লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ত্রিপোলিতে বিস্কুট কারখানায় বিমান হামলার পর আক্রান্ত জায়গাটির অবস্থা

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানার ওপর এক বিমান হামলায় কমপক্ষে সাত জন বেসামরিক লোক নিহত হয়েছে - যার মধ্যে একজন বাংলাদেশি।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলি ত্রিপোলি থেকে বিবিসি বাংলাকে জানান, এ ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তারা এখন বাংলাদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

তিনি আরো জানান ওই ঘটনায় মোট ১৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং তার মধ্যে দু'জনের অবস্থা সংকটজনক। আহত বাকি ১৩ জনের আঘাত গুরুতর নয়।

এরা সবাই ত্রিপোলির দক্ষিণে অবস্থিত ওই বিস্কুট কারখানাটিতে কাজ করতেন।

মি. আলি জানান, দূতাবাসের লেবার কাউন্সিলর সহ কয়েকজন কর্মকর্তা তাজুরা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন।

পরে আহতদের ত্রিপোলিরই অন্য কয়েকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিবিসি বাংলায় আরো খবর:

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২০১১ সালে কর্নেল গাদ্দাফি উৎখাত হবার পর থেকেই লিবিয়ায় যুদ্ধবিক্ষুব্ধ অবস্থা চলছে

লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকার বলছে, ওই বিমান হামলায় বহু লোক আহত হয়েছে।

আহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও মিশর ও আরো কয়েকটি দেশের লোক রয়েছে।

২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর পুরো দেশ জুড়ে সংঘাতবিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়।

এ বছর এপ্রিল মাসে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলি দখলের চেষ্টা করার পর থেকেই শহরের উপকণ্ঠে বিক্ষিপ্ত যুদ্ধ চলছে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: