ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক মাধ্যমে
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা জুড়ে 'নো কিংস' বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন।
সরাসরি কভারেজ
সৌদি আরব ১০টি ড্রোন প্রতিহত করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়
গত কয়েক ঘণ্টায় ১০টি ড্রোন
প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ
মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতসহ উপসাগরীয়
অন্যান্য দেশগুলোও গত রাতে তাদের ওপর হামলার খবর জানিয়েছে।
দুবাইয়ে অবস্থানরত বিবিসির সংবাদদাতা জানিয়েছেন,
গত ২৪ ঘণ্টায় এই অঞ্চল বারবার হামলার শিকার হয়েছে। যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ
অবকাঠামোও রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আবার শুরু
ছবির ক্যাপশান, দুই সপ্তাহ মুলতুবির পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ রোববার দুপুরে আবার শুরু হয়েছে।
দুই সপ্তাহ মুলতুবির পর বাংলাদেশের ত্রয়োদশ জাতীয়
সংসদ রোববার দুপুরে আবার শুরু হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের
মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়েছে।
আগামী ৩০শে এপ্রিল এই
অধিবেশন চলবে। এ সময়ে রাষ্ট্রপতির ভাষণের ওপরে মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নিয়েছেন।
সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল তিনটায়
অধিবেশনের বৈঠক বসবে। গত ১৪ই মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা
কমিটির প্রথম বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছে মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির গাড়ি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যে কোনো ভবিষ্যৎ শান্তি আলোচনায়
উপসাগরীয় দেশগুলো নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।
এ লক্ষ্যে আজ ইসলামাবাদে বৈঠকে বসতে যাচ্ছেন মিসর, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা।
দুইদিন ব্যাপী এ আলোচনার মূল আলোচ্য বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং সবশেষ যুদ্ধে হুথিদের যোগদান - সব মিলে মধ্যপ্রাচ্যে যে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে করনীয় নির্ধারণ করা।
এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্য একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর এবং তুরস্ক।
উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা
ছবির উৎস, Getty Images
গত ২৪ ঘণ্টায় পারস্য উপসাগরীয় দেশগুলোর ওপর দফায় দফায় হামলা হয়েছে, যর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোও রয়েছে।
তবে, এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি কোন দেশ বা গোষ্ঠী।
গত কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সংযুক্ত
আরব আমিরাতের ওপর সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে,
আবুধাবিতে তাদের প্রধান কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি
হয়েছে।
ওই হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত
হয়েছেন।
বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম
উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইনেও হামলা চালানো হয়েছে।
এছাড়া হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমান
বন্দরের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্থনীতি এবং জীবনযাত্রা হুমকির মুখে পড়ায়
উপসাগরীয় দেশগুলো ভবিষ্যতে যে কোনো শান্তি আলোচনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার
প্রতি গুরুত্বারোপ করেছে।
তবে পরবর্তী পদক্ষেপ কী হবে এবং ইরান বা
যুক্তরাষ্ট্রের সাথে এই অঞ্চলের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি নিয়ে দেশগুলোর মধ্যে
মতপার্থক্য রয়েছে।
শনিবার সারাদিন যা যা হলো
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে।
মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে কাতার ও ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে একে অপরের সাথে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ।
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে “বিস্তারিত” ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ২৯ ও ৩০শে মার্চ ইসলামাবাদের বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নেপালে গত বছর সংঘটিত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এদিকে, তাকে গ্রেফতারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে 'অসন্তোষ রয়েছে' বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।