আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা, ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা

'খুব ভালো আলোচনা হচ্ছে' বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও, ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান অনড় অবস্থানে রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আপ বাংলাদেশের প্রায় অর্ধশত নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান শুরু

    সোমবার থেকে ঢাকাসহ সারাদেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। সোমবার প্রায় ১১ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

    দেশে হাম ও হাম সন্দেহে মৃত্যুর পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়ায় হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চালু করে সরকার। হামের টিকার জরুরি এই ক্যাম্পেইন শুরু হয়েছিল গত ৫ই এপ্রিল।

    এর আগে ঝূঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলা, ১৪ পৌরসভা ও চার সিটি কর্পোরেশনে টিকা দেওয়া হয়েছিল। এখন এর বাইরের এলাকাগুলোতেও টিকা দেওয়া হবে।

    সম্প্রসারিত টিকাদান কর্মসূচির বা ইপিআই’র কর্মকর্তারা জানান, এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়া হচ্ছে।

    কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশু এমআর টিকা পাচ্ছে।

  2. ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে, প্রশ্ন ইরানি প্রেসিডেন্টের

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।

    তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট।

    প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি বা আইএসএনএ এই তথ্য জানায়।

    ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘ট্রাম্প বলেছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি এটি বলছেন না যে, কোন অপরাধে এ বাধা দেওয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?”

    পারমাণবিক ইস্যুতে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি প্রেসিডেন্ট এ কড়া প্রতিক্রিয়া জানালেন।

  3. হরমুজ প্রণালি থেকে আরো দুইটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে ইরান

    হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে আজ রোববার দুটি তেলবাহী ট্যাংকার ফিরিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি।

    ইরানের আইআরজিসি ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের নৌ অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় দুইটি তেলবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে।

    তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী এই দুটি ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে আইআরজিসি সেগুলোর গতিপথ পরিবর্তন করে পিছু হটতে বাধ্য করায়।

    এর আগে ইরান ঘোষণা দিয়েছে যে, তাদের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। মূলত ওই ঘোষণার পরই হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় ইরান।

  4. জ্বালানি তেলের পর এবার দাম বাড়লো এলপিজির

    বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি’র দাম বাড়ানো হয়েছে। এক লাফে কেজি প্রতি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

    বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বা বিইআরসি ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ (রোববার) সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।

    বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৬১ টাকা ৬৬ পয়সা।

    এতে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে এক হাজার ৯৪০ টাকায় দাঁড়াবে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

    এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল।

  5. হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

    ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল তেহরান।

    জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।

    তবে উপসাগরজুড়ে বিশেষ করে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি অনেকগুলো জাহাজকে নোঙর করে থাকতে দেখা গেছে।

    গতকাল (শনিবার) গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে কিছু জাহাজ চলাচল করেছিল, কিন্তু তেহরান প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেই তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

    শনিবার কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানার খবর পাওয়া গেছে। একই দিনে একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও ঘটেছিল।

  6. যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা, ইসলামাবাদে কড়া নিরাপত্তা ব্যবস্থা

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় পর্বের জন্য এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি; তবুও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

    তুরস্ক ও মিশরের সমর্থনে এই আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন।

    বিবিসি উর্দুর খবরে বলা হয়েছে, এই সম্ভাব্য আলোচনাকে ঘিরে ইসলামাবাদের বৃহৎ পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে যেতে বলেছে।

    ম্যারিয়ট হোটেল এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তান সরকার রোববার বিকাল তিনটা থেকে পুরো হোটেলটি বুকিং করে রেখেছে। যে কারণে সকল অতিথিকে বিকাল তিনটার মধ্যে হোটেল ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে’।

    এই সিদ্ধান্তের কারণে হোটেল কর্তৃপক্ষ তাদের অতিথিদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছে।

    অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রথম পর্ব যে সেরেনা হোটেলে অনুষ্ঠিত হয়েছিল, সেই হোটেলটিও আগামী কয়েক দিনের জন্য বুকিং স্থগিত রেখেছে।

    রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের স্থানীয় কর্তৃপক্ষও রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণ ও পণ্য পরিবহন স্থগিত রাখার আদেশ জারি করেছে।

    যদিও পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইরানের সরকার ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

    যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি ছিল সেটি মঙ্গলবার শেষ হচ্ছে।

  7. সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

    বর্তমান সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

    তিনি বলেন, “এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ, এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, “সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশে ইমপোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি”।

    দাম বাড়ানোর প্রভাব কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দাম বাড়া মানেই তো বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে”।

  8. এনসিপিতে যোগ দিয়েছেন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বসহ প্রায় অর্ধশত নেতাকর্মী

    জাতীয় নাগরিক পার্টিতে বা এনসিপিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।

    রোববার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ আরো শীর্ষ নেতাদের অনেকে।

    এনসিপিতে যোগ দেওয়া রাফে সালমান রিফাত বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের দলের আহ্বায়ক ও শীর্ষ নেতৃত্বসহ অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

    আপ বাংলাদেশ থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের সবাই ওই প্লাটফরম থেকে পদত্যাগ করেই এই দলে যোগ দিয়েছেন বলেও জানান মি. রিফাত।

    এদিন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

    এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপিতে যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছিল।

  9. অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

    ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক টিমের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

    তিনি এটিও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে আলোচনা মাত্র দুয়েকটি বিষয়ে আটকে আছে। যদিও সেই বিষয়গুলো কী এবং কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলেন নি।

    অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধ বন্ধ নিয়ে এখনো বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। একটি সমঝোতা হবে বলেই তিনি মনে করছেন।

    তবে তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালি থাকা একটি জাহাজ ইরানি গানবোটের গুলির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

  10. গতকাল যা যা ঘটেছে:

    • বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার, ফলে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।
    • হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।
    • লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সকালে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার ঘটনায় তাদের জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছে হেজবুল্লাহ।
    • বাংলাদেশে “শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ”- এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
    • ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা চলছে"। তিনি উল্লেখ করেন, ইরান এমনভাবে আচরণ করছে, যেভাবে তারা “৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে”।
    • ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু বা ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে জাহাজটির কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। আইআরজিসি এর বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
    • বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
    • বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে