পরীমনি: ঢাকাই ছবির নায়িকা ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনলেন ব্যবসায়ীর বিরুদ্ধে
বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনি গতকাল তাকে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' যে অভিযোগ করেছেন সে ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতরাতে ঢাকা মহানগর পুলিশের রূপনগর থানা থেকে পুলিশের কর্মকর্তারা তার বাসায় গিয়েছিলেন অভিযোগ রেকর্ড করার জন্য।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, "আমরা অভিযোগ পেয়েছি, রাতে লম্বা সময় তার অভিযোগ লেখা হয়েছে। তবে ঘটনাস্থল আমাদের এলাকায় পড়লে ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শনের মামলা আমরা নেব। যদি সাভারের মধ্যে পড়ে তাহলে তারা নেবে।"
এখন ঘটনাস্থল ঠিক কোন থানার মধ্যে পড়েছে যেটি যাচাই করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, তাদের কাছে হত্যাচেষ্টার অভিযোগ করেননি অভিনেত্রী।
গতকাল পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে 'ধর্ষণ ও হত্যাচেষ্টার' অভিযোগ তুলে বেশ সাড়া ফেলে দিয়েছেন।
ছবির উৎস, Tahsan Ehsanul
প্রতিকার চেয়ে তিনি বনানী থানায় গিয়ে কোন সাড়া পাননি বলে অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।
যাতে তিনি অভিযোগ করেন যে সম্প্রতি তাকে 'ধর্ষণ এবং হত্যা করার চেষ্টা' করা হয়েছে।
বনানী থানার পুলিশ গতকাল বলছিল, তারা কোন অভিযোগ পায়নি।
রাতেই বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগের বিস্তারিত তুলে ধরনের। এসময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
তিনি অভিযোগ করেছেন, ঘটনার পর বৃহস্পতিবার ভোররাতে তিনি বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন, সে সময় দায়িত্বপ্রাপ্ত কোন কর্মকর্তা তার অভিযোগ রেকর্ড করেননি।
ছবির উৎস, Tahsan Ehsanul
এরপরে গত চারদিনেও তিনি বিভিন্নভাবে অভিযোগ জানানোর চেষ্টা করেছেন বলে বিবিসিকে জানিয়েছেন।
তবে পরীমনি বিবিসিকে বলেন, চারদিনে তার ভাষায়, তিনি "কোথাও বিচারের কোন আশা" পাননি। সেজন্যই ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন।
গতরাতে তিনি তার বনানীর বাসায় এক সংবাদ সম্মেলন করেন।
সেখানেও কি ঘটেছিল সেটি বিস্তারিত বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী।
তার অভিযোগ একজন প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে যিনি বিষয়টি চেপে যাওয়ার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে অভিযোগ করেছেন পরীমনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে পরীমনির প্রায় এক কোটি ফলোয়ার রয়েছে।
তার ভেরিফায়েড পেজে অভিযোগ তুলে তিনি যে পোষ্ট করেছেন সেখানে সাতষট্টি হাজার কমেন্ট এবং একলক্ষ আশি হাজার রিঅ্যাকশন দেখা যাচ্ছে।
গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।
২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট