ভারত-পাকিস্তানকে 'উত্তেজনা কমানো' এবং 'কূটনৈতিক সমাধানের' আহ্বান

ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনও হামলা চালানোর কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিনের উল্লেখযোগ্য সব খবর রয়েছে এই পাতায়।

সরাসরি কভারেজ

  1. পোপ নির্বাচন: দ্বিতীয় দিনেও চিমনিতে কালো ধোঁয়া

    সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়ার অর্থ- এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কার্ডিনালরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হওয়ার অর্থ- এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কার্ডিনালরা

    নির্বাচনের দ্বিতীয় দিনের প্রথম ধাপেও চূড়ান্ত হয়নি কে হচ্ছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু বা পোপ। এদিনও সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে বেরিয়েছে কালো ধোঁয়া। অর্থাৎ এ বিষয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কার্ডিনালরা।

    বৃহস্পতিবার খুব ভোরেই সেন্ট পিটার্স ব্যাসিলিকায় জড়ো হন বিপুল সংখ্যক সাধারণ মানুষ। সবার ধারণা ছিল আজ হয়তো চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হবে, জানা যাবে পরবর্তী পোপের নাম। কিন্তু সকাল ১১ টায় তৃতীয় রাউন্ডের ভোটের পরও দেখা গেল কালো ধোঁয়া।

    ভ্যাটিকান সময় বিকেল ৫টা ৩০ মিনিটে চতুর্থ রাউন্ডের ভোট শেষে আবারও সিদ্ধান্ত জানা যাবে। আর তাই সিস্টিন চ্যাপেলের চিমনির দিকেই এখন উপস্থিত সবার নজর।

    যদি আজকের ভোটেও নতুন পোপ না আসে, তাহলে কার্ডিনালরা রাতের খাবারের জন্য গেস্টহাউস কাসা সান্তা মার্টায় ফিরে যাবেন। পরদিন আবারো এই প্রক্রিয়া শুরু হবে।

    পোপ নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়। নিয়ম অনুযায়ী কার্ডিনালদের অংশগ্রহণের প্রতি ধাপের ভোট শেষ হলে ব্যালটগুলো পুড়িয়ে ফেলা হয়। সিস্টিন চ্যাপেলের চিমনির সেই ধোঁয়াই বাইরের মানুষের সিদ্ধান্ত জানার একমাত্র উপায়। ধোঁয়া সাদা হলে, পোপ নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত হয়।

    সাদা ধোঁয়া দেখা যাওয়ার পর সাধারণত ঘণ্টাখানেকের মধ্যে নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় এসে দাঁড়ান।

    এরপর কনক্লেভে অংশগ্রহণকারী একজন জ্যেষ্ঠ কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে নতুন পোপের বিষয়ে সিদ্ধান্ত জানান। তিনি ল্যাটিন ভাষায় চিৎকার করে বলেন, "হ্যাবেমাস পাপাম", বাংলায় যার অর্থ দাঁড়ায়, "আমাদের একজন পোপ আছেন"।

    নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়াটি এবছর কতক্ষণ স্থায়ী হবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক কনক্লেভগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল। যদিও আগের শতাব্দীগুলোয় মতবিরোধের কারণে মাঝে মাঝে সভাগুলো মাসের পর মাস ধরেও চলতে থাকে।

    বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় পোপ নির্বাচনের এবারের আনুষ্ঠানিকতা।

    গত ২১শে এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।

  2. ‘আমরা কোথায় যাব?’

    দেয়াল জুড়ে গর্ত, ছাদ থেকে সিমেন্টের টুকরো ছিটকে পড়েছে, ফ্যানে একটি ব্লেড নেই, বাসনপত্র ও অন্যান্য গৃহস্থালি জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে- ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত পুঞ্চ অঞ্চলের একটি বাড়ির চিত্র ঠিক এমনই।

    ভারতশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে পুঞ্চ অন্যতম, যেখানে আন্তঃসীমান্ত গোলাগুলি বিনিময়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

    ভারত জানিয়েছে পহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পর গত ১৪ দিন ধরে পাকিস্তান বারবার ‘সিজ ফায়ার’ চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্তে ভারতীয়কে ‘নিশানা’ করে হামলা চালিয়েছে, যাতে ১৬ জন নিহত হয়েছে। ইসলামাবাদ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    মেহতাব দীন জানিয়েছেন তিনি বাড়ি ছাড়বেন না
    ছবির ক্যাপশান, মেহতাব দীন জানিয়েছেন তিনি বাড়ি ছাড়বেন না

    পুঞ্চের স্থানীয় বাসিন্দা মেহতাব দীন বিবিসির সংবাদদাতাকে বলেছেন, “আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে ছিলাম, সেই সময় একটা বিকট বিস্ফোরণ হয়। আমরা সবাই মেঝেতে পড়ে যাই। কাচের টুকরো এসে আমার বুকে আঘাত করে।”

    স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা চালানোর পর পাকিস্তানের দিক থেকে থেকে কামানের গোলা বর্ষণ জোরদার হয়েছে।

    স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা পর বছর ৪৮-এর মেহতাব নিন পুঞ্চে নিজের বাড়িতেই ফিরেছেন। তবে তার প্রতিবেশীদের অনেকেই নিরাপদ এলাকায় চলে গিয়েছেন।

    স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, পুঞ্চে বসবাসরত আনুমানিক ৪০ হাজার মানুষের বেশিরভাগই এলাকা ছেড়ে চলে গেছেন।

    মেহতাব দীনকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনিও চলে যেতে চান কি না।

    তিনি বলেছেন, “আমরা কোথায় যাব? আমরা একটি ছোট ব্যবসা আছে। সবকিছু ফেলে রেখে চলে যেতে পারি না। এই বাড়ি আমাদের স্বপ্ন, এটিকে ছাড়া আমরা বাঁচব কী করে?”

    বাড়ির দেওয়ালের গর্তগুলো আপাতত চাদর দিয়ে ঢেকে রাখবেন বলেই জানিয়েছেন তিনি, অন্তত যতদিন না সেগুলো মেরামত করানো সম্ভব হচ্ছে।

    মি. দীনের বাড়ির পরিস্থিতি
    ছবির ক্যাপশান, মি. দীনের বাড়ির পরিস্থিতি
  3. ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে ‘অপারেশন সিন্দুর’

    ভারতের এক পাঠক সংবাদপত্র পড়ছেন

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, দুটি দেশের অবস্থানই ফুটে উঠেছে তাদের পত্রিকাগুলোয়

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি দুই দেশেরই গণমাধ্যমে প্রাধান্য পেয়েছে। সংবাদপত্রের প্রথম পাতাতেই প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত প্রতিবেদন।

    ভারতকে ‘যোগ্য জবাব’ দিতে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের ‘দৃঢ় সংকল্পের’ কথা তুলে ধরেছে পাকিস্তানি গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোয়।

    পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য নেশন’- প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম- “Armed Forces authorised to avenge martyrs' blood at a time, place of own choosing” যার অর্থ নিজের পছন্দ করা সময় ও স্থানে শহীদদের রক্তের প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে।

    ‘পাকিস্তান অবজারভার’, যাকে সামরিকপন্থি গণমাধ্যম হিসেবে দেখা হয়, দে দেশের সেনাবাহিনীর বিবৃতি তুলে ধরেছে, তাদের শিরোনামে- “31 civilians martyred, 57 injured in Indian attacks: ISPR”। যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘ভারতের হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক শহীদ, আহত ৫৭ জন: আইএসপিআর’।

    আইএসপিআর বা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস হলো পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা।

    সর্বাধিক পঠিত ইংরেজি ভাষার দৈনিক ‘ডন’-এর শিরোনাম, ‘India launches devious attack in dead of night, external; Pakistan delivers befitting reply”.’। যার অর্থ হলো ‘গভীর রাতে ভারতের নৃশংস হামলা, যোগ্য জবাব পাকিস্তানের।’

    ডেইলি টাইমস’-এর শিরোনাম “Pakistan Zindabad, external - Military given go-ahead to avenge loss of lives”। অর্থাৎ ‘পাকিস্তান জিন্দাবাদ, প্রাণহানির প্রতিশোধের জন্য সামরিক বাহিনীকে সবুজ সংকেত।’

    পাকিস্তানের অন্তত দু’টি পত্রিকা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্য তুলে ধরেছে।

    ‘পাকিস্তান টুডে’ দৈনিকের শিরোনাম “India’s heinous provocation not to go unanswered, vows PM Shehbaz”। এর বাংলা তরমা করলে দাঁড়ায় ‘ভারতের জঘন্য উসকানি বিনা জবাবে মেনে নেওয়া হবে না, প্রতিজ্ঞা করলেন প্রধানমন্ত্রী শাহবাজ।’

    দ্য এক্সপ্রেস ট্রিবিউ’-এর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম- “India to pay heavy price: PM, external” অর্থাৎ 'ভারতকে চড়া মূল্য দিতে হবে: প্রধানমন্ত্রী।’

    ভারতীয় সংবাদমাধ্যমগুলোলি ‘অপারেশন সিন্দুরের’-এর প্রশংসা করেছে।

    ইংরেজি সংবাদপত্র ‘হিন্দুস্তান টাইমস’-এর শিরোনাম "Sindoor serves justice, external" অর্থাৎ ‘ন্যায়বিচার করলো সিন্দুর’।

    হিন্দি সংবাদপত্র ‘নবভারত টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম "Attack on terror, external" অর্থাৎ ‘সন্ত্রাসের ওপর হামলা’।

    ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র প্রথম পাতায় প্রকাশিত খবরের শিরোনাম ‘"Payback for Pahalgam" অর্থাৎ "পহেলগাম হামলার জবাব"। ওই পত্রিকায় প্রকাশিত অন্য এক প্রতিবেদনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে- ‘পাকিস্তানকে ১৫ দিন ধরে ঝুলিয়ে রাখার পর ঠান্ডা মাথায়, হিসেব-নিকেশ করে, সাবধানতার সঙ্গে নেওয়া প্রতিশোধ’ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে।

    ‘ইকোনমিক টাইমস -এ প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম –"India avenges the spilt blood with precision military strikes to wipe out terror infrastructure in Pakistan, external"।

    যার অর্থ, ‘পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো নিশ্চিহ্ন করতে নির্ভুল সামরিক হামলা; রক্তপাতের প্রতিশোধ নিচ্ছে ভারত।’

    পাঁচটি ভারতীয় বিমানকে ভূপতিত করার পাকিস্তানের দাবিকে গুরুত্ব দেয়নি কোনো ভারতীয় সংবাদপত্রেই।

  4. উপগ্রহ থেকে পাওয়া ছবিতে পাকিস্তানের ক্ষয়ক্ষতির চিত্র

    ভাওয়ালপুরের সুবহান আল্লাহ মসজিদের ক্ষয়ক্ষতির ছবি - উপগ্রহ থেকে তোলা

    ছবির উৎস, Maxar Technologies

    ছবির ক্যাপশান, ভাওয়ালপুরের সুবহান আল্লাহ মসজিদের ক্ষয়ক্ষতির ছবি - উপগ্রহ থেকে তোলা

    পাকিস্তানের যেসব স্থাপনায় ভারতীয় সামরিক বাহিনী হামলা চালিয়েছে, তারই কিছু ছবি প্রকাশ করেছে মাক্সার টেকনোলজি।

    কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া ওই ছবিগুলিতে সাতই মে'র আগে স্থাপনাগুলো দেখা যাচ্ছে, আবার সাত তারিখে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ।

    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুর এবং নাঙ্গাল শাহদানের ছবি এগুলো।

    প্রথম একজোড়া ছবি ভাওয়ালপুরের। দোসরা মে তারিখে তোলা প্রথম ছবিটিতে সুবহান আল্লাহ মসজিদের পাঁচটি গম্বুজ দেখা যাচ্ছে। তবে সাত তারিখের ছবিতে পাঁচটির মধ্যে তিনটি গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে। সাত তারিখের ছবিতে ওই মসজিদ থেকে উত্তরপূর্ব দিকে প্রায় ১৬৫ মিটার দূরেও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে।

