আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বিসিবি'র পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলেও তাকে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। চোখ রাখুন বিবিসি বাংলা লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. বিসিবি'র পরিচালনা পর্ষদ ভেঙ্গে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন

    বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান করা হয়েছে তামিম ইকবালকে।

    এই কমিটির মেয়াদ হবে তিনমাস।

    আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এ কথা জানিয়েছেন।

    কমিটির অন্য সদস্যরা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।

    আমিনুল ইসলাম এহসান বলেন, "পুরো কমিটির তথ্য বাস্তবায়িত হিসেবেই বিবেচনা করতে হবে। কারণ আমরা ইতোমধ্যে সবগুলো বিষয় উল্লেখ করে আইসিসিকে কমিটি ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্তটি জানিয়েছি এবং একইসাথে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। "

    যে সকল অনিয়মের কারণে কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং যে কারণে নতুন কমিটি গঠন করা হয়েছে, আইসিসি তাতে একমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    গত ছয়ই অক্টোবর নির্বাচনের মাধ্যমে বিসিবির সর্বশেষ বোর্ড গঠিত হয়েছিল, যার সভাপতি নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

    নির্বাচনের আগে তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিএনপি নেতা ইশরাক হোসেনের দ্বন্দ্বের বিষয় সামাজিক আলোচনা তৈরি করেছিল।

  2. সরকার বিরোধী পোস্ট দিয়ে গ্রেফতার সাওদা সুমি'র জামিন

    সরকার বিরোধী পোস্ট দিয়ে ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতে ইসলামী'র নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছে আদালত।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী'র আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বরাতে দলটির ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে খবরটি জানানো হয়।

    কোর্টহাজত থেকে বের হওয়ার সময় তাকে জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন।

    এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    পরদিন তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

  3. ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলিতে একজন নিহতের খবর

    তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, ইস্তানবুলে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন।

    তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আরও বলা হয়েছে, এ ঘটনায় দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

    ইস্তানবুলের গভর্নর দাভুত গুল বলেছেন, একজন হামলাকারী নিহত হয়েছেন এবং আহত আরও দু’জনকে ‘প্রতিহত’ করা হয়েছে। সিএনএন তুর্কের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    তিনি বলেন, “আমাদের পুলিশ বাহিনীর ওপর একটি হামলা হয়েছিল। এতে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্ত্রাসীদের একজন নিহত হয়েছে, আরেক দু’জন আহত অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে। আমাদের পুলিশের নেওয়া সতর্কতামূলক ব্যবস্থার কারণে এই বড় হামলাটি ন্যূনতম ক্ষয়ক্ষতির মধ্যেই মোকাবিলা করা সম্ভব হয়েছে।”

    এর আগে তুর্কি গণমাধ্যম জানিয়েছিল, অন্তত দু’জন হামলাকারী নিহত হয়েছেন।

  4. রিমান্ড নাকচ করে শিরীন শারমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত

    বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ঢাকার লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত।

    এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহসীন উদ্দীন শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আজ মঙ্গলবার দুপু্রে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।

    ​কারাগারে রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। আসামী জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। এই অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটকে রাখা প্রয়োজন।

    পরে এই আবেদনের শুনানির সময় দুইদিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। তবে, শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ই জুলাই কোটা আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে হামলার ঘটনা ঘটে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে এবং মামলার অন্যান্য আসামিদের পরিকল্পনা ও নির্দেশে চালানো হয়।

    এই মামলার তিন নম্বর আসামি হিসেবে শিরীন শারমিন চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে।

    মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়।

    পরে তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

  5. মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। তেহরানও তার পাল্টা হামলা করে যাচ্ছে।

    গত কয়েক ঘণ্টায় ইরান যেসব দেশে হামলা চালিয়েছে, তার সংক্ষিপ্ত চিত্র এখানে তুলে ধরা হলো:

    সৌদি আরব: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইরান থেকে ছোড়া ১৮টি ড্রোন ধ্বংস করেছে।

    বাহরাইন: সাইরেন বেজে ওঠার পর কর্তৃপক্ষ বাসিন্দাদের রাতভর নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেছে।

    সংযুক্ত আরব আমিরাত: দেশটি জানিয়েছে, রাতভর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে গেছে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইউএই'কে লক্ষ্য করে এখন পর্যন্ত ৫১৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুই হাজার ২১০টি ড্রোন ছোড়া হয়েছে।

    ইসরায়েল: দেশটির জরুরি সেবা কিছু ভিডিও প্রকাশ করেছে। সেগুলোতে দেখা গেছে যে ইসরায়েলের মধ্যাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

    ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফল। এই হামলায় কেউ আহত হয়েছে কিনা, তা জানানো হয়নি। তবে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত এক দিনে ১৩৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    ইরাক: ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কুনা সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান সেখানে একটি ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে।

  6. সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী সেতু পুনরায় চালু

    ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, 'কিং ফাহাদ কজওয়ে' সেতুটি পুনরায় চালু হয়েছে।

    এই সেতুর নিকটবর্তী জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। সেখান থেকে ধ্বংসাবশেষ এসে কোনো ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটি বন্ধ করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ।

    পরে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় সেতুটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, সেতু দিয়ে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।

    এই সেতুটি প্রায় ১৫ দশমিক পাঁচ মাইল দীর্ঘ, যা উপসাগরীয় দেশ সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করেছে।

  7. গত ১০ দিনে ‘সবচেয়ে বেশি হামলা’ ইরানে, বলছে পর্যবেক্ষক সংস্থা

    হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

    রাতভর প্রকাশিত এক হালনাগাদ তথ্যে সংস্থাটি জানায়, সোমবার ৬ই এপ্রিল সারা দেশে ৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আরও ৫৮ জন আহত হয়েছেন।

    এইচআরএএনএ বলছে, এই ২৪ ঘণ্টার সময়কালটি “গত ১০ দিনে দেখা সবচেয়ে বেশি হামলার হারকে চিহ্নিত করে”।

    সোমবার পুরো ইরানে বেশ কয়েকটি বড় হামলা হয়। এর মধ্যে ছিল তেহরানের বাহারেস্তানে একটি আবাসিক ভবনে, শরিফ বিশ্ববিদ্যালয়ে এবং দক্ষিণ বুশেহর প্রদেশের আসালুইয়েহে একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা।

    এইচআরএএনএ জানায়, মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় যোগাযোগ, চিকিৎসা ও জরুরি সূত্র, নাগরিক সমাজের নেটওয়ার্ক এবং ছবি, ভিডিও ও প্রাসঙ্গিক সরকারি বিবৃতির মতো উন্মুক্ত সূত্রের সমন্বয়ে তারা এসব পরিসংখ্যান তৈরি করে।

  8. ইরানে আরও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের তৃতীয় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

    দক্ষিণ-পশ্চিম ইরানের শিরাজে অবস্থিত ওই স্থাপনাটি লক্ষ্য করে সোমবার আঘাত হানার দাবি করেছে তারা।

    আইডিএফ বলছে, এটি এমন একটি কারখানা ছিল, যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো।

    তারা আরও জানায়, এই তৃতীয় হামলাটি সোমবারই পেট্রোকেমিক্যাল স্থাপনায় এর আগে চালানো দুটি পৃথক হামলার পর ঘটে। ওই হামলাগুলো চালানো হয়েছিল ইরানের দক্ষিণে আসালুইয়েহে অবস্থিত সাউথ পার্স পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে এবং ফারস প্রদেশের মার্ভদাশত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে।

  9. ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

    ইরান যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

    ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, এ পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি’।

    এ বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

    এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

  10. ইরানিদের ট্রেনে ভ্রমণ না করার সতর্কতা দিলো ইসরায়েলি সেনাবাহিনী

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ ইরানে বসবাসকারীদের আজ ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে।

    সেনাবাহিনীর ফারসি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ ইরানের মানুষকে “নিজেদের নিরাপত্তার স্বার্থে” সারা দেশে “ইরান সময় রাত ৯টা পর্যন্ত” ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

    তারা আরও জানিয়েছে, “ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে”।

    এ সতর্কতা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন—ইরানের শাসকগোষ্ঠী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার মধ্যে (ব্রিটিশ সময় বুধবার রাত ১টা) হরমুজ প্রণালী দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।

    রাতভর প্রকাশিত হালনাগাদ তথ্যে ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের “অবকাঠামো লক্ষ্য করে” ব্যাপক আকাশ হামলার একটি ধাপ সম্পন্ন করেছে এবং যাদের তারা হেজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে, এমন কয়েকজনকে হত্যা করেছে।

    এছাড়া আলাদাভাবে সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসার পথে তারা প্রতিহত করেছে।

  11. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেছেন, ''যদি আমার ওপর নির্ভর করত, আমি ইরানের সব তেল নিয়ে নিতাম। সেটি নিজের কাছে রাখতাম। অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের জনগণের দেখভালও করতাম। কিন্তু আমেরিকান জনগণ চায় আমরা ফিরে আসি।''
    • ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের আধা সরকারি গণমাধ্যম ইরনার খবরে এই তথ্য জানানো হয়েছে।
    • ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে সেটি যদি সত্যিই বাস্তবায়ন করতে চায় তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তত ইরান।
    • ইসরায়েলের হাইফার একটি ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। সেখানের বিধ্বস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী দল চারজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
    • সোমবার ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে এই তথ্য জানান।
    • লেবাননে হেজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হলে এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা নিহত হন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ।
    • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তিনজন সদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
    • ত্রয়োদশ জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ই মে অনুষ্ঠিত হবে। আটই এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে