ইরান যুদ্ধে সেনা না পাঠানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, “এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না।” এদিকে, ইরানের পার্লামেন্ট সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা 'যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে'।
সরাসরি কভারেজ
একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি আরবের
ছবির উৎস, Facebook
ছবির ক্যাপশান, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোলের ধ্বংস হওয়া বিমানের ছবিটি বিবিসির যাঁচাই করেছে
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে প্রতিহত করা হয়েছে।
তবে, ঠিক কী ধরণের ক্ষেপণাস্ত্র ছিলো সেগুলো, এবং কোথা থেকে এসেছিল এগুলো - সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
শুক্রবার প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার পর ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য দিলো সৌদি আরব।
বিবিসির যাঁচাই করা ছবিতে দেখা গেছে ইরানের ওই হামলায় যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোলের একটি বিমান ধ্বংস হয়ে গেছে।
সংযুক্ত আরব আমিরাতে মার্কিন রাডারে ড্রোন হামলা করেছে ইরান
ছবির উৎস, Getty Images
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, "(স্থানীয় সময়) গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শত্রুপক্ষের রাডার স্টেশনগুলোতে হামলা চালানো হয়েছে। ওই স্টেশনগুলোর কাজ ছিল ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন শনাক্ত ও প্রতিহত করা।"
বিবৃতিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর ড্রোনগুলো সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর "অবস্থান" লক্ষ্য করেও হামলা চালিয়েছে।
এর আগে, শুক্রবার ইরান সৌদি আরবে মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতানে হামলা চালিয়ে একটি মার্কিন বিমান ধ্বংস করেছে।
আইআরজিসি নৌ কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলো ইরান
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তানসিরির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড।
চার দিন আগে আলিরেজা তানসিরির নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছিলেন, ইসরায়েলের বিমান হামলায় তানসিরি নিহত হয়েছেন।
আইআরজিসি'র সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমে প্রকাশিত বিপ্লবী গার্ড কোরের বিবৃতিতে বলা হয়, ইরানের দ্বীপ ও উপকূলের প্রতিরক্ষা জোরদারে কাজ করছিলেন তানসিরি এবং বাহিনীগুলো সংগঠনে সক্রিয় ছিলেন। এগুলো করতে গিয়েই গুরুতর আহত হন তিনি এবং শেষ পর্যন্ত সেই আঘাতেই তিনি মারা যান।"
বিবৃতিতে আরও বলা হয়, আলিরেজা তানসিরির অনুপস্থিতিতেও আইআরজিসি নৌবাহিনী সাম্প্রতিক সময়ে 'কঠোর আঘাত' হেনেছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে।
আইআরজিসি আরও জানায়, শত্রুকে সম্পূর্ণভাবে বিনাশ না করা পর্যন্ত তারা থামবে না।
আলিরেজা তানসিরি ২০১৮ সালে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে নিযুক্ত হন।
এর আগে, ২০১০ সাল থেকে তিনি আইআরজিসি'র নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তানসিরি একজন স্পষ্টভাষী কমান্ডার হিসেবে পরিচিত। এর আগে ২০১৯ সালে তিনি হুমকি দিয়েছিলেন যে, ইরানের তেল রপ্তানি ব্যাহত হলে তারা হরমুজ প্রণালি বন্ধ করে দেবেন।
২০১৯ সালে ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার পর, অন্যান্য আইআরজিসি কমান্ডারদের সাথে তানসিরির ওপরও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
চুক্তির কথা বললেও স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবির উৎস, EPA
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে তার দাবির কাছে নতি স্বীকারের পথে ইরান এবং দ্রুতই দেশটির সাথে একটি সমঝোতা হতে পারে।
এদিকে, মার্কিন কর্মকর্তাদের গোপন ব্রিফিংয়ে বলা হচ্ছে, প্রয়োজনে স্থল অভিযান চালানোর জন্য মার্কিন সেনারা প্রস্তুত।
এই মূহুর্তে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মার্কিন মেরিন সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি, বিশেষ বাহিনী ও প্যারাট্রুপারদেরও সেখানে পাঠানো হচ্ছে।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুতে বিভিন্ন ধরনের সামরিক অভিযান পরিচালনা করার কথা ভাবছেন।
এদিকে, ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপে হামলা চালানো থেকে শুরু করে দেশটির উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দখলের মতো জটিল অভিযানও ওই বিকল্পগুলোর মধ্যে রয়েছে।
আর, ইরানের এই ইউরেনিয়ামকেই ডোনাল্ড ট্রাম্প "নিউক্লিয়ার ডাস্ট" বলে উল্লেখ করেছেন।
এয়ার ফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ইউরেনিয়াম হস্তান্তর না করলে ইরান নামক দেশটিই আর টিকে থাকবে না।
অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র মুখে মুখে দ্বিপাক্ষিক আলোচনার কথা বললেও তারা আসলে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।
ইরান আত্মসমর্পণ করবে না জানিয়ে তিনি বলেন, ইরানিরা মার্কিন সেনাদের মোকাবিলার জন্য প্রস্তুত।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা বিবিসি নিশ্চিত করেছে।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে একটি শিল্প এলাকায় আগুন ধরেছে, খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ‘সফল অভিযানের’ মাধ্যমে তারা একটি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ইরাকের 'সুপ্রিম ইসলামিক কাউন্সিলের' স্পিকারের কাছে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন। এই বার্তায় আর্থিক সহায়তা এবং সংহতি সমাবেশের মাধ্যমে ইরাকি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইসভিল, ন্যাশভিলসহ বড় শহরগুলোতে এটি 'নো কিংস' র্যালি নামে আয়োজিত হচ্ছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল।
যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, “তারা প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে।”
তেহরানে অবস্থিত কাতারি সংবাদমাধ্যম 'আল আরাবি টিভি'র কার্যালয় একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে রোববার ভোরে নিশ্চিত করা হয়েছে।
ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের জলসীমার নিরাপত্তা বাড়াতে রাতে সব ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বাহরাইন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জর্ডানে পৌঁছেছেন। তার এই ঝটিকা মধ্যপ্রাচ্য সফরের সর্বশেষ গন্তব্য এটি।
ইরানের হুমকির পর অনলাইন শিক্ষা ব্যবস্থায় যাওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা রোববার ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছে।
নয় ঘণ্টা জ্বালানি তেলের জন্য অপেক্ষা করেও না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে আটক করেছে র্যাব। রোববার এক সংবাদ সম্মেলন করে র্যাব-৬ যশোরে ওই ট্রাক চালককে আটকের খবর জানিয়েছে।