লাইভ, অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

'খুব ভালো আলোচনা হচ্ছে' বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও, ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান অনড় অবস্থানে রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আপ বাংলাদেশের প্রায় অর্ধশত নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। দিনের উল্লেখযোগ্য খবরগুলো জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

    পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার কথা বলছে সরকার

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকার কথা বলছে সরকার

    বর্তমান সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

    রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

    তিনি বলেন, “এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ, এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, “সারা বিশ্ব তেলের দাম অ্যাডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশে ইমপোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি”।

    দাম বাড়ানোর প্রভাব কেমন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দাম বাড়া মানেই তো বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে”।

  2. এনসিপিতে যোগ দিয়েছেন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্বসহ প্রায় অর্ধশত নেতাকর্মী

    রোববার দুপুরে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠান শেষে কথা বলেন নাহিদ ইসলাম

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, রোববার দুপুরে এনসিপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠান শেষে কথা বলেন নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টিতে বা এনসিপিতে যোগ দিয়েছেন ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় অর্ধশত নেতাকর্মী।

    রোববার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদসহ আরো শীর্ষ নেতাদের অনেকে।

    এনসিপিতে যোগ দেওয়া রাফে সালমান রিফাত বিবিসি বাংলাকে জানিয়েছেন, তাদের দলের আহ্বায়ক ও শীর্ষ নেতৃত্বসহ অন্তত ৩৬ জন এনসিপিতে যোগ দিয়েছেন।

    আপ বাংলাদেশ থেকে যারা এনসিপিতে যোগ দিয়েছেন তাদের সবাই ওই প্লাটফরম থেকে পদত্যাগ করেই এই দলে যোগ দিয়েছেন বলেও জানান মি. রিফাত।

    এদিন আপ বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও এনসিপিতে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হকসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

    এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপিতে যুক্ত হয়েছেন তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে একই লক্ষ্যে কাজ করেছিল।

  3. অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, সমঝোতা নিয়ে অনিশ্চয়তা

    তেহরানে একটি বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত একটি ভবনের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে

    ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচক টিমের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

    তিনি এটিও বলেছেন যে, দুই পক্ষের মধ্যে আলোচনা মাত্র দুয়েকটি বিষয়ে আটকে আছে। যদিও সেই বিষয়গুলো কী এবং কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত তিনি কিছু বলেন নি।

    অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প এখনো যুদ্ধ বন্ধ নিয়ে এখনো বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন দুই পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। একটি সমঝোতা হবে বলেই তিনি মনে করছেন।

    তবে তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালি থাকা একটি জাহাজ ইরানি গানবোটের গুলির মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

  4. গতকাল যা যা ঘটেছে:

    • বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার, ফলে বেড়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম।
    • হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলির ঘটনায় ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছে, তেহরান “যুদ্ধের চূড়ান্ত অবসান এবং অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ”।
    • লেবাননের দক্ষিণাঞ্চলে শনিবার সকালে একজন ফরাসি শান্তিরক্ষী নিহত ও আরও তিনজন আহত হওয়ার ঘটনায় তাদের জড়ির থাকার অভিযোগ অস্বীকার করেছে হেজবুল্লাহ।
    • বাংলাদেশে “শিশুদের হামের টিকা না দেওয়ার ফলে বিগত দুই সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ”- এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • অ্যাসোসিয়েশন অফ ইরানি এয়ারলাইনসের সেক্রেটারি মাকসুদ আসাদি সামানি বলেছেন, তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরসহ মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদানের বিমানবন্দর আবার চালু করা হয়েছে।
    • ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ বলে দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এসএনএসসি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে “খুব ভালো আলোচনা চলছে"। তিনি উল্লেখ করেন, ইরান এমনভাবে আচরণ করছে, যেভাবে তারা “৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে”।
    • ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু বা ‘প্রজেক্টাইল’ আঘাত হেনেছে, যার ফলে জাহাজটির কিছু কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। আইআরজিসি এর বরাত দিয়ে ফারস নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
    • বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরে গত দুই মাসে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
    • বাংলাদেশে আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে