এলিটা কিংসলে: নাগরিকত্ব পেয়েও বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যে কারণে নেই

ছবির উৎস, বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ছবির ক্যাপশান, সাফের জন্য অনুশীলন ক্যাম্পে ছিলেন এলিটা কিংসলে
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • পড়ার সময়: ২ মিনিট

দক্ষিণ এশীয় ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য বাংলাদেশ দলে জায়গা হয়নি বাংলাদেশের নাগরিকত্ব নেয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য যে দলটি আজ ঢাকা ছেড়েছে তাদের সাথে যোগ দিতে পারেননি তিনি।

২০১৬ সালে নাগরিকত্বের জন্য আবেদন করে ২০২১ সালের মার্চ মাসে নাগরিকত্ব পান এলিটা কিংসলে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের পাসপোর্টও হাতে পান তিনি।

এরপর বাংলাদেশের কোচ বদল হয়। ইংল্যান্ডের জেমি ডে'র স্থলাভিষিক্ত হন স্পেনের অস্কার ব্রুজন, যিনি ক্লাব পর্যায়ে এলিটা কিংসলেরও কোচ।

বাংলাদেশে জাতীয় ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চুক্তিবদ্ধ খেলোয়াড় এলিটা কিংসলে এবং এই ক্লাবেরই কোচ অস্কার ব্রুজন।

অস্কার ব্রুজনের ২৬ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন কিংসলে। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে তাকে নেয়া যায়নি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের ছাড়পত্র না থাকায় এলিটা এই সুযোগ থেকে বঞ্চিত হলেন।

আরো পড়তে পারেন-

ছবির উৎস, বাংলাদেশ ফুটবল ফেডারেশন

ছবির ক্যাপশান, সাফ চ্যাম্পিয়নশিপের জন্য যে দলটি মঙ্গলবার ঢাকা ছেড়েছে তাদের সাথে যোগ দিতে পারেননি এলিটা কিংসলে।

একত্রিশ বছর বয়সী এলিটা কিংসলের স্ত্রী লিজা জাফর বলেছেন তার স্বামীর মন 'ভয়ানক খারাপ'।

তবে এলিটা কিংসলে বিবিসি বাংলাকে বলেছেন, "আমি এমন কিছু নিয়ে মন খারাপ করতে চাই না যা আমার হাতে নেই। আমি আমার পক্ষ থেকে সবই করেছি। লিগে গোল করেছি, জাতীয় দলে এসেছি, এটা সম্পূর্ণ বাফুফের দায়িত্ব ছিল, আমাকে মাঠে নামাতে কী প্রক্রিয়া ও কী করতে হবে সেটা নিশ্চিত করা।"

মার্চ মাসে এলিটা কিংসলে নাগরিকত্ব পাওয়ার পর বিবিসি বাংলাকে বলেছিলেন, বাংলাদেশের জন্য খেলা তার কাছে একটা স্বপ্নের মতো।

এবারে এলিটা শেষ মুহূর্তে জানলেন যে মালদ্বীপগামী বিমানে তিনি উঠছেন না, "আমি জানিনা কী বলবো। আমি জানতামই না। আমি শেষ মুহূর্তে জানতে পারি আমি যেতে পারব না।"

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফুটবল বিশ্লেষক রাশেদুল ইসলাম মনে করছেন, এই ঘটনা বাফুফে চাইলে আরো পেশাদারিত্বের সঙ্গে সামলাতে পারতো।

তিনি বলেন, "এখন এমন কোনও তথ্য নেই যেটা আপনি চাইলে পাবেন না। এটা আরো আগে থেকে শুরু করা প্রয়োজন ছিল। তাকে নাগরিকত্ব দেয়া হল, তার পাসপোর্ট আছে, এখন তাকে মাঠে নামাতে পারছেন না।"

অনুমতি পাওয়াটা আরও সহজ বিষয় ছিল বলে মনে করেন মি. ইসলাম।

"পুরো বিষয়টা নিয়েই মনে হলো বাফুফে ধোয়াঁশায় আছে। একবার তারা বলেছে ফিফার অনুমতি লাগবে। একবার বলেছে এএফসির।"

মালদ্বীপের রাজধানী মালেতে আগামী শুক্রবার শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। টুর্নামেন্টে খেলতে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল।

Skip YouTube post
Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: তৃতীয়পক্ষের কন্টেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

End of YouTube post