এখনও হল খোলা হয়নি।

    “হল যেহেতু অফ, সেহেতু ক্লাস শুরু হতে দেরি হবে। তবে যেহেতু এখন কোনও প্রশাসনিক কাঠামো নাই, তাই শুনেছি যে আজ শিক্ষার্থীরা নিজেরাই হল খুলে ঢুকবে।”

    তিনি আরও জানান যে সেখানে আজ ১১টায় ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক’ এর সমাবেশ আছে।