যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে। এদিকে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এসব হামলার "ভয়াবহ" জবাব দেবে ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা হলো

    • ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে।
    • মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে কাতার ও ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে একে অপরের সাথে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ।
    • ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন তিনি।
    • প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
    • মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে।
    • পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে “বিস্তারিত” ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।
    • পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ২৯ ও ৩০শে মার্চ ইসলামাবাদের বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
    • নেপালে গত বছর সংঘটিত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এদিকে, তাকে গ্রেফতারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
    • বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে 'অসন্তোষ রয়েছে' বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।
    • বাংলাদেশে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় করতে প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ২০টি মিসাইল ও ৩৭টি ড্রোন প্রতিহতের তথ্য দিল সংযুক্ত আরব আমিরাত

    মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, মধ্যপ্রাচ্যের এমন দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান, চৌঠা মার্চ তোলা ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, মধ্যপ্রাচ্যের এমন দেশগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান; চৌঠা মার্চ তোলা ছবি

    সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৩৭টি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে।

    সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের পক্ষ থেকে ‘সরাসরি হামলা’ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশাল সংখ্যক আক্রমণ মোকাবিলা করেছে।

    যার মধ্যে ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ মিসাইল এবং এক হাজার ৮৭২টি ড্রোন রয়েছে বলে দাবি করা হয়েছে।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আট জনই বেসামরিক নাগরিক।

    সম্প্রতি আবুধাবির খলিফা ইকোনমিক জোনের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে পাঁচজন জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

    ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো ধরনের উসকানিমূলক হামলার কঠোর জবাব দিতে প্রস্তুত।

  3. দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন জন সাংবাদিক নিহত, লিনা সিনজাব, মধ্যপ্রাচ্য প্রতিনিধি

    লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, লেবাননের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

    দক্ষিণ লেবাননের জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন সংবাদকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

    নিহতদের মধ্যে রয়েছেন- হেজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভির রিপোর্টার আলী শোয়েব এবং আল-মায়াদিন টেলিভিশনের দুই সংবাদকর্মী ফাতিমা ও মোহাম্মদ ফেতানি।

    আলী শোয়েবকে হত্যার কথা স্বীকার করলেও একটি গুরুতর অভিযোগ তুলেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    তাদের দাবি, আলী শোয়েব সাংবাদিকের ছদ্মবেশে হেজবুল্লাহর একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। তবে লেবাননের সংবাদমাধ্যমগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে।

    এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি একে একটি ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, "যুদ্ধকালীন সাংবাদিকদের সুরক্ষার যে আন্তর্জাতিক আইন রয়েছে, এই হামলা তার চরম লঙ্ঘন।"

    যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। গত সপ্তাহে এক হামলায় প্রাণ হারান আল-মানার টেলিভিশনের উপস্থাপক মোহাম্মদ শেরি এবং তার স্ত্রী।

    এদিকে লেবানন জুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এগারো’শর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১২০ জনই শিশু।

    লেবাননের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে যে, ইসরায়েল গাজায় ব্যবহৃত বিতর্কিত কৌশলগুলো এখানেও প্রয়োগ করছে।

    তাদের অভিযোগ, বেসামরিক নাগরিক, সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও ইসরায়েল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

  4. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি সংক্রান্ত গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া, দাবি জেলেনস্কির, ভিতালি শেভচেঙ্কো, প্রধান বিশ্লেষক, বিবিসি মনিটরিং

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

    ছবির উৎস, LightRocket via Getty Images

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে এবং দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে হামলার জন্য ইরানকে সহায়তা করছে।

    দিয়েগো গার্সিয়া চাগোস দ্বীপপুঞ্জের অংশ—যা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল নামে পরিচিত।

    সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলেনস্কি তার ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। তিনি দাবি করেন, রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া ঘাঁটি এবং উপসাগরজুড়ে তেলের কূপগুলোর ওপর নজরদারি চালাচ্ছে।

    জেলেনস্কি ইঙ্গিত দেন, এই গোয়েন্দা তথ্য ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে যাতে দেশটির হামলায় সহায়তা করা যায়।

    ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ইরানে যুদ্ধের কারণে সৃষ্টি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট যাতে ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতাকে প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন।

    বিবিসির এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে এখনো পর্যাপ্ত জ্বালানি রয়েছে।

  5. কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করলো ইউক্রেন, কেটি ওয়াটসন, দোহা থেকে প্রতিবেদন

    সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও চুক্তি করেছে ইউক্রেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও চুক্তি করেছে ইউক্রেন

    মধ্যপ্রাচ্যজুড়ে বাড়তে থাকা ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে কাতার ও ইউক্রেন একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

    এই চুক্তির ফলে একে অপরের সাথে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধের অভিজ্ঞতা বিনিময় করবে দুই দেশ।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে উপসাগরীয় দেশগুলোতে এক ঝটিকা সফরে বের হয়েছেন। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর কাতারের সাথে এই চুক্তিটি তার সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

    কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষ বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। ইউক্রেনের পক্ষে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রি নাটোভ এবং কাতারের পক্ষে কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মোহাম্মদ আল-মান্নাই চুক্তিতে স্বাক্ষর করেন।

    এই চুক্তির ফলে দুই দেশ কেবল প্রযুক্তিগত সহযোগিতাই নয়, বরং প্রতিরক্ষা খাতে পারস্পরিক বিনিয়োগের পথও প্রশস্ত করল।

    গত এক মাসে ইরানের সাথে শুরু হওয়া যুদ্ধে যেসব দেশ হামলার শিকার হয়েছে, তাদের নিজেদের ড্রোন ও মিসাইল প্রতিরক্ষা অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে চায় ইউক্রেন।

    রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে ইউক্রেনের এমন মিত্র প্রয়োজন যাদের আর্থিক সক্ষমতা এবং সামরিক রসদ সরবরাহের সামর্থ্য অনেক বেশি।

    বিশেষ করে বর্তমানে যখন আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকেই বেশি, তখন কাতার বা সৌদির মতো দেশগুলোর সমর্থন কিয়েভের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

  6. নেপালে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের কিছু ছবি

    রাস্তা আটকে বিক্ষোভ করছেন কেপি শর্মা ওলির সমর্থকরা

    ছবির উৎস, Nepal Photo Library

    ছবির ক্যাপশান, সড়ক আটকে বিক্ষোভ করছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সমর্থকেরা
    কেপি শর্মা ওলিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে তার দল সিপিএন-ইউএমএল

    ছবির উৎস, BBC/Ishwor Joshi

    ছবির ক্যাপশান, কেপি শর্মা ওলিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে তার দল সিপিএন-ইউএমএল
    নেপালের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে

    ছবির উৎস, Nepal Photo Library

    ছবির ক্যাপশান, নেপালের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে
    বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ

    ছবির উৎস, Nepal Photo Library

    ছবির ক্যাপশান, বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ
  7. সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতারের পর নেপালের বিভিন্ন স্থানে বিক্ষোভ

    নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

    নেপালে গত বছর সংঘটিত রক্তাক্ত বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে।

    শনিবার ভোরে নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে গ্রেফতারের পরপরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৭৪ বছর বয়সী এই নেতাকে কাঠমান্ডুর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

    এদিকে, কেপি শর্মা ওলিকে গ্রেফতারের প্রতিবাদে নেপালের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

    গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপালজুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়।

    মূলত দুর্নীতি এবং অর্থনৈতিক সংকটের ক্ষোভ থেকেই এই আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। সেই সময় পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ আন্দোলনকারী।

    বিক্ষোভ দমনে সরকারি ভূমিকা তদন্তে গঠিত একটি প্যানেল সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে 'ফৌজদারি অবহেলার' অভিযোগে বিচারের সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই শনিবার ওলির পাশাপাশি রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে।

    কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী গ্রেফতারি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ওলির বয়স এবং তার দু’বার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    নেপালে এই নাটকীয় গ্রেফতারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মাত্র একদিন আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩৫ বছর বয়সী র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন শাহ।

    সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হননি। তবে ওলি এর আগেই তদন্ত কমিটির এই প্রতিবেদনকে 'চরিত্রহনন এবং ঘৃণার রাজনীতি' বলে প্রত্যাখ্যান করেছিলেন।

  8. প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্যে জেলেনস্কি

    ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেছেন

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাৎ করেছেন

    মধ্যপ্রাচ্যজুড়ে রকেট ও ড্রোন হামলা অব্যাহত থাকায় অঞ্চলটি এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, লেবানন, কুয়েত এবং ইসরায়েল- সব দেশই ভয়াবহ হামলার খবর দিয়েছে।

    এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

    সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন জেলেনস্কি। এই চুক্তির আওতায় ইউক্রেন তাদের অত্যাধুনিক ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি ও অভিজ্ঞতা সৌদি আরবের সাথে শেয়ার করবে।

    জেলেনস্কি বলেন, "গত চার বছর ধরে রাশিয়া যেভাবে ইউক্রেনে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, সৌদি আরবও বর্তমানে ইরানের পক্ষ থেকে ঠিক একই ধরনের হুমকির সম্মুখীন। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে মানুষের জীবন বাঁচাতে সৌদি আরবকে সাহায্য করতে প্রস্তুত।"

    সৌদি আরবে চুক্তি শেষ করে জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাতের সামরিক নেতাদের সাথে বৈঠক করেছেন এবং শনিবার কাতারে অবস্থান করছেন তিনি।

    ইউক্রেনীয় কয়েকটি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বিবিসি-কে নিশ্চিত করেছে যে, উপসাগরীয় দেশগুলো তাদের কাছে সরাসরি কারিগরি সহায়তা চেয়েছে।

    এদিকে সম্প্রতি খবর ছড়িয়েছে যে, ইরান দুবাইয়ে অবস্থিত ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম গুদাম ধ্বংস করে দিয়েছে। তেহরান এই দাবি করলেও কিয়েভ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

    ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, এটি একটি সাজানো মিথ্যা তথ্য বা অপপ্রচার।

  9. যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক: জানালো ইরান

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের কথা জানিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারা এই সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আগ্রহী।

    সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    যেখানে যুদ্ধ বন্ধে আঙ্কারার প্রচেষ্টার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আরাঘচি।

    এর আগে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের তীব্রতা কমানোর লক্ষ্যে ২৯ ও ৩০শে মার্চ ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে তুরস্কের পাশাপাশি সৌদি আরব এবং মিসরও অংশগ্রহণ করবে।

    চলমান যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হচ্ছে আঙ্কারাকে।

    কারণ একদিকে প্রতিবেশী দেশ ইরানের সাথে ৩০০ মাইলেরও বেশি দীর্ঘ সীমান্ত অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশীদার তুরস্ক।

  10. প্রতিবেশী দেশগুলোকে আবারও সতর্ক করলো ইরান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

    ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এসব হামলার "ভয়াবহ" জবাব দেবে ইরান।

    একই সাথে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

    তিনি লিখেছেন, "আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না"।

    গত কয়েক দিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অতি-গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

    যার মধ্যে ইস্পাহান ও খুজেস্তান প্রদেশের মোবারাকে স্টিল ইন্ডাস্ট্রিজ, মারকাজি প্রদেশের খান্দাব ভারী পানি উৎপাদন কেন্দ্রও রয়েছে।

    ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

    এছাড়া সৌদি আরবের রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  11. দ্বিতীয় মাসে গড়ালো ইরান যুদ্ধ, ফ্রেয়া স্কট-টার্নার, লাইভ রিপোর্টার

    প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

    প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে এক মাস ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

    অন্যদিকে ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

    ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার একদিন পরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে যে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে।

    হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘুদের (জাইদি সম্প্রদায়) প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী।

    ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

    এদিকে বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে গত রাতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এমন এক সময়ে এই হামলা হলো যখন দেশটি টানা চার সপ্তাহ ধরে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ এর মধ্য দিয়ে যাচ্ছে।

    এছাড়া এই যুদ্ধের উত্তাপ এখন কেবল নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে বিপুল সংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

    সৌদি আরবের রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতির’ খবর পাওয়া গেছে।

    যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব বাজারেও। টানা চার সপ্তাহ ধরে দরপতনের শিকার হয়ে মার্কিন শেয়ার বাজারের তিনটি প্রধান সূচকই শুক্রবার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।

    জেরুজালেমে অবস্থানরত সংবাদ বিশ্লেষকদের মতে, হুথিদের এই সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিলো।

  12. এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান

    চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান

    ছবির উৎস, NetBlocks

    ছবির ক্যাপশান, চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে।

    সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, টানা এক মাস ধরে চলা এই ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিভ্রাট ইরানি নাগরিকদের তথ্য পাওয়া এবং যোগাযোগের মৌলিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে।

    নেটব্লকস জানিয়েছে, গত চার সপ্তাহ ধরে ইরানিরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তবে এটিই দেশটিতে এ বছরের প্রথম ইন্টারনেট বিচ্ছিন্নতা নয়।

    এর আগে গত জানুয়ারি মাসে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীনও কয়েক সপ্তাহের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল দেশটির প্রশাসন।

    ইরান বর্তমানে একটি দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থা পরিচালনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    যার প্রথম স্তরে কেবল ক্ষমতাসীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং শাসনব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পান।

    আর দ্বিতীয় স্তরে সাধারণ নাগরিকদের জন্য মূল ইন্টারনেট নেটওয়ার্ক সীমিত রাখা হয়েছে। তাদের অধিকাংশকেই বাধ্য হয়ে দেশটির নিজস্ব ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ ব্যবহার করতে হচ্ছে, যা মূলত একটি অভ্যন্তরীণ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত ডমেস্টিক নেটওয়ার্ক।

  13. যুদ্ধের এক মাসে ইরানে বেসামরিক প্রাণহানি কত?

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইরান

    ছবির উৎস, Shutterstock

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করছে ইরান

    যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানাচ্ছে, গত ২৮শে ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে এক মাসে— ইরানে অন্তত ২১৭ শিশুসহ এক হাজার ৪৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, তারা ইরানের বিভিন্ন স্থানে ১২ হাজারেরও বেশি বোমা বর্ষণ করেছে এবং শুধু তেহরানের ওপরেই ফেলেছে ৩৬০০টি বোমা।

    মার্কিন সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে, তারা ইরানজুড়ে নয় হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    মার্কিন ও ইসরায়েলি হামলাগুলোর অনেকগুলোই লক্ষ্য করেছে পুলিশ স্টেশন, বাসিজ মিলিশিয়া ভবন, পুলিশ সদরদপ্তর, সামরিক ও পুলিশ বিশ্ববিদ্যালয়, সেফ হাউস, আইআরজিসি সদস্যদের বাসভবন, সম্ভাব্য গোলাবারুদ মজুতস্থল এবং চেকপয়েন্টগুলোকে।

    এসব লক্ষ্যবস্তুর অনেকই ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত।

    বাসিন্দারা বিবিসি আই-কে বলেছেন, আবাসিক এলাকায় হামলার ফলে ক্ষোভ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে—এমনকি তাদের মধ্যেও, যারা আগে ইরানি সরকারের সমালোচক ছিলেন।

    বিবিসি এ প্রতিবেদনে উল্লেখিত ঘটনাগুলো নিয়ে আইডিএফ-এর সঙ্গে যোগাযোগ করে। তারা হামলার বিষয়টি নিশ্চিত করলেও আর কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি।

    ইরানও যুদ্ধের মধ্যে পার্শ্ববর্তী দেশগুলোর বেসামরিক স্থাপনা ও আবাসিক ভবনে হামলা চালিয়েছে—যেমন বিমানবন্দর ও হোটেল—বিশেষ করে ওয়াশিংটন–মিত্র উপসাগরীয় দেশগুলোতে।

    তেহরানে বাসিন্দারা ইরানি কর্তৃপক্ষের যুদ্ধ-পরবর্তী ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবিসিকে বলেন, মৌলিক নিরাপত্তামূলক পদক্ষেপ—যেমন জনশরণার্থী কেন্দ্র, সরিয়ে নেওয়ার সহায়তা, বা বাস্তুচ্যুতদের অস্থায়ী আবাসন—এর দৃশ্যমান কোনো ব্যবস্থা ছিল না।

    স্পষ্ট নির্দেশনার অভাবে এবং চলমান ইন্টারনেট বিভ্রাটের মধ্যে অনেকেই নিজেদের অসুরক্ষিত ও অনিশ্চিত মনে করছেন।বিশেষ করে পরবর্তী হামলা কখন বা কোথায় হবে তা না যেখানে জানা সম্ভব নয়।

    ইরানি সরকার এখনো দেশজুড়ে কোনো সমন্বিত বেসামরিক প্রতিরক্ষা প্রটোকল প্রকাশ করেনি।

  14. ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ‘এক ঘণ্টারও বেশি’ ফোনালাপের দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

    ছবির উৎস, Reuters

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে “বিস্তারিত” ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।

    এক্স-এ লিখে শরিফ বলেন, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন- যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে “সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার” উদ্যোগ নিচ্ছেন তারা।

    পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।

    শরিফ আরও বলেন, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের “সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি” ব্যক্ত করেছেন।

  15. সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার

    পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, দেশটি ২৯ ও ৩০শে মার্চ ইসলামাবাদে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে।

    তিনি এক্স-এ প্রকাশিত বিবৃতিতে লিখেছেন, তারা “গভীর আলোচনা” করবেন, যার মধ্যে থাকবে “অঞ্চলে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা” সম্পর্কিত আলাপ।

    মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে তাদের পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন।

    অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান।

    এ ছাড়া দেশটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাবও দিয়েছে—যদিও তা অনুষ্ঠিত হবে কি না, এখনো নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহের শুরুর দিকে দার বলেন, পাকিস্তানের মাধ্যমে “বার্তা বিনিময়ের” মাধ্যমে “পরোক্ষ আলোচনা” চলছে।

    ট্রাম্পও এ সপ্তাহের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্স পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং সেটি ট্রুথ সোশালে পোস্ট করেন। ওই পোস্টে শরিফ লিখেছিলেন, পাকিস্তান আলোচনার আয়োজন করতে “প্রস্তুত”।

  16. সংসদের শব্দযন্ত্রে গোলযোগ ‘ইচ্ছাকৃত’ কি না জানতে তদন্ত কমিটি

    সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ হুইপ নূরুল ইসলাম

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ হুইপ নূরুল ইসলাম

    সংসদের প্রথম অধিবেশনে হওয়া শব্দযন্ত্রে গোলযোগের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। তেসরা এপ্রিলের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।

    শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের, সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান মি. ইসলাম।

    তিনি বলেন, “এখানে একটি স্যাবেটাজ হয়েছে বলে আমরা ধারণ করি।”

    মি. ইসলাম জানান, সাউন্ড সিস্টেমে কেন সমস্যা হয়েছে সেটি জানতে বুয়েটের বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হচ্ছে।

    "দুটি বিষয় এখানে দেখা হবে, প্রথমত কোনো স্যাবোটাজ হয়েছে কি না এবং আরেকটি হলো আসলে সাউন্ড সিস্টেমে কি সমস্যা হয়েছে ও সেটি সমাধানের পদ্ধতি কী?," বলেন তিনি।

    গত ১২ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই শব্দযন্ত্রে সমস্যা দেখা দেয়। এই জটিলতায় সেদিন বেশ কিছু সময় অধিবেশন বন্ধও রাখতে হয়েছিল। পরদিনও একই সমস্যা থাকায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিরোধী দলের এক সংসদ সদস্য।

    এছাড়া সংসদ কমিটির বৈঠকে এমপিদের আবাসন ও চিকিৎসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ।

    ঢাকা শহরে আবাসন রয়েছে এমন সংসদ সদস্যরাও সরকারি ফ্ল্যাট পাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাটাগরি অনুযায়ী কমবেশি সবাই আবাসন সুবিধা পাবেন।

    “যানজটের কারণে অনেক সময় সংসদ সদস্যরা সময়মতো সংসদে আসতে পারেন না। তাদের কাজের সুবিধার জন্যই কাছাকাছি থাকা দরকার,” বলেন মি. ইসলাম।

  17. মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে বিশাল মার্কিন বিমানবাহী রণতরী

    মার্কিন বিমানবাহী রণতরী

    ছবির উৎস, NurPhoto via Getty

    মার্কিন যুক্তরাষ্ট্রের ভাসমান এয়ারবেস ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ—যা ৮০টিরও বেশি বিমান বহন করতে পারে—মধ্যপ্রাচ্যের ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এটিকে মোতায়েন করা হবে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে।

    মার্কিন কর্মকর্তারা সিবিএসকে বলেন, রণতরীটি এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন তারা ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে যোগ দিতে পারে।

    দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন—এই সপ্তাহে ইরানে চলমান মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছে।

    আরেকটি ডেস্ট্রয়ার— ইউএসএস রস, এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে, যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।

  18. লেবাননে সাম্প্রতিক হামলায় ক্ষয়ক্ষতির কিছু ছবি

    লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে ইসরায়েলি হামলার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

    আর উত্তরে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে হামলা চালানোর খবর জানিয়েছে লেবাননে সক্রিয় ইরান-সমর্থিত হেজবুল্লাহ গোষ্ঠী।

    দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক চিকিৎসা কর্মীরা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিক চিকিৎসাকর্মীরা
    বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণ করছেন লেবাননের নাবাতিয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি সতর্কবার্তার পরও থেকে যাওয়া বাসিন্দাদের মধ্যে খাদ্য বিতরণ করছেন লেবাননের নাবাতিয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা
    বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে
    দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন চলাচল করছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন চলাচল করছে
  19. পুলিশের পোশাক পরিবর্তনের আভাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বর্তমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত, ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, “বিভিন্ন পর্যায়ে আলাপ করে এবং সর্বস্তরের পুলিশ কর্মকর্তাদের সাথে আলাপ করে যেটা অনুধাবন করেছি বর্তমান যে পোশাক এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়।”

    আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে পুলিশ বাহিনী পায় সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, পুলিশ "কোনো দল বা গোষ্ঠির লাঠিয়াল বাহিনী নয়" বলেই মনে করে বর্তমান সরকার। পুলিশকে দলীয় প্রভাব মুক্ত রেখে স্বাধীন, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

    ২০২৫ সালের নভেম্বরে পুলিশের নতুন পোশাক চালু করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ২০২৫ সালের নভেম্বরে পুলিশের নতুন পোশাক চালু করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, ফাইল ছবি
  20. ইসরায়েলে হামলার দাবি হুথিদের

    ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটাই প্রথম হামলার দাবি এই সশস্ত্র গোষ্ঠীর।

    গোষ্ঠীটি জানিয়েছে, তারা “সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে” একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে এই হামলা করেছে তারা।

    তারা আরও বলেছে, সব ফ্রন্টে “আগ্রাসন” বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।

    এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র আটকেছে।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে লিখেছে, “ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।”

    এর কমপক্ষে ১৫ মিনিটেরও কম সময় পর আইডিএফ দেশজুড়ে মানুষকে সুরক্ষা আশ্রয় ছেড়ে বের হওয়া নিরাপদ বলে ঘোষণা করে।

    এর আগে হুথিদের একজন মুখপাত্র বলেছিলেন, ইরানে হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেবে।

    তারবিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুর “ইরান, ফিলিস্তিন ও গাজা, ইরাক এবং লেবাননের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের” জবাব হিসেবে এই অবস্থান নেওয়া হয়েছে।