আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দেশ ছেড়েছেন শেখ হাসিনা, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা সেনাপ্রধানের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে এক 'গণঅভ্যুত্থানে' পতন ঘটলো শেখ হাসিনা সরকারের। গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সাধারণ মানুষের দখলে। অবশ্য তার আগেই ভারতের উদ্দেশে দেশ ছেড়ে গেছেন মিজ হাসিনা। বিকেলে জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। সারাদিনের সব আপডেট পেতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সার সংক্ষেপ

  • বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন
  • গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাত্র-জনতার দখলে
  • জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, সকলকে ধৈর্য ধরার আহ্বান অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা
  • ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • বাংলাদেশে ১৭ দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে, অফিস,আদালত খুলে দেয়া হচ্ছে
  • আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, প্রধান বিচারপতির বাসভবনসহ নানা জায়গায় হামলা

সরাসরি কভারেজ

  1. প্রধান বিচারপতির বাসভবনে হামলা

    প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পর এবার প্রধান বিচারপতি বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।

    সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একদল লোক কাকরাইল মোড়ে অবস্থিত ওই বাসভবনে ঢুকে পড়ে।

    এর কিছুক্ষণ পর ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শোনা গেছে। এছাড়া গণভবনের মতো এখান থেকেও অনেক মালামাল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

    তবে তখন প্রধান বিচারপতি ওই ভবনে অবস্থান করছিলেন কী-না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

  2. ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

    বাংলাদেশের রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

    বিমানবন্দরের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিকাল পৌনে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আপাতত ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

    তিনি জানান, সেখানকার ইমিগ্রেশনের সব পুলিশ সদস্যরাসহ অন্যান্য সব বিভাগের লোকজন চলে গেছেন। শুধুমাত্র বিমান বাহিনীর সদস্যরা ছাড়া সেখানে আর কেউ নেই।

    ফলে বিমানবন্দরের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

  3. শেখ হাসিনার দেশত্যাগ কী বার্তা দেয়?, মীর সাব্বির, সম্পাদক, বিবিসি বাংলা

      • Author, মীর সাব্বির
      • Role, সম্পাদক, বিবিসি বাংলা

    বাংলাদেশে কোটা সংস্কারকে ঘিরে শিক্ষার্থীদের যে আন্দোলনের সূত্রপাত, তার একটি পরিণতি দেখা গেলো আজ শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে। সরকারকে শুরু থেকেই এই আন্দোলন এবং আন্দোলনকারীদের অনেকটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখার প্রবণতা ছিল, এমনকি এক সপ্তাহের ব্যবধানে শত-শত মৃত্যুর পরও পুরো বিষয়টিকে শুধুমাত্র বিরোধীদের ষড়যন্ত্র, এমনকি জঙ্গি হামলা হিসেবে বর্ণনা করে এসেছে সরকার।

    তিনটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে পনের বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার স্লোগান, দেয়ালে-দেয়ালে ‘স্বৈরাচার’ লেখা কোনকিছুই যেন আওয়ামী লীগকে স্পর্শ করেনি।

    যার বিরুদ্ধে ফেসবুকে সামান্য সমালোচনার জন্যও মানুষকে জেলে যেতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে- তার বিরুদ্ধে রাস্তায় জ্বালাময়ী স্লোগান, সামাজিক মাধ্যমে লাখ-লাখ মানুষের ঠাট্টা-বিদ্রুপ যে বার্তা দিয়েছে সেটিতে তারা অবজ্ঞা করেছে।

    বাংলাদেশের সবচেয়ে পুরনো এই রাজনৈতিক দলটি আক্ষরিক অর্থেই ‘দেয়ালের লিখন’ পড়তে পারেনি।

    বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের নেতৃত্বে ১৯৯০ এর গণঅভ্যূথ্থানের ৩৪ বছর পর আরেকটি গণআন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হলো, তবে সেটি হলো দেশটির ইতিহাসে সবচেয়ে বড় রক্তপাতের মধ্য দিয়ে।

    কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই যেমন স্পষ্ট ছিল যে এই দাবি শেষপর্যন্ত সরকারকে মেনে নিতে হবে, তেমনি শিক্ষার্থীদের এক দফা ঘোষণার পরও পরিষ্কার ছিল সাধারণ মানুষের এত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে কোন সরকার টিকতে পারে না।

    এই রক্তপাত হয়তো ঠেকানো যেতো, কিন্তু সেই চেষ্টা আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে দেখা যায়নি।

    সর্বময় ক্ষমতা এখানে শুধু নীতিভ্রষ্টই করেনি, বাস্তবতা থেকে অন্ধ করে দিয়েছে।

    ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, যেকোনো সমালোচককে প্রতিপক্ষ হিসেবে দেখা- এসব কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের যে পুঞ্জিভূত ক্ষোভ তৈরি হয়েছে, সেটি দেখতে না পারাটা শুধুমাত্র দাম্ভিকতারই ইঙ্গিত দেয়।

    কোন রাষ্ট্রপ্রধানকে তখনি ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে হয়, যখন তার সেই ক্ষমতা শুধু ক্ষমতাতেই সীমাবদ্ধ থাকে, এর পেছনে জনসমর্থন থাকে না।

    স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতা ছেড়ে দেশত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা বিশ্বে সেই বার্তাটাই দিলেন।

  4. ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর, আগুন

    ঢাকায় আওয়ামী লীগের একাধিক কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আওয়ামী লীগের একের পর এক কার্যালয়ে হামলা শুরু হয়।

    এর মধ্যে বিকেল সাড়ে তিনটার দিকে একদল ব্যক্তি আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা চালায়। সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা।

    প্রায় একইসময়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

    একইভাবে, আগুন দেওয়া হয় তেজগাঁওয়ে অবস্থিত দলটির ঢাকা জেলা কার্যালয়ে। তবে এসব ঘটনায় প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

  5. সিলেটে হামলা ও অগ্নিসংযোগ

    সিলেটে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সহ কিছু সরকারি স্থাপনায় হামলা ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

    স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ডিসি ও এসপি কার্যালয় ছাড়াও লামা বাজারে পুলিশ ফাঁড়িতে এবং কাউন্সিলর রেজওয়ান আহমেদের বাসায় আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

    এছাড়া আরেকজন কাউন্সিলর লায়েক আহমেদের বাসাতেও হামলা হয়েছে বলে জানা গেছে।

    এছাড়া শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আন্দোলনকারীরা জিন্দাবাজার সহ শহরের বিভিন্ন এলাকায় মিছিল করতে থাকে।

  6. ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে আগুন

    ঢাকার ধানমণ্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে একদল ব্যক্তি। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    সোমবার বিকেল চারটার দিকে ওই ব্যক্তিরা প্রথমে ধানমণ্ডি-৩২ নম্বর মোড়ে অবস্থিত সান্তোর রেস্তোরাঁয় ভাঙচুর চালিয়ে আগুন দেয়।

    এরপর তারা একই কায়দায় বঙ্গবন্ধু জাদুঘরের সামনের অংমে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

  7. ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভনে ভাঙচুর, আগুন

    প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসভবনে হামলা করে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা।

    সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে।

    সেসময় ভবনের প্রধান ফটক ভেঙে অসংখ্য মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন।

    এর কিছুক্ষণ পর ভবনের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতের দেখা গেছে।

  8. গণভবনের পর প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

    ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে মিজ হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা।

    সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ।

    এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

  9. শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

    ''আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।''

    সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টেরিম গভর্মেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করবো।''

    তিনি বলেন, ''আমরা সব রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা সুতরাং একটা আলোচনা করেছি।''

    সোমবার রাতের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে তিনি জানান।

    তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

    সেনাবাহিনী ও পুলিশকে গোলাগুলি না করার জন্য আদেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

    আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ''আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন। মারামারি করে আমরা আর কিছু পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ থেকে বিরত হন। প্রতিটা অন্যায়ের বিচার হবে।''

    আলোচনায় কারা কারা ছিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের আমির, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিরা এখানে ছিলেন।

    তবে সেখানে আওয়ামী লীগের কোন প্রতিনিধি ছিলেন না বলে তিনি জানিয়েছেন।

  10. গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা

    গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে বেলা তিনটার দিকে তারা গণভনে ঢুকে পড়েন।

    এর আগেই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগে আন্দোলনকারীদের উল্লাসে ফেটে পড়তে দেখা গেছে।

    অনেকেই গণভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করেছেন। চেয়ার-টেবিলসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে বের হতেও দেখা গেছে বেশ কয়েকজনকে।

    আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে।

    এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কিছুক্ষণের মধ্যেই সেনা প্রধান জাতির উদ্দেশে ভাষণ দিবেন বলে জানা যাচ্ছে।

  11. পদত্যাগ করে সপরিবারে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

    বিবিসি জানতে পেরেছে, তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

    প্রাথমিকভাবে তার ভারতের আগরতলায় যাওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানতে পেরেছে। তবে শেষ পর্যন্ত তাকে বহনকারী হেলিকপ্টারটির চূড়ান্ত গন্তব্য জানা যায়নি।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে বলেছে, ''তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চের্য়েছিলেন, তবে তাকে সেই সুযোগ দেয়া হয়নি।''

    রয়টার্স জানিয়েছে, সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

  12. এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে দিবেন না - সজীব ওয়াজেদ জয়

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে, দেশে এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার না আসতে পারে।

    এক ঘন্টা আগে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এখন (সবার) দাবি সরকারের পতন। সরকারের পতন হওয়ার পর কী হবে? এটা কেউ ভেবেছে?

    সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন যদি সরকার পতনের দাবি মেনে নিই। তখন কী হবে? তারা এই সরকারের অধীনে নির্বাচন মানবে না।

    তিনি লিখেছেন, ''আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারতো? ঠিক আছে। শেখ হাসিনার পর আপনাদের কী হবে, সেটা আমার চিন্তার বিষয় না। এভাবে সহিংসতা করে ক্ষমতা দখল করা যাবে না। সন্ত্রাস মোকাবেলা শুধু একভাবে করা যায়। এখন আর এটি সহ্য করা যাবে না।''

    তিনি আরো লিখেছেন, ''আহ্বান, আপনাদের দায়িত্ব দেশের মানুষকে নিরাপদ রাখা। সংবিধানকে রক্ষা করা। তার মানে এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে দিবেন না।''

  13. চানখারপুলে পুলিশের সংঘর্ষে অনেকে আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

    রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিবিসি বাংলাকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চানখারপুল মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা।

    এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ তখন টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।

    এতে একপর্যায়ে চানখারপুল মোড় ছেড়ে আন্দোলনকারীরা শহীদ মিনার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নেন।

    এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

  14. দেশের সব নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের আলোচনা চলছে

    বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

    আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

    আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে।

    ফলে বেলা তিনটায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ আরো কিছুটা পেছাতে পারে বলে তিনি জানিয়েছেন।

  15. ঢাকার পথে পথে হাজার হাজার মানুষ

    ঢাকার মহাখালীর নাবিস্কো এলাকা থেকে বিবিসি সংবাদদাতা নাগিব বাহার জানাচ্ছেন, উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেটে, রিক্সায় করে শাহবাগের দিকে এগোচ্ছেন। তাদের মধ্যে অসংখ্য নারীও রয়েছেন।

    অন্যদিকে মিরপুর এলাকা থেকে বিবিসি সংবাদদাতা জান্নাতুল তানভী জানিয়েছেন, সেখানেও হাজার হাজার মানুষ হেঁটে, রিক্সা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।

    সেনাবাহিনীর সদস্যরা তাদের কোন বাধা দিচ্ছে না।

    ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না।

    এর আগে ঢাকার শাহবাগ এলাকা থেকে বিবিসির সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, শাহবাগে দুপুর একটা থেকে বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন।

    ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন।

  16. সেনা প্রধানের ভাষণের সময় পিছিয়েছে

    দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সময় দুপুর দুইটায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের।

    তার পরিবর্তে এখন দুপুর তিনটায় সে ভাষণের সময় নির্ধারণ করা হয়েছে।

    এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, সেনাপ্রধান দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

    সে সময় পর্যন্ত সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

    এর আগে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আবার চালু করা হয়।

    তবে, সোমবার সকাল পর্যন্ত ধীরগতিতে চললেও সকাল সাড়ে ১০টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল ব্রডব্যান্ড সেবা।

    এর আগে রবিবার মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

    শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবির পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠে।

  17. সিরাজগঞ্জে হতাহত পুলিশ সদস্যদের উদ্ধার, রোববারের সহিংসতায় নিহত ২৪

    সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনায় যে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে মারা হয়েছিল আজ তাদের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে। এদিকে, চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

    রোববারের সহিংসতায় সিরাজগঞ্জ জেলায় এখন পর্যন্ত ২৫ জন নিহতের খবর পাওয়া যাচ্ছে। পুলিশ সদর দপ্তর ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায়।

    তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও যোগ দেন। পরে তারা একে একে পুলিশের মরদেহগুলো বের করে আনেন। এর মধ্যে, কিছু মরদেহ স্তুপ করে রাখা ছিল। কিছু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনটি মরদেহ পাওয়া গেছে পুকুরে এবং একজনকে পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে।

    সেনাসদস্যরা লাশগুলো উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, “দুপুরে আন্দোলনকারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে ওসি তাদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেন। পরে তারা বিরাট সংখ্যায় এসে থানা ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।”

    এসময় পুলিশ আত্মরক্ষার্থে ছাদে উঠে এবং বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়ে মারে।”

    থানার ভেতর থেকে ১৩ পুলিশের লাশ উদ্ধারের পাশাপাশি আরো ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করার কথা জানায় পুলিশ।

    এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক সাংবাদিকসহ ছয় জন নিহতের খবর পাওয়া গিয়েছে।

    আন্দোলনকারীরা সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরির বাসা থেকে দুজনের কঙ্কাল উদ্ধার করা হয়।

    জানা গিয়েছে, রোববার দুপুরের দিকে আন্দোলনকারীরা তার বাসায় হামলা করে। এ সময় ভেতরে থাকা নেতাকর্মীরা দ্রুত বেরিয়ে যান।

    এর কিছুক্ষণ পর আন্দোলনকারীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। রাতে ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর ভেতর থেকে দুজনের সম্পূর্ণ পোড়া দেহ বা কঙ্কাল উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে বাইরে হামলা ও অগ্নি সংযোগের সময় তারা ভেতরে আশ্রয় নিয়েছিলেন।

    এছাড়া, সিরাজগঞ্জ সদরে সহিংসতায় একজন যুবদল ও একজন ছাত্রদল কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম।

  18. উত্তরায় আন্দোলনকারীদের বিক্ষোভ যেভাবে সেনা ব্যারিকেড সরিয়ে সামনে এগুলো

    ঢাকার উত্তরায় বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা আশেপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকে। এসময় উত্তরা আজমপুর মূল সড়কে তারকাঁটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনাসদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য মাইকে আহ্বান জানায়।

    প্রায় আধাঘণ্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর একপর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসে। এসময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

    তবে আন্দোলনকারীরা সেনা ব্যারিকেডের দিকে এগুতে থাকে।

    এ সময় আন্দোলনকারীরা সেনা সদস্যদের ব্যারিকেড তুলে নেয়ার আহ্বান জানায়। তাদের অনেককেই দেখা যায় হাতজোড় করে সেনাসদস্যদের সরে যাওয়ার অনুরোধ করতে। কেউ কেউ সেনাসদস্যদের পা জড়িয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার অনুরোধ করতে থাকেন।

    বেশ কিছুক্ষণ শ্লোগান চলার পর সেনাসদস্যরা রাস্তা থেকে সরে যায়। পরে উত্তরা আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে কয়েকহাজার বিক্ষোভকারী মিছিল করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো বাধা দেয়া হয়নি।

    ধীরে ধীরে আন্দোলনকারীদের সঙ্গে একের পর এক মিছিল যোগ দিতে থাকলে তারা বিমানবন্দরের দিকে এগুতে থাকেন।

    দুপুর একটার দিকে হাজার হাজার বিক্ষোভাকারীদের মিছিল শ্যাওড়া হয়ে বনানীর দিকে এগুতে দেখা যায়।

    সড়কের বিভিন্ন স্থানে পুলিশ এবং সেনা মোতায়েন থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।

  19. শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি অনুযায়ী, ঢাকার শাহবাগ অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দুপুর একটার দিকে তারা শাহবাগে আসতে শুরু করেন।

    ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকাল ১১টায় সমবেত হওয়ার কথা থাকলেও দুপুরের আগে শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের কাউকে দেখা যায়নি।

    আশেপাশের এলাকা ও সড়কগুলোতে ব্যারিকেডের পাশাপাশি সেনা সদস্য ও পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো।

    তবে বেলা একটার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে থাকেন আন্দোলনকারীরা।

    এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাঁধা দিলেও সেটি উপেক্ষা করে শাহবাগে অবস্থান নেন তারা।

    কয়েক হাজার মানুষ সেখানে অবস্থান নিয়ে সরকার পতনের একদফা আদায়ে স্লোগান দিচ্ছেন।

    আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেলেও, এখনও সহিংসতার কোনও ঘটনা ঘটেনি।

    এছাড়া উত্তরা, রামপুরাসহ ঢাকার আরও কয়েকটি এলাকা থেকে বেশ কয়েক হাজার আন্দোলনকারী শাহবাগের উদ্দেশে ঢাকা রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা।

  20. বসুন্ধরা আবাসিক এলাকার সংঘর্ষে নিহত তিনজন

    বসুন্ধরা আবাসিক এলাকার মেইন গেটে হওয়া সংঘর্ষে তিনজন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

    এভারকেয়ার হাসপাতালের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, দুপুরে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

    এছাড়া ৫০ জনের বেশি মানুষ আহত অবস্থায় চিকিৎসা নিতে এসেছেন।

    এদের মধ্যে চার থেকে পাঁচজন গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।