ভারতের পশ্চিমবঙ্গে 'সৌরভ' নামের লেপার্ডকে ছেড়ে পালিয়েছে তার সঙ্গী 'শচীন'
ছবির উৎস, Bengal Safari
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি, কলকাতা
'সৌরভ' আর 'শচীন' বছর খানেক ধরে এক সঙ্গেই থাকত। কিন্তু পয়লা জানুয়ারি সকাল থেকে খোঁজ নেই 'শচীন'এর।
তাকে খুঁজতে এখন চলছে চিরুনি তল্লাশি।
ঘটনা পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি শহর লাগোয়া বেঙ্গল সাফারি পার্কের। সেখানেই দুই সঙ্গিনী আর সৌরভ নামের এক পুরুষ সঙ্গীর সঙ্গে থাকত শচীন নামের লেপার্ডটি।
বেঙ্গল সাফারি পার্ক একটি উন্মুক্ত চিড়িয়াখানা, যেখানে বাঘ, হাতি, লেপার্ড, হরিণের মতো বহু পশু রয়েছে। পর্যটকরা পায়ে হেঁটে অথবা সুরক্ষিত গাড়িতে চেপে ওই চিড়িয়াখানায় ঘুরতে পারেন।
আরো পড়ুন:
বছরের প্রথম দিন পার্ক খোলার আগে নিয়ম মাফিক নজরদারী চালাতে গিয়েই কর্মীরা খেয়াল করেন যে লেপার্ড এনক্লোজার থেকে শচীন উধাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই সতর্ক করা হয় পার্কের কর্মকর্তাদের।
পাশেই হরিণ সহ অন্যান্য তৃণভোজী প্রাণীদের থাকার যে বিশাল ঘেরা এলাকা রয়েছে, সেখানেই কোথাও শচীন লুকিয়ে আছে নাকি পার্কের সীমানা পেরিয়ে লাগোয়া জঙ্গলে বা গ্রামের দিকে চলে গেছে, তা এখনও নিশ্চিত করে জানা যায় নি।
দুটি হাতি, ঘুমপাড়ানি গুলি নিয়ে ছয়টি আলাদা দল শচীনের খোঁজে তল্লাশি চালাচ্ছে, খোঁজা হচ্ছে লাগোয়া বৈকুন্ঠপুর বনাঞ্চলেও।
ছবির উৎস, Bengal Safari
পার্কের সহকারী পরিচালক অসীম চাকি বিবিসি বাংলাকে বলছিলেন, "লেপার্ডটা কোন জায়গায় থাকতে পারে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু ওকে এখনও ট্রেস করা যায় নি।"
"লেপার্ড এমন প্রাণী, পাশে বসে থাকলেও টের পাওয়া কঠিন। তাই ওকে খুঁজে বের করার কাজটা বেশ শক্ত, তবে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। আশা করছি খুব শিগগিরই খুঁজে পাওয়া যাবে ওকে।"
কর্মকর্তারা বলছেন, চারটি লেপার্ডের থাকার জন্য যে ঘেরা ২০ হেক্টর ঘেরা জায়গা রয়েছে, তার বেড়া টপকিয়েই পালিয়েছে 'শচীন'।
বিবিসি বাংলার অন্যান্য খবর:
পাশের একটি গাছে চড়ে সেখান থেকেই লাফ দিয়ে প্রায় ২৫ ফুট বেড়া টপকিয়ে লেপার্ডটি, এমনই ধারণা কর্মকর্তাদের।
এদিকে লেপার্ড নিখোঁজ হতেই নিরাপত্তার জন্য বছরের প্রথম দিনেই বন্ধ করে দেওয়া হয় পার্কে পর্যটক প্রবেশ।
"বুধবার থেকে সুরক্ষিত গাড়িতে চেপে সঙ্গে বনরক্ষী নিয়ে পর্যটকদের প্রবেশ করতে দিচ্ছি আমরা। বেঙ্গল সাফারির সব দিকেই যেতে পারবেন, কিন্তু লেপার্ড সাফারিটা বন্ধ থাকছে আপাতত," জানালেন মি. চাকী।
উত্তরবঙ্গের চা বাগান বা নানা গ্রাম থেকে যখনই লেপার্ড ধরা পড়ে, সেগুলিকে দক্ষিণ খয়েরবাড়িতে লেপার্ড উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
চার বছর বয়সী শচীন আর সৌরভকেও দক্ষিণ খয়েরবাড়ি উদ্ধার কেন্দ্র থেকেই বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছিল গত বছর।
বেঙ্গল সাফারি পার্ক থেকে লেপার্ড নিখোঁজ হওয়ার খবরে ১২ কিলোমিটার দূরের শিলিগুড়ি শহরেও আতঙ্ক ছড়িয়েছে।
প্রধান খবর
নির্বাচিত খবর
পাঠকপ্রিয় খবর
ছবির কপিরাইট