যুদ্ধবিরতির বাকি সময় হরমুজ প্রণালি 'উন্মুক্ত রাখার' ঘোষণা ইরানের, তবে যুক্তরাষ্ট্রের 'নৌ অবরোধ থাকবে' জানালেন ট্রাম্প

চলমান যুদ্ধবিরতির বাকি সময়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর জন্য ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, হেজবুল্লাহর নেতারা বিবিসিকে বলেছেন, তারা ‘কখনোই নিরস্ত্র হবেন না’। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. শুক্রবার সারাদিন যা যা হলো

    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালিকে "সম্পূর্ণ উন্মুক্ত" ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না।
    • ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি “পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত” কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে।
    • ট্রুথ সোশালে আরেকটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, “ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না”।
    • হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই একজন "জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার" বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে, এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে। বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে।
    • যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরান সরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
    • ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছিল, সেটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে।
    • হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
    • ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য "সম্পূর্ণ উন্মুক্ত" করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে, ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা গেছে শেয়ারবাজারে।
    • দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় ২০২৫ সাল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর ছিল বলে জানিয়েছে ইউএনএইচসিআর। গত বছর প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।
    • বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. হরমুজ বিষয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পোস্টে ইরানি গণমাধ্যমের প্রতিক্রিয়া, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    হরমুজ প্রণালি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে ইংরেজিতে যে পোস্টটি দিয়েছেন, তা নিয়ে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম প্রতিক্রিয়া জানিয়েছে।

    পোস্টে আরাঘচি লেখেন, “লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বন্দর ও নৌপরিবহন সংস্থা আগেই যে সমন্বিত রুট ঘোষণা করেছে, সে অনুযায়ী যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো”।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বেশি গুরুত্ব দিয়েছে “সমন্বিত রুট” বিষয়টিতে এবং প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য “সম্পূর্ণভাবে উন্মুক্ত”—এই অংশটি মূলত উপেক্ষা করেছে।

    ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)এর সঙ্গে সম্পৃক্ত তাসনিম নিউজ এজেন্সি পোস্টটিকে “খারাপ ও অসম্পূর্ণ” বলে উল্লেখ করেছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকলে এ ধরনের চলাচলকে “অকার্যকর” বলে বিবেচনা করা হবে।

    তাসনিম আরও বলেছে, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজেরই এ ধরনের যোগাযোগের পদ্ধতি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত”।

    আইআরজিসির আধাসামরিক বাসিজ ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) ইরানি কর্তৃপক্ষের কাছে “ব্যাখ্যা” চেয়েছে, যাতে এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের “বিজয়” হিসেবে যে “বর্ণনা” সামনে আসছে, তা “চ্যালেঞ্জ করা ও ভেঙে দেওয়া” যায়।

    আইআরজিসি-ঘনিষ্ঠ আরেকটি সংস্থা, ফার্স নিউজ এজেন্সিও কর্তৃপক্ষের প্রতি বিষয়টি “পরিষ্কার করার” আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, এক্সে দেওয়া “সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ বক্তব্য” ইরানের “ভেতরের জনমতকে” বোঝাতে উপযুক্ত নয়।

    ফার্সের দাবি, ইরানিরা “কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে শত্রুপক্ষের বর্ণনা ও শত্রুতাপূর্ণ গণমাধ্যমকে এই বর্ণনার শূন্যতা পূরণ করতে দেওয়া না হয়”।

  3. আইআরজিসির অনুমতি নিয়েই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চালাতে হবে- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন, ঘোনচে হাবিবিয়াজাদ, সিনিয়র রিপোর্টার, বিবিসি ফার্সি

    বাণিজ্যিক জাহাজ চলাচলে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে

    ছবির উৎস, Telewebion/IRINN

    ছবির ক্যাপশান, বাণিজ্যিক জাহাজ চলাচলে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে বলে জানানো হয়েছে খবরে

    হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শর্তারোপের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

    এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছিলেন যে, যুদ্ধবিরতির বাকি সময়টুকু সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি "সম্পূর্ণ উন্মুক্ত" থাকবে।

    তবে এর পরপরই একজন "জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার" বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায় যে, এই যাতায়াত ব্যবস্থা কিছু নির্দিষ্ট বিধিনিষেধের অধীনে থাকবে।

    বাণিজ্যিক জাহাজগুলো চলাচলের ক্ষেত্রে আইআরজিসি এর নৌ-শাখার অনুমতি নিতে হবে।

    ইরান সরকারের 'পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন' কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট রুট বা পথ ব্যবহার করেই কেবল যাতায়াত করা যাবে।

    বাণিজ্যিক জাহাজের জন্য পথ খুলে দেওয়া হলেও, হরমুজ প্রণালি দিয়ে যেকোনো দেশের সামরিক জাহাজ চলাচল আগের মতোই "কঠোরভাবে নিষিদ্ধ" থাকবে বলেও জানানো হয়েছে।

  4. ইরানে ইন্টারনেটের বিধিনিষেধ শিথিল হওয়ার খবর

    যোগাযোগ ব্যবস্থার ওপর আরোপিত বিধিনিষেধ ইরানসরকার শিথিল করতে শুরু করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

    এসব খবরের বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানায়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম আবার ল্যান্ডলাইন ফোনে আন্তর্জাতিক কল করার সুযোগ পাওয়া গেছে।

    প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ইন্টারনেট সেবাও আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এবং প্রায় ৫০ দিনের বন্ধের পর গুগলের সেবাগুলো আবার ব্যবহার করা যাচ্ছে।

    তবে সেবাগুলো এখনো ঝামেলাহীন নয় এবং মোবাইল ফোন কল এখনো বন্ধ রয়েছে।

    ফেব্রুয়ারির ২৮ তারিখে হামলা শুরু হওয়ার পর ইরানি সরকার ইন্টারনেটের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করে। সে সময় শুধু তথাকথিত “জাতীয় ইন্টারনেট” ব্যবহারের অনুমতি দেওয়া হয়, যা রাষ্ট্র-অনুমোদিত সাইটে সীমাবদ্ধ।

    তবে সামরিক বাহিনী ও কিছু সরকারি সংস্থার সীমিত সংখ্যক প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল।

    তেহরান কর্তৃপক্ষ এসব পদক্ষেপের পেছনে নিরাপত্তার যুক্তি দেখালেও, পর্যবেক্ষকদের অনেকের ধারণা—এর উদ্দেশ্য ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশের ভেতরে যুদ্ধের প্রভাব ও পরিণতি সংক্রান্ত তথ্যের বিস্তার সীমিত করা।

  5. 'সম্পূর্ণ নিরাপদ' না হলে হরমুজ প্রণালি ব্যবহার করবে না শিপিং কোম্পানিগুলো, অলিভার স্মিথ, সিনিয়র বিজনেস প্রডিউসার, বিবিসি

    হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালিকে "সম্পূর্ণ উন্মুক্ত" ঘোষণা করলেও পারস্য উপসাগরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো এই মুহূর্তে এই পথ পাড়ি দিতে খুব একটা তাড়াহুড়ো দেখাচ্ছে না।

    প্রাথমিক বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে, শিপিং কোম্পানিগুলো এখনো নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একটি তেল ও গ্যাস ট্যাংকার অপারেটর বিবিসিকে জানিয়েছে, ইরানের এই বিবৃতিতে আপাতত তাদের অবস্থানে "কোনো পরিবর্তন আসেনি"।

    প্রতিষ্ঠানটি বলেছে, "আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। আমাদের কোম্পানির সিদ্ধান্ত হলো- আমরাই সবার আগে এই প্রণালি দিয়ে যাওয়ার ঝুঁকি নেব না"।

    অন্যদিকে, এই অঞ্চলে তেল ট্যাংকার পরিচালনাকারী অন্যতম বড় প্রতিষ্ঠান স্টেনা বাল্ক জানিয়েছে যে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

    প্রতিষ্ঠানটি বলেছে, "আমাদের ক্রু এবং জাহাজের নিরাপত্তাই রুট নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয়। যতক্ষণ পর্যন্ত আমরা এটি চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত না হতে পারছি, ততক্ষণ আমরা এই প্রণালি দিয়ে যাতায়াত করব না"।

  6. ভারতের সংসদে পাশ হলো না নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব

    ভারতের লোকসভার অধিবেশনে বসে আছেন নরেন্দ্র মোদিসহ এমপিরা

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, বিজেপি নেতৃত্বাধীন সরকার এই বিলটি তুলেছিল

    ভারতের সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার প্রস্তাব দিয়ে কেন্দ্রীয় সরকার যে বিল এনেছিল, সেটি সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভোটাভুটিতে হেরে গেছে।

    ওই প্রস্তাবের সঙ্গেই ছিল লোকসভার বর্তমান সদস্য সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাবটিও।

    নারীদের জন্য আসন সংরক্ষণের সঙ্গেই বিজেপি সরকার প্রস্তাব করেছিল যাতে লোকসভার আসন পুনর্বিন্যাস করা হয় ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে এবং ছিল কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও।

    নারীদের জন্য আসন সংরক্ষণের বিলটি ভোটে হেরে যাওয়ায় বাকি দুটি বিল নিয়ে আর এগোনো হবে না বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

    বিরোধী সংসদ সদস্যরা বলেছিলেন, তারা নারীদের জন্য আসন সংরক্ষণের বিরোধিতা করেন না। কিন্তু এই বিলটিকে ডিলিমিটেশন, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত করা সমর্থন করবেন না তারা।

    বিরোধী দলগুলোর অভিযোগ ছিল যে লোকসভার আসন সংখ্যা ৮৫০ করার প্রস্তাবের সঙ্গেই ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণের বিলটি জুড়ে দিয়ে বিজেপি নিজেদের গড় এলাকা বলে পরিচিত উত্তর ভারতের রাজ্যগুলোর আসন বাড়িয়ে নিতে চেষ্টা করছে।

    ভোটাভুটিতে পাশ হলো না বিলটি

    ছবির উৎস, Sansad TV

    ছবির ক্যাপশান, ভোটাভুটিতে পাশ হলো না বিলটি
  7. হরমুজ প্রণালি নিরাপদ করতে আন্তর্জাতিক মিশনের ঘোষণা স্টারমারের

    ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার
    ছবির ক্যাপশান, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার

    ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানালেও এই সমস্যার একটি ‘দীর্ঘমেয়াদী ও কার্যকর’ সমাধানের ওপর জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

    হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি আন্তর্জাতিক মিশনে নেতৃত্ব দেবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

    স্টারমার বলেছেন, বিশ্বনেতারা একজোট হয়ে এই বার্তাই দিচ্ছেন যে- হরমুজ প্রণালি অবশ্যই কোনো ধরনের অতিরিক্ত শুল্ক বা বিধিনিষেধ ছাড়াই উন্মুক্ত রাখতে হবে।

    বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা সামাল দিতে পরিবেশ অনুকূলে আসার সাথে সাথেই বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার আহ্বান জানান তিনি।

    নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষার ঘোষণা দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ব্রিটেন ও ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক মিশন শুরু হবে"।

    “এই মিশনটি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আত্মরক্ষামূলক,” বলেন তিনি।

    এর রূপরেখা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে লন্ডনে একটি বিশেষ পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হবে। স্টারমার জানান, ইতোমধ্যে অন্তত ১২টি দেশ এই মিশনে সামরিক সরঞ্জাম ও সম্পদ দিয়ে সহায়তা করতে সম্মত হয়েছে।

    বক্তব্যের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, সাধারণ মানুষ এখন সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা ফিরে আসা দেখতে চায়।

  8. ইরান আর কখনো হরমুজ প্রণালি বন্ধ না করতে রাজি, দাবি ট্রাম্পের

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে ধারাবাহিক কয়েকটি পোস্টে আজকের দিনটিকে বিশ্বের জন্য একটি “মহান ও উজ্জ্বল দিন” হিসেবে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প।

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকেও তাদের “সাহসিকতার” জন্য কৃতজ্ঞতা জানান।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লেখেন, “ইরান সম্মত হয়েছে যে তারা আর কখনো হরমুজ প্রণালি বন্ধ করবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না”।

    তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান পারস্য উপসাগরে পুঁতে রাখা মাইন অপসারণ করেছে বা অপসারণের প্রক্রিয়ায় রয়েছে।

    ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।

    তিনি আবারও নেটোর সমালোচনা করে একে “কাগুজে বাঘ” বলে উল্লেখ করেন এবং বলেন, এখন হরমুজ প্রণালি খুলে যাওয়ায় তারা সহায়তা দিতে প্রস্তুত। তবেএখন সহায়তা চান না তিনি।

    এ বিষয়ে এখনো ইরান কোনো প্রতিক্রিয়া জানায়নি।

  9. ইরানের ‘পারমাণবিক ধূলিকণা যুক্তরাষ্ট্র ফিরিয়ে নেবে’- ট্রাম্পের পোস্ট

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশাল অ্যাকাউন্টে লিখেছেন, “আমাদের মহান বি-২ বোমারু বিমানের মাধ্যমে সৃষ্ট সব পারমাণবিক 'ধূলিকণা' যুক্তরাষ্ট্র ফিরিয়ে নেবে এবং কোনোভাবেই কোনো অর্থের লেনদেন হবে না”।

    “এই চুক্তিতে কোনোভাবেই লেবানন অন্তর্ভুক্ত নয়, তবে যুক্তরাষ্ট্র আলাদাভাবে লেবাননের সঙ্গে কাজ করবে এবং হেজবুল্লাহ ইস্যু যথাযথভাবে মোকাবিলা করবে। ইসরায়েল আর লেবাননে বোমাবর্ষণ করবে না। যুক্তরাষ্ট্র তাদের তা করতে নিষেধ করেছে”।

    এই বার্তাটি প্রকাশের কয়েক মিনিট আগে ট্রাম্প হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান।

    যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস আজ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরান তিন পাতার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছে। আলোচনাধীন শর্তগুলোর একটি হলো—সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরের বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ থাকা ২০ বিলিয়ন (দুই হাজার কোটি) ডলার সম্পদ মুক্ত করবে।

  10. হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য সামরিক সহায়তায় আগ্রহী জার্মান চ্যান্সেলর

    জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ
    ছবির ক্যাপশান, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দেশগুলোকে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

    সংবাদ সম্মেলনে তিনি হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা রক্ষায় জার্মানির পক্ষ থেকে সামরিক সহায়তারও প্রস্তাব দেন।

    মের্জ বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে "কূটনৈতিক সমঝোতা" অর্জনে চলমান প্রচেষ্টা জোরদার করা সংশ্লিষ্ট সব পক্ষের জন্যই জরুরি।

    পাশাপাশি, হেজবুল্লাহ ও ইসরায়েলের সামনেও দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনে একটি "ঐতিহাসিক সুযোগ" তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    সম্প্রতি ইরান হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, তাকে "সুসংবাদ" হিসেবে স্বাগত জানালেও মের্জের দাবি- এটি হতে হবে স্থায়ী, নিরাপদ এবং সম্পূর্ণ "শুল্কমুক্ত"।

    হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহযোগিতা ও মাইন অপসারণের মতো কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেন তিনি।

    যদিও তিনি উল্লেখ করেন যে, এই ধরনের পরিকল্পনার জন্য অবশ্যই জাতিসংঘ এবং জার্মান পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া এই মিশনে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বিশেষভাবে "বাঞ্ছনীয়" বলেও তিনি মনে করেন।

  11. হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণায় তেলের দরপতন, ঊর্ধ্বগতি শেয়ারবাজারে

    দেড় মাসেরও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দেড় মাসেরও বেশি সময় ধরে কার্যত অবরুদ্ধ রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি

    ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য "সম্পূর্ণ উন্মুক্ত" করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে। অথচ দিনের শুরুতেও এর দাম ছিল ৯৮ ডলারের উপরে।

    একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত 'নাইমেক্স লাইট সুইট ক্রুড' এর দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

    উল্লেখ্য, সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে। গত মার্চ মাসের শুরুতে এটি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষের দিকে সর্বোচ্চ ১১৯ ডলারে গিয়ে ঠেকেছিল।

    এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।

    প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স- উভয় বাজারের সূচকই দুই শতাংশের বেশি বেড়েছে। লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে।

    এছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের ডাও জোনস সূচক এক দশমিক তিন শতাংশ এবং এসঅ্যান্ডপি শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে।

  12. হরমুজ প্রণালি বন্ধের প্রভাব ‘পুরো পৃথিবীতে’ পড়েছে: ম্যাক্রঁ

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় “পুরো পৃথিবী এবং বৈশ্বিক অর্থনীতির ওপর অত্যন্ত গুরুতর প্রভাব” পড়েছে।

    এমানুয়েল ম্যাক্রোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আজ প্রায় ৪০টি দেশের একটি ভার্চুয়াল বৈঠকের সভাপতিত্ব করেছেন। এরপরই সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।

    ম্যাক্রঁ সাম্প্রতিক কয়েকটি ঘোষণাকে স্বাগত জানান। এর মধ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতিযেটিকে “পুরোপুরি মানতে হবে” বলে তিনি উল্লেখকরে এবং হরমুজপ্রণালি পুনরায় খুলে দেওয়া।

    “কূটনীতি আমাদের এগিয়ে নিচ্ছে,” বলেন ম্যাক্রোঁ।

    তিনি জানান, আজ যেসব দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন, তারা সব পক্ষের কাছ থেকে “হরমুজ প্রণালি অবিলম্বে, নিঃশর্ত ও পূর্ণমাত্রায় পুনরায় খুলে দেওয়ার” দাবি জানিয়েছেন।

    একই সঙ্গে তারা “যুদ্ধের আগে যে মুক্ত নৌ চলাচলের ব্যবস্থা ছিল, তা পুনঃপ্রতিষ্ঠার” দাবি করেন। ম্যাক্রোঁ বলেন, এই দেশগুলো প্রণালিকে নিয়ন্ত্রণে নেওয়ার যেকোনো চেষ্টা এবং যেকোনো ধরনের টোল ব্যবস্থা আরোপের বিরোধিতা করে।

  13. হরমুজ প্রণালি ব্যবসার জন্য পুরোপুরি উন্মুক্ত, তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকবে: ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ট্রুথ সোশালে নতুন করে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি “পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত”।

    এরপর তিনি লেখেন:

    “কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে—এবং তা চলবে যতক্ষণ না ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে”।

    “এই প্রক্রিয়াটি খুব দ্রুত এগোনোর কথা, কারণ বেশিরভাগ বিষয় আগেই আলোচনার মাধ্যমে ঠিক হয়ে গেছে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।”

  14. হরমুজ প্রণালি উন্মুক্ত ঘোষণা করায় ইরানকে ট্রাম্পের ‘ধন্যবাদ’

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ঘোষণা আসতেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে স্বাগত জানান।

    ট্রাম্প তার পোস্টে লিখেছেন, "ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের প্রণালি (হরমুজ প্রণালি) এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!"

    এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছিলেন যে, চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে।

  15. যুদ্ধবিরতির বাকি সময়টুকু হরমুজ প্রণালি 'উন্মুক্ত' রাখার ঘোষণা ইরানের

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছেন যে, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য 'সম্পূর্ণ উন্মুক্ত থাকবে'।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মি. আরাঘচি বলেন, “লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।"

    “ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্বঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে,” জানান তিনি।

    ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রও।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২২শে এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

  16. সমুদ্র পাড়ি দিতে গিয়ে এক বছরে ৯০০ জন রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: ইউএনএইচসিআর

    আন্দামান সাগর পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে মালয়েশিয়া বা থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন অনেকে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আন্দামান সাগর পাড়ি দিয়ে প্রতি বছর অবৈধভাবে মালয়েশিয়া বা থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন অনেকে (ফাইল ছবি)

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সমুদ্রপথে শরণার্থী ও অভিবাসীদের যাত্রায় ২০২৫ সাল ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বছর।

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত বছর আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ জন রোহিঙ্গা শরণার্থী মৃত্যু বা নিখোঁজের শিকার হয়েছেন।

    ইউএনএইচসিআর-এর তথ্য মতে, ২০২৫ সালে ছয় হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে প্রতি সাত জনের মধ্যে এক জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।

    এটি বিশ্বে শরণার্থী ও অভিবাসীদের সমুদ্রযাত্রার যেকোনো প্রধান রুটের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বলে দাবি ইউএনএইচসিআর এর।

    সংস্থাটি বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্র পাড়ি দেওয়া এই শরণার্থীদের অর্ধেকের বেশি নারী ও শিশু। ২০২৬ সালেও এই ভয়াবহ ধারা অব্যাহত রয়েছে।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে ১৩ই এপ্রিলের মধ্যে দুই হাজার ৮০০ জনের বেশি রোহিঙ্গা আবারও উত্তাল সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়েছেন।

    সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবে আনুমানিক ২৫০ জন নিখোঁজ হন। যে ঘটনায় মাত্র নয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

  17. হেজবুল্লাহ ‘কখনোই অস্ত্র ছাড়বে না’—বিবিসিকে শীর্ষ নেতা, নাওয়াল আল-মাঘাফি, সিনিয়র আন্তর্জাতিক সংবাদদাতা

    হেজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা
    ছবির ক্যাপশান, হেজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা

    লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে, হেজবুল্লাহর শীর্ষ নেতা ওয়াফিক সাফা বিবিসিকে বলেছেন, এই গোষ্ঠীটি “কখনোই, কোনো পরিস্থিতিতেই” অস্ত্র ত্যাগ করবে না।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবানন সরকারের সঙ্গে ভবিষ্যৎ আলোচনায় হেজবুল্লাহকে নিরস্ত্রীকরণ একটি মৌলিক দাবি।

    নিরস্ত্রীকরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাফা বলেন, “যথাযথ, একটি প্রকৃত যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত নয়। ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নয়। বন্দিদের মুক্তির আগে নয়, বাস্তুচ্যুত মানুষের ফেরার আগে নয় এবং পুনর্গঠন শুরুর আগে নয়। এর আগে হেজবুল্লাহর অস্ত্র নিয়ে কথা বলা সম্ভব নয়।”

    বৈরুতের একটি আবাসিক ভবনে নেওয়া এই সাক্ষাৎকারে হেজবুল্লাহ ও তাদের প্রধান আঞ্চলিক পৃষ্ঠপোষক ইরানের মধ্যে সমন্বয়ের একটি বিরল চিত্র উঠে এসেছে।

    সাফা বলেন, “হেজবুল্লাহ ও ইরান—এক দেহে দুই আত্মা। ইরান ছাড়া কোনো হেজবুল্লাহ নেই, আর হেজবুল্লাহ ছাড়া কোনো ইরান নেই।”

    সম্পর্কটিকে তিনি বর্ণনা করেন, “ধর্মীয়, আইনি ও আদর্শিক” হিসেবে।

    শিয়া মুসলিম রাজনৈতিক ও সামরিক সংগঠন হেজবুল্লাহ ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকার করে না এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েলসহ বহু দেশের কাছে এটি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত।

    গত মার্চের শুরুতে ইসরায়েলের ভূখণ্ডে রকেট ছুড়ে সাম্প্রতিক সংঘাতে যুক্ত হয় হেজবুল্লাহ।

    তাদের দাবি, এটি ছিল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ এবং ২০২৪ সালের নভেম্বরের সর্বশেষ যুদ্ধের পর থেকে লেবাননে প্রায় প্রতিদিন চালানো ইসরায়েলি হামলার জবাব।

    এর জেরে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায় এবং দক্ষিণ লেবাননে আরেকটি স্থল অভিযানে নামে। ইসরায়েল জানায়, হেজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

    লেবাননের স্বার্থ না ইরানের স্বার্থ—কোনটি হিজবুল্লাহ অগ্রাধিকার দিচ্ছে, এমন প্রশ্নে সাফা বলেন, “নিশ্চয়ই হেজবুল্লাহ লেবাননের স্বার্থের দিকেই তাকিয়ে আছে।”

    তার যুক্তি, যুদ্ধবিরতির জন্য চাপসহ ইরানি সমর্থন বর্তমান সংঘাতে লেবাননকে সহায়তা করেছে। তবে অনেক লেবাননি—যাদের সঙ্গে সাম্প্রতিক প্রতিবেদনের সময় বিবিসি কথা বলেছে তাদের মধ্যে কেউ কেউ—বলছেন, তারা হেজবুল্লাহকে নিরস্ত্র দেখতে চান এবং দেশকে সংঘাতে ঠেলে দেওয়ার জন্য গোষ্ঠীটিকেই দায়ী করছেন।

    হেজবুল্লাহ যখন নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানিয়ে আরও বিস্তৃত শর্তে অনড়, আর ইসরায়েল যখন তার নিরাপত্তা সংক্রান্ত দাবিতে অটল, তখন যেকোনো যুদ্ধবিরতিই হয়তো দীর্ঘস্থায়ী এক সংঘাতের কেবল সাময়িক বিরতি হয়ে থাকতে পারে।

  18. বাংলাদেশে পরিশোধিত জ্বালানির মজুদ ‘ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে’- দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর

    বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    ছবির উৎস, SCREEN GRAB

    ছবির ক্যাপশান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি পরিশোধিত জ্বালানি এই মুহূর্তে মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল পরিদর্শন শেষে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে "জ্বালানির কোনো ধরনের ঘাটতি নেই" এবং সরকার সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

    এপ্রিল এবং মে মাসের যে অভ্যন্তরীণ চাহিদা, তার বিপরীতে পর্যাপ্ত জ্বালানি তেল ইতিমধ্যেই মজুদ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    মি. অমিত বলেন, “এপ্রিল এবং মে মাসের জ্বালানি চাহিদা পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। এখন আমরা মূলত জুন মাসের সম্ভাব্য চাহিদা মেটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি।”

    জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সরকার এখন একক কোনো উৎসের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানির ওপর জোর দিচ্ছে বলেও জানান তিনি।

    ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন বন্ধ হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “সাময়িকভাবে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি (উৎপাদন সক্ষমতা) কিছুটা কম্প্রোমাইজড হয়েছে।” তবে এর জন্য জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না বলেও দাবি করেন তিনি।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন।
    • মি. ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। এদিকে, লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
    • হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
    • ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ইসরায়েল ইরানের ওপর "আরও ভয়াবহ" হামলা চালাবে বলে সতর্ক করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
    • ইরান সরকারকে ‘বিচক্ষণতার সাথে সঠিক পথ’ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। চলমান যুদ্ধ ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পেন্টাগনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।
    • ইরানের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাগের কালিবাফ। এ সময় তিনি বলেন, তেহরানের কাছে “ইরানে যুদ্ধবিরতির” সমান গুরুত্ব বহন করে “লেবাননে যুদ্ধবিরতি”।
    • যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি।
    • ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যে লক্ষ লক্ষ মানুষের নাম কাটা গেছে, তাদের ভোটাধিকার ফেরত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া বুধবারের এক রায়ে।
    • পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বৃহস্পতিবার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
    • দক্ষিণ লেবাননের বিনত জুবাইল এলাকায় বুধবার হেজবুল্লাহর প্রায় ৭০টি স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
    • যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
    • বিশ্বের সকল দেশে তেল–ডিজেলের দাম বাড়ানো হলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় জোট গণমিছিল, সভা-সমাবেশ, সেমিনারসহ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে