আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ঢাকার কেরাণীগঞ্জে লাইটার কারখানায় আগুনে অন্তত পাঁচ জনের মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা আহত হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. সামরিক অভিযানে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান আইএইএ’র

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি এক হামলার খবর তারা পেয়েছে এবং এ ঘটনায় তারা “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে।

    এক্স সামাজিক যোগাযোগমাধ্যমে সংস্থাটি লিখেছে, “তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি”।

    আইএইএ আরও জানিয়েছে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও এর আশপাশের এলাকা “কখনও আক্রমণের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়”। তারা পারমাণবিক দুর্ঘটনা রোধে সামরিক অভিযানে “সর্বোচ্চ সংযম” প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

  2. উপসাগরীয় দেশগুলোতে তেজস্ক্রিয় বিকিরণ 'জীবন ধ্বংস করবে': ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সংঘাত নিয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বুশেহর কেন্দ্রে চারবার বোমা হামলা চালিয়েছে।"

    আরাঘচি আরও সতর্ক করে বলেন যে, এই ধরনের হামলার ফলে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ বা 'রেডিওঅ্যাকটিভ ফলআউট' তেহরানের চেয়ে গ্লাল্ফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর রাজধানীতে প্রাণের অস্তিত্ব শেষ করে দেবে।

    তিনি দাবি করেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলা চালানোর মাধ্যমে আক্রমণকারীদের আসল উদ্দেশ্যই এখন পরিষ্কার হয়ে গেছে।

    উল্লেখ্য, পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই তেজস্ক্রিয়তা বড় ধরনের হুমকি হতে পারে বলে আরাঘচি ইঙ্গিত দিয়েছেন।

    তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা মন্তব্য পাওয়া যায়নি।

  3. গোলেস্তান প্রাসাদের ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদে ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।

    ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয় ১২ই এপ্রিল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্থাপনাও নিদর্শনের সংখ্যা ১৩২টি বলে উল্লেখ করেছে।

  4. কেরাণীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, পাঁচটি মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

    ঢাকার কেরাণীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানা অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের খবর পেয়ে দুর্ঘটনাস্থল কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় যায় ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন দল।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, একটি টিনশেড কারখানায় আগুন লাগে। সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    “আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

  5. নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে যা জানা যাচ্ছে ও যেসব তথ্য এখনো অজানা

    ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর একজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা তথ্য জানা গেলেও এখনো অজানা অনেক কিছু।

    শুক্রবার দুই জন ক্রু বহনকারী মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। বিমানের পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও একজন উইপন সিস্টেম অফিসার এখনো নিখোঁজ।

    নিখোঁজ সেনাকে উদ্ধারে অংশ নিয়েছিল দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ বিমান। পাইলটকে উদ্ধার করতে যাওয়া হেলিকপ্টারও হামলার মুখে পড়ে এবং এতে কয়েকজন ক্রু সদস্য আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

    উদ্ধার অভিযানে সহায়তাকারী একটি এ-১০ ওয়ারথগ বিমানও হামলার শিকার হয়। ইরান দাবি করেছে যে, তারা উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন এ-১০ ওয়ার্টহগ বিমান ভূপাতিত করেছে।

    ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ মার্কিন বিমানসেনাকে ধরতে সাহায্য করলে নাগরিকদের প্রায় ৫০ হাজার পাউন্ড পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্মকর্তারা।

    এসব তথ্যের বাইরে এখনো অনেক কিছুই অস্পষ্ট। বর্তমানে মার্কিন বাহিনীর অনুসন্ধান ও উদ্ধার অভিযান কোন পর্যায়ে আছে, সেটি স্পষ্ট নয়।

    ইরানও নিখোঁজ মার্কিন সেনার কোনো হদিস পেয়েছে কি না, সে বিষয়ে দেশটির পক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি।

    নিখোঁজ ওই ক্রু সদস্য আদৌ বেঁচে আছেন কি না, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এছাড়া ইরান যে এ-১০ ওয়ারথগ বিমান ভূপাতিত করার দাবি করছে, সেটি মার্কিন উদ্ধার অভিযানের অংশ কি না, সেটিও যাচাই করা সম্ভব হয়নি।

  6. ইরান যুদ্ধ শুরুর পর ৩৬৫ মার্কিনি সেনা আহত – পেন্টাগন

    মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন মার্কিনি সেনা অভিযানে আহত হয়েছে।

    তাদের মধ্যে সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন্সের ১৯ জন, বিমান বাহিনীর ৩৬ জন রয়েছেন।

    তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ১৩ জনেই স্থির রয়েছে।

  7. মার্চে ১১৩ রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জনের মৃত্যু: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি

    মার্চ মাসে কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বা এইচআরএসএস।

    শনিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় সংগঠনটি।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চ মাসে ফ্রেব্রুয়ারির তুলনায় দেশে রাজনৈতিক সহিংসতা তুলনামূলক কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

    এছাড়া ওই মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

    অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত "নতুন সরকারের ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে" বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

  8. ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলার খবর, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নরের নিরাপত্তা বিষয়ক উপ-প্রধান ওয়ালিউল্লাহ হায়াতি।

    তিনি জানিয়েছেন, মাহশাহর কমপ্লেক্সের পাশাপাশি বন্দর ইমাম পেট্রোকেমিক্যাল কোম্পানিও হামলার শিকার হয়েছে। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন তিনি।

    ইরানি গণমাধ্যমগুলোর বরাতে হায়াতি আরও জানান যে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    আক্রান্ত এই দুটি স্থাপনাই ইরানের তেল ও গ্যাস শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই এলাকাটি ইরানের পেট্রোকেমিক্যাল উৎপাদনের প্রধান কেন্দ্র এবং এখান থেকেই উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা হয়।

    পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। সম্ভাব্য দূষণ নিয়ে শঙ্কা থাকলেও তারা আশ্বস্ত করেছে যে, ছড়িয়ে পড়া রাসায়নিক পার্শ্ববর্তী শহরগুলোর জন্য বিপজ্জনক নয়।

    এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিবিসির কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  9. নিখোঁজ মার্কিন বিমানসেনার সন্ধান যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ মুহূর্ত, লিজ ডুসেট, চিফ ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট

    এটি ঝুঁকিপূর্ণ এক মুহূর্ত। নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের যে অভিযান চলছে, তা ঝুঁকিপূর্ণ—যদিও তারা বহু বছর ধরে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়ে এসেছে।

    এটি রাজনৈতিকভাবেও জটিল এক পরিস্থিতি।

    ইরান যদি এই বিমানসেনাকে খুঁজে পায় এবং তাকে টেলিভিশনে প্রকাশ্যে দেখায়, তা হলে তেহরানের জন্য হবে এক প্রচারণাগত সাফল্য—আর যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক লজ্জা ও উদ্বেগের কারণ।

    এর পাশাপাশি, তেহরানের হাতে একজন যুদ্ধবন্দি চলে আসবে—যিনি হবেন দর কষাকষির একটি হাতিয়ার। এটি এমন সময়ে হতে পারে যখন এই যুদ্ধ শেষ করার প্রচেষ্টা ইতোমধ্যেই স্থবির, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করে আসছেন।

    এটি এমন এক মুহূর্ত, যাযুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যার নাম—এপিক ফিউরি—সেটাকে বাস্তব অর্থ দিতে পারে।

    যখন প্রতিশোধ নেওয়া হবে, তা ইরান, মধ্যপ্রাচ্য অঞ্চল এবং আগেই অর্থনৈতিক ধাক্কায় নড়বড়ে হয়ে থাকা বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ হবে।

    পাঁচ সপ্তাহের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতায় উল্লেখযোগ্য ক্ষতি করেছে।

    কিন্তু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বারবার ঘোষণা করছিলেন যে তারা “আকাশে সম্পূর্ণ আধিপত্য” প্রতিষ্ঠা করেছেন। সেই দাবি এখন ভেঙে পড়েছে।

  10. যুক্তরাষ্ট্রের ক্রু সদস্যকে আটক করতে পারা হবে ইরানের জন্য ‘বড় পুরস্কার’

    গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের ক্রু সদস্যকে আটক করতে পারা ইরানের জন্য ‘বড় পুরস্কার’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন একজন বিশেষজ্ঞ।

    রেডিও ৪-এর টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চ্যাথাম হাউসের যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকা বিষয়ক কর্মসূচির পরিচালক লরেল র‍্যাপ বলেছেন, ভূপাতিত জেট থেকে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা “একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন”।

    তিনি বলেন, ওই মার্কিন ক্রু সদস্যকে আটক করতে পারলে তা ইরানের জন্য হবে “বড় এক পুরস্কার”, যা তাদের হাতে তুলে দেবে “খুবই শক্তিশালী দরকষাকষির হাতিয়ার”।

    র‍্যাপ আরও বলেন, যদি তাকে আটক করা হয় এবং তার কোনো ছবি প্রকাশ করা হয়, তবে তা যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টিতে ইতোমধ্যেই অজনপ্রিয় যুদ্ধটিকে আরও নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।

    “যদি এমন ছবি প্রকাশিত হয়, তাহলে সেগুলো মার্কিন দৃষ্টিভঙ্গিতে নাটকীয় পরিবর্তন আনতে পারে।”

    তিনি বলেন, ওই সার্ভিস সদস্য আটক হলে ঝুঁকি হচ্ছে—সংঘাত কমানোর যেকোনো উদ্যোগ এ বার্তা দিতে পারে যে কাউকে জিম্মি করা হলে তা কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে।

    “এ মুহূর্তে এই অভিযানের লক্ষ্য… স্পষ্ট নয় এবং ক্রমেই জটিল হয়ে উঠছে,” যোগ করেন র‍্যাপ।

  11. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান ও লেবাননের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যেই দক্ষিণ ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
    • ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও।
    • যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটে এখন পর্যন্ত বাংলাদেশে কোন জিনিসটা ব্যহত হয়েছে- এই প্রশ্ন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
    • মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিনজনের মরদেহ দেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
    • বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। শুক্রবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
    • ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের মধ্যেই সেনাপ্রধান (চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
    • ইরানে চলমান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় পাকিস্তানেও এর প্রভাব পড়েছে। রাতারাতি পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে।
    • বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে