ঢাকার বনানীতে বাসচাপায় দুই জনের মৃত্যু
ঢাকার বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বনানী থানার ওসি ফরিদুল ইসলাম।
তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল কোথায় ছিল, এর ব্যাখ্যায় তিনি বলেন যে বনানীতে অবস্থিত সেতু ভবনের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটেছে এবং সঙ্গে সঙ্গেই ওই দুই জন নিহত হন।
নিহতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, পরিচয় এখনো শনাক্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা সিটি কর্পোরেশনের শ্রমিক, রোড ডিভাইডারের (সড়ক বিভাজক) কাজ করছিলেন।
"আমরা জানতে পেরেছি, বাসটা এক পথচারীকে বাঁচানোর জন্য ব্রেক করেছিলো। এসময় বাসটি ডিভাইডারের সাথে লেগে যায়। নিহত ব্যক্তিরা বাস ও ডিভাইডারের মাঝখানে চাপা পড়েছিলো।"
এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, চালক ও চালকের সহযোগী পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পালিয়ে যায়। বাস রেখে গেছে, ওটা আছে।
এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তারা এখন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।







