জোসে মরিনিয়ো: ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপার থেকে চাকরি হারালেন পর্তুগিজ কোচ
ছবির উৎস, Getty Images
আরও একবার চাকরি হারালেন পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো। এবারে লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটসপার থেকে বিদায় নিলেন নিজেকে 'স্পেশাল ওয়ান' বলে দাবি করা মরিনিয়ো।
মাত্র ১৭ মাস ক্লাবটির দায়িত্বে ছিলেন তিনি।
মরিনিয়োর অধীনে শেষ ম্যাচে এভারটনের সাথে ২-২ গোলে ড্র করে টটেনহ্যাম হটসপার।
এখন টটেনহ্যাম লিগ টেবিলে আছে সাত নম্বরে। ৩২ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে ক্লাবটি।
গত মৌসুমে মরিনিয়োর দল ইংলিশ প্রিমিয়ার লিগের ছয় নম্বরে ছিল।
বিবিসি বাংলায় ফুটবল বিষয়ক কিছু খবর:
পরিসংখ্যান বলছে, টটেনহ্যামের মতো খারাপ সময় মরিনিয়ো এর আগে কখনোই পার করেননি।
এই প্রথম মরিনিয়োর অধীনে কোনো দল এক মৌসুমে ১০টি লিগ ম্যাচ হেরেছে।
পোর্তো, ইন্টার মিলান, রেয়াল মাদ্রিদ ও চেলসিতে নিজের প্রথম দফা কোচিয়ের সময়ও মরিনিয়ো এত ম্যাচ হারেননি, যত ম্যাচ এই দেড় বছরে হেরেছেন তিনি।
সামনের সপ্তাহেই টটেনহ্যাম কারাবাও কাপ ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
এখন পর্যন্ত মরিনিয়ো যে ১৩টি ফাইনাল ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন, তার মধ্যে ১১টিতেই জয় পেয়েছেন।
টটেনহ্যাম শেষবার ২০০৮ সালে কোনও শিরোপা জেতে।
২০১৯ সালের নভেম্বর মাসে মরিনিয়ো যোগ দেন টটেনহ্যাম হটসপারে। এর আগে ক্লাবটির কোচ ছিলেন আর্জেন্টাইন মরিসিয়ো পচেত্তিনো।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট