ঢাকায় চারটি কথিত ক্যাসিনোতে র্যাবের সমন্বিত অভিযানে বহু আটক
ছবির উৎস, Getty Images
গতকাল ঢাকার চারটি ক্যাসিনোতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল।
এসময় পাঁচজন ম্যাজিস্ট্রেট ক্যাসিনোগুলো সিলগালা করার পাশাপাশি সেখান থেকে ১৮২ জনকে আটক করে।
তাদের প্রত্যেককে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার আটকদের আদালতে হাজির করার কথা রয়েছে।
এছাড়া জব্দ করা হয় প্রায় ৪০ লাখ নগদ টাকা, জাল টাকা, জুয়া খেলার সরঞ্জাম, ইয়াবাসহ দেশি-বিদেশি মদ।
এই ক্যাসিনোগুলো হল- ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, মতিঝিলের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং বনানীর গোল্ডেন ঢাকা বাংলাদেশ।
শুরুতে ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাবে র্যাব অভিযান চালিয়ে, সেখান থেকে ১৪২ জনকে গ্রেফতার করে। তাদের প্রত্যেককে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
সেখান থেকে নগদ ২৪ লাখ ২৯ হাজার টাকা, বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম, দেশি-বিদেশি মদ, ইয়াবা উদ্ধার করার কথা জানান অভিযানের নেতৃত্বে থাকা র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
এক সময়কার খেলার ক্লাব বা ক্রীড়া সংগঠনের অফিস এখন অবৈধভাবে এ ধরণের জুয়ার আসর বসানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
"এগুলো একটাও স্বীকৃত ক্যাসিনো না। আর বাংলাদেশের আইনে কোন ক্যাসিনোকে লাইসেন্স দেয়ার বিধান নেই। মূলত ক্রীড়া সংগঠনের আড়ালে এসব জুয়া খেলা আর মাদক সেবন চলছে। ক্যাসিনো সম্পূর্ণ অবৈধ। আমরা যাদেরকে মাদক সেবন করা অবস্থায় পেয়েছি তাদেরকে আইনানুযায়ী জেল দেয়া হয়েছে।" বলেন মিঃ আলম।
অবৈধভাবে এই ক্যাসিনোটি পরিচালনার দায়ে ইয়ংমেনস ক্লাবের মালিক খালেদ মাহমুদ ভুঁইয়াকে পরে গুলশানের বাসভবন থেকে আটক করে র্যাব।
ছবির উৎস, Getty Images
সেখান থেকে মতিঝিলের আরামবাগের ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনোতে র্যাব অভিযান চালাতে গেলে দেখা যায় যে আগেই খবর পেয়ে সবাই ক্লাব ছেড়ে পালিয়ে যায়।
পরে সেখান থেকে নগদ প্রায় ১০ লাখ টাকা, জুয়ার সরঞ্জাম, সাড়ে ২০ হাজার টাকার জাল নোট, বিপুল পরিমাণ মদ ও মাদক জব্দ করা হয়।
একই সময়ে গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের অবৈধ ক্যাসিনোয় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করে র্যাবের ভ্রাম্যমান আদালত।
তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সেখান থেকে জুয়ার সরঞ্জাম, কষ্টি পাথরের মূর্তি মদের পাশাপাশি সাড়ে তিন লাখ টাকা জব্দ করা হয়।
সবশেষে বনানীর গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্যাসিনোতে র্যাব-১ অভিযান চালাতে গেলে সেটি তালাবন্ধ অবস্থায় পায়। পরে তারা ক্যাসিনোটি সিলগালা করে দিয়ে আসেন।
আরও পড়তে পারেন:
ঢাকায় এই ক্যাসিনোগুলো গড়ে ওঠার গোয়েন্দা তথ্য র্যাবের কাছে কয়েক মাস আগে এলেও তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রমাণ সংগ্রহের পর এই অভিযানে নামেন।
যারা এ ধরণের অবৈধ ব্যবসার পেছনে জড়িত তাদের সবাইকে একে একে আটক করা হবে বলে বিবিসি বাংলাকে জানান সারওয়ার আলম।
এর পেছনে কোন বিদেশি নাগরিক জড়িত আছে তাদের ওয়ার্ক পারমিট চেক করা হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট