রোববার সারাদিন যা যা হয়েছে
- রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে মঙ্গলবার ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে। এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।
- ইরানে গুলিতে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু'কে গত দু'দিন খুঁজে পাওয়া যাচ্ছিলো না, তাকে উদ্ধার করা হয়েছে বলে রোববার জানিয়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া মার্কিন ক্রু 'নিরাপদ ও সুস্থ' আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার গুলিতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় যুদ্ধবিমানটি ভূপাতিত হয়।
- ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানের মার্কিন বাহিনীর একটি সি-১৩০ পরিবহন বিমান ও দুটি ‘ব্ল্যাক হক’ হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত নিখোঁজ বিমানের পাইলটদের উদ্ধারের সময়ই এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছে।
- সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার একটি বিশেষ অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান।
- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই। তিনি বলেন, বিদ্যমান সব চুক্তিই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
- গত ১৫ই মার্চ থেকে ২২দিনে সারাদেশে হাম ও হাম সন্দেহে ১১৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারেরও বেশি শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হলে পরে সেটি কণ্ঠভোটে বিলটি পাস হয়।
- জ্বালানি সাশ্রয়ে সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
- বাংলা নববর্ষে এবার যে শোভাযাত্রা হবে সেটি নাম আনন্দ বা মঙ্গল শোভাযাত্রা থাকছে না। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।