আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ম্যাক্রঁ জ্বরে বদলে গেছে ফ্রান্সের রাজনৈতিক পট
মাত্র এক বছর আগে প্রায় অখ্যাত এক রাজনীতিক ইমানুয়েল ম্যাক্রঁ সোশ্যালিস্ট পার্টি থেকে বেরিয়ে চালু করেন লা রিপুবলিক অঁ মাশ (এলআরইএম) নামে তার দল। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার সেই নতুন দল সংসদ নির্বাচনে প্রায় দু-তৃতীয়াংশ আসন জিততে চলেছে।
প্রথম দফার ভোটে ফ্রান্সের ৫৭৭ আসনের ৪৪৫ টি জিততে চলেছে প্রেসিডেন্ট ম্যাক্রঁর দল এবং তাদের ছোট একটি শরিক।
পাশাপাশি, সোশ্যালিস্ট পার্টি- যারা গত মাস পর্যন্ত ফ্রান্সের ক্ষমতায় ছিলো- তারা প্রায় ২০০ আসন হারিয়েছে। মি ম্যাক্রনের এলআরইএম যেখানে ৩২.৩ শতাংশ ভোট পেয়েছে, সোশালিস্টদের ভোট ১০ শতাংশেরও নীচে নেমে গেছে।
বহু বড় বড় নেতা প্রথম দফার ভোটে রাজনীতিতে অনকোরা নবাগতদের কাছে হেরেছেন।
প্যারিসে বিবিসির হিউ শোফিল্ড লিখছেন, মি ম্যাক্রঁ ফ্রান্সের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছেন। "অবশ্যই ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন, কিন্তু স্বীকার করতেই হবে সঠিক সময়ে সঠিক জায়গায়, সঠিক পদক্ষেপ নিতে পরেছেন তিনি।"
আরও পড়ুন: ‘ভারতকে মোকাবেলা বাংলাদেশের জন্য কঠিন হবে’
রোববারের দ্বিতীয় দফার ভোটে যদি ফলাফল অপরিবর্তিত থাকে তাহলে ফ্রান্সের সংসদে মি ম্যক্রঁর দলের সংখ্যাগরিষ্টতা এতটাই হবে যে শেষবার ফ্রান্সে এটি চার্লস দ্য গল করতে পেরেছিলেন ১৯৫৮ সালে।
সংসদে কয়েকশ একদম নতুন মুখ আসবে যারা সংসদীয় বিতর্কে তো দুরে থাক, কোনো ধরনের বিতর্কেই কখনো অংশ নেননি।
অবস্থা দেখে, ফ্রান্সের পুরনো রাজনৈতিক দলগুলো ভোটারদের সাবধান করছে সংসদে অতিরিক্ত সংখ্যাগরিষ্ঠতা মি ম্যাক্রনকে স্বৈরাচারি করে তুলতে পারে।