‘আমি যা করছি, তা বেশ কার্যকর’- ইরানকে হুমকির বিষয়ে বিবিসিকে ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান এবং হুমকিগুলো কতটা কার্যকর, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমি যা-ই করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে।”
বিবিসির উত্তর আমেরিকা সম্পাদক সারাহ স্মিথ এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, এ মাসের শুরুর দিকে তিনি যে বলেছিলেন “আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে”- সেটি কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল?
উত্তরে ট্রাম্প বলেন, “বিপরীত পক্ষ এখন যেকোনো মূল্যে একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে। সুতরাং আমি যা-ই বলছি বা করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে। অনেক ধন্যবাদ।”
ন্যাটো জোটের বিষয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাটোর কোনো প্রয়োজন নেই, তবে তাদের সেখানে “থাকা উচিত ছিল”।
কেন তিনি তাদের যুদ্ধে যোগ দিতে বলেছিলেন- এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “কারণ আমি দেখতে চেয়েছিলাম তারা আদৌ এই যুদ্ধে জড়াতে আগ্রহী কি না।”
যুক্তরাজ্য ও ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সবসময় রয়েছে উল্লেখ করেন মি. ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, অন্তত ন্যূনতম প্রচেষ্টা বা ভালো কিছু কথা বলা যুক্তরাজ্যের উচিত ছিল।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাজ্যের “অনেকেই” তার প্রশাসনের কাছে জানিয়েছেন যে, যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি তাদের জন্য “ভয়াবহ ভুল” ছিল।