    দ্বিতীয় একজোড়া ছবি নাঙ্গাল শাহদানের। নয়ই এপ্রিল তারিখের ছবিতে প্রায় ১৫০ মিটার দূরত্বে থাকা দুটি বাড়ি যাচ্ছে, অথচ সাতই মের ছবিতে একটি বাড়ি আংশিক আর অন্য বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে দেখা যাচ্ছে।

    নাঙ্গাল শাহদানের ছবি - উপগ্রহ থেকে তোলা

    ছবির উৎস, Maxar Technologies

    ছবির ক্যাপশান, নাঙ্গাল শাহদানের ছবি - উপগ্রহ থেকে তোলা
  5. উত্তেজনা কমাতে ও হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইইউ

    ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে

    বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য ভারত ও পাকিস্তানকে "সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো এবং আরও হামলা করা" থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে।

    এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে ইইউ।

    ই্ইউ'র সদস্য রাষ্ট্রগুলো গতমাসে ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়েছে, "সন্ত্রাসবাদকে কখনো ন্যায্যতা দেয়া যাবে না। যারা ওই হামলার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।"

    "প্রতিটি রাষ্ট্রেরই আইনগতভাবে তাদের জনগণকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার কর্তব্য ও অধিকার রয়েছে" বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

    "এ অঞ্চলের ক্রমবর্মাধন উত্তেজনা এবং এর ফলে আরো সম্ভাব্য প্রাণহানিসহ পরিণতিগুলো" অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে বলে বিবৃতিতে জানিয়েছে ইইউ।

    "উভয় পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ" বলা হয়েছে এই বিবৃতিতে।

    "ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যবাধকতা মেনে চলা এবং বেসামরিক জনগণের জীবন রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ" বলেছে ইইউ।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষের সাথে কাজ করবে বলে জানিয়েছে ইইউ।

  6. আইপিএলের ম্যাচ ধরমশালা থেকে সরানো হল

    ধরমশাল স্টেডিয়াম

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধরমশাল স্টেডিয়াম

    আগামী রোববার হিমাচল প্রদেশের ধরমশালায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ হওয়ার কথা ছিল, তার স্থান পরিবর্তন করা হয়েছে।

    এখন ওই ম্যাচ হবে পশ্চিমাঞ্চলীয় গুজরাত রাজ্যের আহমেদাবাদে।

    গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস-এর ম্যাচটির স্থান বদল করা হয়েছে।

    পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের প্রেক্ষিতে ভারতের কুড়িটিরও বেশি বিমানবন্দর ১০ই মে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ধরমশালার বিমানবন্দরও।

    অবশ্য ধরমশালা স্টেডিয়ামে বুধবারের নির্ধারিত ম্যাচটি খেলা হবে। পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস্- এর মধ্যে এই ম্যাচটির যে স্থান পরিবর্তন করা হচ্ছে না, তা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। দুই দলই প্র্যাকটিসের জন্য কয়েকদিন আগেই ধরমশালায় পৌঁছিয়ে গেছে।

  7. পাকিস্তানের গুলিতে ১৬ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ভারত

    ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার ছবি

    বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।

    এর আগে, বুধবার রাতে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানানো হয়েছিল।

    এর আগে দেয়া একটি বিবৃতিতে ভারত জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা জুড়ে "বিনা উসকানিতে গুলিবর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে"। এই রেখা ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত।

    এই বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং শক্তিশালী কামানের গোলা নিক্ষেপ করেছে ইসলামাবাদ। ভারতীয় সেনাবাহিনী এই মর্টার এবং কামান হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে।

  8. লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের 'নিরাপদ স্থানে আশ্রয়' নিতে নির্দেশ

    লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল সব কর্মীদের 'নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার' নির্দেশ দিয়েছেন। যেহেতু লাহোর এবং তার কাছাকাছি 'ড্রোন বিস্ফোরণ' এবং 'আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের' খবর রয়েছে।

    "লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিকভাবে কনস্যুলেট প্রতিবেদন পেয়েছে" কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে।

    'সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায়' থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট।

  9. লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারত

    পাকিস্তানের "বেশ কয়েকটি স্থানে" বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত।

    ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, "এটা নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।"

    ভারত কীভাবে এই সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সে সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি।

    তবে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা গত রাত থেকে ২৫টি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

    ভারত দাবি করেছে, পাকিস্তান ভারতের বেশ কয়েকটি স্থানে "ড্রোন ও ক্ষেপণাস্ত্র" পাঠিয়েছে।

  10. পাকিস্তানের পাঠানো 'ড্রোন' ও 'ক্ষেপণাস্ত্র' নিষ্ক্রিয় করার দাবি ভারতের

    ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাকিস্তানের চেষ্টা নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে ভারত। উত্তর ও পশ্চিম ভারতে বুধবার এবং বৃহস্পতিবার রাতের অন্ধকারে পাকিস্তানের পক্ষ থেকে এই প্রচেষ্টা চালানো হয় বলে দাবি করেছে ভারত সরকার।

    মাত্রই জারি করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ভারত।

  11. ব্রেকিং, 'ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় ড্রোন' ভূপাতিত করার দাবি পাকিস্তানি সেনাবাহিনীর

    পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরও কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।

    সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে সফট-কিল (কারিগরিভাবে) এবং হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ইসরায়েলে তৈরি হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

    সেনাবাহিনীর মতে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।

    এই বিবৃতির কয়েক ঘণ্টা আগে সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতসাত ও আটই মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২টি ড্রোন ভূপাতিত করা হয়। আরও ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে যে পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরায়েলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ।

  12. অপারেশন সিন্দুরে ‘শতাধিক সন্ত্রাসবাদী নিহত’ হওয়ার তথ্য জানিয়েছেন রাজনাথ সিং

    ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফাইল ছবি

    পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের চালানো অপারেশন সিন্দুরে “শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে” বলে বিরোধী দলের নেতাদের জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

    আজ (বৃহস্পতিবার) দুপুরে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরেন।

    বার্তা সংস্থা পিটিআই ও ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বৈঠকে উপস্থিত সূত্রগুলোকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

    প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে আরও জানানো হয়েছে, তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন তারা যদি এই পর্যায় থেকে সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে।

    অপারেশন সিন্দুরকে একটি ‘চলমান অভিযান’ বলে বর্ণনা করে বৈঠকে রাজনাথ সিং আরও জানান, ভারত এখন আর নতুন করে কোনো হামলা চালাতে চায় না – কিন্তু পাকিস্তানি সেনা ভারতে আঘাত হানলে অবশ্যই তার জবাব দেওয়া হবে।

    বৈঠকের পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাংবাদিকদের বলেন, “সরকার যা বলেছেন তা আমরা শুনলাম। তারা এমন কিছু তথ্যও দিয়েছেন যেগুলো গোপনীয় রাখতে হবে। বিরোধীরা জানিয়েছেন আমরা সবাই সরকারের পাশে আছি।”

    সর্বদলীয় বৈঠক খুব ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে হয়েছে, এ কথা জানিয়ে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদমাধ্যমকে বলেন, “বৈঠকে উপস্থিত সবাই পরিণতিবোধ দেখিয়েছেন, কেউ কোনো দোষারোপের রাস্তায় যাননি।”

    ভারতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই সামরিক অভিযানের বিষয়ে একটি ‘সার্বিক ঐকমত্য’ গড়ে তুলতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে সরকার জানিয়েছে।

    এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন সাংবাদিকরা, তারা জানতে চান ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে গতকাল বুধবার পাকিস্তানে বিমান হামলায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে। কিন্তু এই দাবির বিষয়ে কথা বলেননি তিনি।

    মি. মিশ্রি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরো বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে বলেন।

  13. দিল্লিতে সর্বদলীয় বৈঠক: সরকারের পদক্ষেপে বিরোধী নেতাদের সমর্থন

    দিল্লিতে বৈঠক

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ভারতীয় বিরোধী দলগুলো সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে

    সর্বদলীয় বৈঠকে ভারতের বিরোধী দলের নেতারা সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। কিছুক্ষণ আগে দিল্লিতে এ বৈঠকটি শেষ হয়।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবারের পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিমান হামলা সম্পর্কে বিরোধী দলগুলোকে অবহিত করেছেন বলে জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কাইরেন রিজিজু।

    তিনি আরও জানান বিরোধী দলের নেতারা তাদের পরামর্শও দিয়েছেন।

    কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, সরকার বলেছে “ জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপনীয় কিছু বিষয় তারা জানাতে পারছে না। আমরা (সকল দল) বলেছি , আমরা সরকারের সাথে আছি।”

    সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন যে তিনি পরামর্শ দিয়েছেন যে ভারতের “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচারণা চালানো উচিত।”

    গত মাসে পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর জঙ্গি হামলার জন্য দিল্লি এই জঙ্গি গোষ্ঠীটিকে দায়ী করেছে।

    ভারত বলেছে টিআরএফ পাকিস্তানভিত্তিক লস্কর – ই - তৈয়বার একটি ফ্রন্ট। জাতিসংঘ এটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে।

  14. সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়ে যা জানালেন এস জয়শঙ্কর

    সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ছবির উৎস, S Jaishankar/X

    ছবির ক্যাপশান, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে দেখা করেছেন।

    জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে এই বৈঠক বিষয়ক তথ্য পোস্ট করেছেন।

    এস জয়শঙ্কর লিখেছেন, "আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।"

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচিও ভারতে এসেছেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে আরাঘচি ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন।

    তিনি এই বৈঠককে ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।

    এসব সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

    বুধবার ভারত পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে। ভারতের দাবি তারা নয়টি স্থানে হামলা চালিয়েছে।

    তবে পাকিস্তানের দাবি ভারত ছয়টি স্থানে হামলা চালিয়েছে এবং পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। বিমান ভূপাতিত করার দাবি নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

  15. ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে কড়া জবাব দেওয়া হবে: জয়শঙ্কর

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ফাইল ছবি

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যদি ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

    বৃহস্পতিবার সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে এক বৈঠকে এস জয়শঙ্কর এই বিবৃতি দেন।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২শে এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ই মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।

    তিনি আরো বলেন, "আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।"

    এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে বলেন, "প্রতিবেশী এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিস্থিতি সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা জরুরি।"

  16. এখন পর্যন্ত যা ঘটেছে

    বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের বিমান হামলার পর ভারত এবং পাকিস্তানের নেতারা তাদের পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন, তাই উত্তেজনা চরমে পৌঁছেছে।

    • পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ৭ থেকে ৮ই মে পর্যন্ত ভারত থেকে আসা ১২টি ড্রোন ধ্বংস করেছে। গত রাতেও ভারত পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে।
    • ইসলামাবাদ বেশ কয়েকবার দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় বিমান এবং কমপক্ষে একটি ড্রোন ভূপাতিত করেছে। যদিও ভারত এই বিষয়টি নিশ্চিত করেনি।
    • পাকিস্তান জানিয়েছে যে ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পাশে পাকিস্তানের গোলাগুলিতে এক সেনা সদস্যসহ ১৫ জন নিহত হয়েছে।
    • ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে নিয়ন্ত্রণ রেখায় আন্তঃসীমান্ত গোলাগুলি অব্যাহত রয়েছে এবং তারা পাকিস্তানের দিক থেকে "বিনা উসকানিতে গুলি চালানোর" জবাব দিচ্ছে।
    • ভারত সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করেছে। সেখানে জানানো হয়েছে, 'অপারেশন সিন্দুর' এখনো চলছে।
  17. ‘অপারেশন সিন্দুর একটি চলমান অভিযান’, দাবি ভারতীয় মন্ত্রীর

    কিরেন রিজিজু

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, কিরেন রিজিজু

    ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সভাপতিত্বে দিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বৈঠকে অংশ নেওয়ার পর কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, "অপারেশন সিন্দুর একটি অনগোয়িং (চলমান) অভিযান।"

    তিনি বলেন, "প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত সব নেতাকে অপারেশন সিন্দুর সম্পর্কে অবহিত করেন। তাদের পুরো পরিস্থিতি এবং সরকারের উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন। বিভিন্ন দলের নেতারাও নিজেদের মতামত জানিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন।"

    কিরেন রিজিজু জানিয়েছেন, উপস্থিত সব দলের নেতারা সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপে সমর্থনের আশ্বাস দিয়েছেন।

  18. ড্রোন ভূপাতিত করার খবর আসছে পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে

    ড্রোনের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Imran Niazi

    ছবির ক্যাপশান, ড্রোনের ধ্বংসাবশেষ

    পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বুধবার রাতে ভারতের হামলার পর বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ড্রোন ভূপাতিত করার খবর আসছে।

    বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র বলেছেন, ভারত আবারও সীমান্ত লঙ্ঘন করেছে এবং লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি এবং করাচিতে ড্রোন পাঠিয়েছে।

    পরে পাকিস্তান সেগুলো ধ্বংস করে দেয়ার দাবি করেছে।

    পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার এসএসপি সামিউল্লাহ সুমরো বিবিসি সংবাদদাতা রোহান আহমেদকে বলেন, বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্ত থেকে ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে কেনজোতে ড্রোনটি বিধ্বস্ত হয়।

    এসএসপি সামিউল্লাহ বলেন, “কিছু কৃষক মাটিতে বসে ছিলেন এবং ড্রোনটি পড়ে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হন।”

    বিবিসির রোহান আহমেদের মতে, করাচির শরাফি গোথ এলাকাতেও একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

    বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার খবরও পাকিস্তানি গণমাধ্যম প্রচার করেছে এবং এলাকার ফুটেজে বোমা নিষ্ক্রিয়কারী দল, ফায়ার ব্রিগেড এবং রেসকিউ ১১২২-এর যানবাহন দেখা গেছে।

    পাঞ্জাবেও, চকওয়াল জেলার দোহমান থানার সীমানার মধ্যে মাঠে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    স্থানীয় সাংবাদিক নাবিল আনোয়ারের মতে, সকাল ৬টার দিকে ঘনওয়াল গ্রামের কাছে ড্রোনটি বিধ্বস্ত হয়।

    সাংবাদিক নাবিল আনোয়ারের মতে, "ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর এলাকায় একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।"

    গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছেছে। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর সদস্য এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়, তবে ড্রোনটি একটি মাঠে পড়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মতোই ব্যস্ত শহর রাওয়ালপিন্ডির একটি ফুড স্ট্রিটেও আরেকটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

    খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ড্রোনটিতে আগুন ধরে যায়, যার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনাস্থলটি অবরুদ্ধ করে দেন।

    অন্যদিকে, গুজরানওয়ালার স্থানীয় পুলিশের মতে, ওয়াহিন্দু থানার টোকান এলাকায় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনের ধ্বংসাবশেষও মাঠে পাওয়া গেছে।

    ড্রোনের ধ্বংসাবশেষ

    ছবির উৎস, Nabeel Anwar

  19. ভারতশাসিত কাশ্মীরের পুঞ্চ থেকে গোলাবর্ষণের মুখে পালাচ্ছেন স্থানীয়রা

    সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির কারণে সুফরিন পুঞ্চে তার বাড়ি ছেড়ে পালিয়েছেন

    ছবির উৎস, Aamir Peerzada/BBC

    ছবির ক্যাপশান, সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির কারণে সুফরিন পুঞ্চে তার বাড়ি ছেড়ে পালিয়েছেন

    ভারত-শাসিত কাশ্মীরের পুঞ্চ জেলার অসংখ্য মানুষ নিয়ন্ত্রণ রেখা বরাবর তীব্র গোলাবর্ষণ থেকে বাঁচতে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।

    স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে যে বুধবার ভোরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান হামলার পর সীমান্তে গোলাবর্ষণ তীব্র আকার নিয়েছে।

    "আমি একটি বিকট শব্দ শুনে আমার এক মাস বয়সী শিশুকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে এসেছি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম," সোবিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানিয়েছেন।

    সুফরিন আখতার নামে আরেকজন স্থানীয় বাসিন্দা বলেছেন যে তাদের বাড়ির সামনে একটি গোলা আছড়ে পড়ার পর তিনি এবং তার পরিবার তাদের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন।

    "আমরা গাড়ি পাইনি এবং (নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য) মাইলের পর মাইল হেঁটে যেতে হয়েছে। আমি সারা পথ কাঁদছিলাম, অনেক গোলাবর্ষণ হচ্ছিল," তিনি বলেন।

    সোবিয়া এবং সুফরিনসহ আরো বহু মানুষ গত ৪৮ ঘণ্টায় পুঞ্চ থেকে পালিয়ে সুরানকোটে তাদের পরিবার এবং বন্ধুদের কাছে আশ্রয় খুঁজতে এসেছেন।

    সুরানকোট সীমান্ত থেকে আরও দূরে অবস্থিত এবং তাই এখানে গোলাবর্ষণের ঝুঁকিতে নেই। স্থানীয়রা বলছেন যে এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন পালিয়ে গেছেন এবং আরও অনেকের আসার সম্ভাবনা রয়েছে।

    "আমার বাড়িতে এখন ২৫ জন লোক বাস করে। কেউ কেউ খালি পায়ে হেঁটে এখানে এসে পৌঁছেছেন। কেউ কেউ তাদের ঘর তালাও দেয়নি কারণ তাদের তাৎক্ষণিকভাবে চলে যেতে হয়েছিল", সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন।

    এই পরিবারগুলো সংকট কাটিয়ে উঠতে এখন মি. মালিকের মতো মানুষের দয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।

    স্থানীয়রা বলছেন, পুঞ্চ থেকে কমপক্ষে ৮০ জন সুরানকোটে পালিয়ে গেছেন।

    ছবির উৎস, Aamir Peerzada/BBC

  20. পহেলগাম হামলা ও ভারতীয় বিমান হামলার পর নিয়ন্ত্রণ রেখা উত্তপ্ত, সৌতিক বিশ্বাস

    এলওসি

    ছবির উৎস, AFP

    ছবির ক্যাপশান, ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি চলছে, প্রতীকী ছবি

    গত মাসে পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত এবং বুধবার সকালে ভারতের প্রতিশোধমূলক বিমান হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

    ভারতের দাবি, গত টানা ১৪ রাত ধরে পাকিস্তানি সেনারা ২০২১ সালের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে।

    ভারত ও পাকিস্তানকে আলাদা করা ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় অবস্থানগুলোকে টার্গেট করছে তারা।

    ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার জম্মু ও কাশ্মীরের চারটি জেলার নিয়ন্ত্রণ রেখা বরাবর গ্রামে পাকিস্তানিদের ভারী গোলাবর্ষণে নারী, শিশু এবং একজন ভারতীয় সৈন্যসহ ১৫ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

    ভারত বলেছে যে কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরসহ গুরুত্বপূর্ণ সেক্টরগুলোয় বিনা উসকানিতে হালকা অস্ত্রের গুলিবর্ষণের জবাব দিয়েছে তাদের সেনাবাহিনী।

    পাকিস্তান এখন পর্যন্ত এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

    নতুন করে সংঘাতের ফলে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বসবাসকারী বেসামরিক নাগরিকদের মধ্যে দুর্দশা দেখা দিয়েছে।

    তাদের মানুষ হতাহত হচ্ছে, সম্পদ ও গবাদি পশুর ক্ষয়ক্ষতি হচ্ছে, কারফিউ এর কারণে কেউ স্কুল, হাসপাতাল ও বাজারে যেতে পারছে না।

    যদিও আগের মতো এখনও পর্যন্ত সেখানে বৃহৎ আকারে বাস্তুচ্যুতি ঘটেনি -যেমন ২০১৬ সালের শেষের দিকে ঘটেছিলো। ওই বছর ২৭ হাজারেও বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছিল।

    বর্তমান সহিংসতা সীমান্তবর্তী অঞ্চলগুলোকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে।

    এমন অবস্থায় ২০২১ সালের ফেব্রুয়ারির যুদ্ধবিরতি এখন দ্রুত ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে, যা বিশ্বের অন্যতম অস্থিতিশীল এই সীমান্তে দীর্ঘস্থায়ী সংঘর্ষের বিষয়ে উদ্বেগ তৈরি করছে।