ধর্ষণের অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'তিনি আমার পছন্দের নন'

ছবির উৎস, REUTERS AND GETTY

ছবির ক্যাপশান, অভিযোগকারী ই. জিন ক্যারল ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের একজন নারী কলামিস্ট প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ১৯৯০-এর দশকে তাকে ধর্ষণের যে অভিযোগ করেছেন মি. ট্রাম্প তা আবারও অস্বীকার করে বলেছেন, "তিনি আমার পছন্দের নন।"

ই. জিন ক্যারল নামের ওই নারী সম্প্রতি অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে তার ওপর যৌন হামলা চালিয়েছিলেন। কিন্তু মি. ট্রাম্প বলছেন, মিজ ক্যারল 'সম্পূর্ণ মিথ্যা' কথা বলছেন।

"অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি বলবো: প্রথমত, তাকে আমার পছন্দ নয়। দ্বিতীয়ত, এরকম কখনো ঘটেনি। এটা কখনো হয়নি, ঠিক আছে?"

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দ্য হিল নামের একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

"তিনি আমার পছন্দের নন"- প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের পর ই জিন ক্যারল সিএনএনকে বলেছেন, "আমি যে তার পছন্দের নই এতে আমি খুশি।"

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৬ সালে আরো একজন অভিযোগকারীর বিষয়েও একই ধরনের মন্তব্য করেছিলেন।

জেসিকা লিডস নামের এক নারী অভিযোগ করেছিলেন যে মি. ট্রাম্প ১৯৮০-এর দশকে বিমানে তার গায়ে হাত দিয়েছিলেন।

এই অভিযোগের জবাবে মি. ট্রাম্প এক সমাবেশে বলেছিলেন, "তিনি আমার প্রথম পছন্দ হবেন না।"

এনিয়ে ই জিন ক্যারলসহ মোট ১৬ জন নারী মি. ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। মি. ট্রাম্প অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ই. জিন ক্যারল বলছেন, একটি পোশাকের দোকানে মি. ট্রাম্প তাকে ধর্ষণ করেছেন।

কী অভিযোগ করছেন মিজ ক্যারল

পঁচাত্তর বছর বয়সী মিজ ক্যারল গত শুক্রবার দ্য ওয়াল ম্যাগাজিনের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

পরে সিএনএন এবং এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার কথাও বিবেচনা করছেন।

ই জিন ক্যারল বলছেন, নিউ ইয়র্কের ম্যানহাটনে বার্গডর্ফ গুডম্যান নামের একটি অভিজাত পোশাকের দোকানে কেনাকাটা করার সময় ১৯৯৫ সালের শেষের দিকে কিম্বা ১৯৯৬ সালের শুরুতে তাদের দেখা হয়েছিল।

টেলিভিশনে অ্যাপ্রেন্টিস অনুষ্ঠানের জন্যে সেসময় খুবই পরিচিত হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রোপার্টি ব্যবসা থেকে প্রচুর অর্থ-বিত্তেরও মালিক হয়েছিলেন তিনি। ফলে অনেকেই তাকে চিনতো।

মিজ ক্যারল বলছেন, ওই দোকানে মি. ট্রাম্প একজন নারীর জন্যে পোশাক কেনার ব্যাপারে তার কাছে পরামর্শ চেয়ে কৌতুক করে বলেছিলেন যে তিনি ওই পোশাকটি পরে তাকে দেখাতে পারেন কিনা।

পরে ট্রায়াল রুমে মি. ট্রাম্প তাকে একটি দেয়ালের সাথে চেপে ধরে তাকে ধর্ষণ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।

আরো পড়তে পারেন:

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬ জন নারী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

কী বলছেন মি ট্রাম্প

হোয়াইট হাউজে সোমবার দ্য হিল সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মি. ট্রাম্প তার বিরুদ্ধে আনা মিজ ক্যারলের অভিযোগ অস্বীকার করেছেন।

মিজ ক্যারলের প্রকাশিতব্য একটি বই-এ এসব অভিযোগের ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে বলে বলা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন যে তিনি মিজ ক্যারলকে চেনেন না। কিন্তু নিউ ইয়র্কের ওই ম্যাগাজিনে তার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ছবিও ছাপা হয়েছে।

"কোন মানুষ যে এমন বক্তব্য দিতে পারে সেটা ভয়ঙ্কর," বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগেও মি. ট্রাম্প বলেছেন যে মিজ ক্যারল তার "বই বিক্রি করার জন্যে এসব ফেক নিউজ বা ভুয়া খবর ফেঁদেছেন।"

আরো পড়তে পারেন: